'লিটল মাস্টার কখন যাবে, আমরা বলার কে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভিভিয়ান আলেকজান্ডার রিচার্ডস
ভিভিয়ান আলেকজান্ডার রিচার্ডস

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান, আক্রমণাত্মক ব্যাটিংয়ের প্রতীক আইজাক ভিভিয়ান আলেকজান্ডার রিচার্ডস। সাবেক এই ক্যারিবীয় ‘মাস্টার ব্লাস্টার’ এখন আইপিএলের দল দিল্লি ডেয়ারডেভিলসের উপদেষ্টা। রিচার্ডস সম্প্রতি ভারতের একটি দৈনিককে দিয়েছেন বিশাল এক সাক্ষাৎকার। সেখানেই অকপটে খুলে বলেছেন নিজের সম্পর্কে, মতামত দিয়েছেন ক্রিকেট ও ক্রিকেটের বাইরের নানা বিষয় নিয়ে।

l যখনই সর্বকালের সেরা দল নিয়ে কথা ওঠে, সবাই তিনটি দলের কথাই বলে—ব্র্যাডম্যানের অস্ট্রেলিয়া, স্টিভ ওয়াহর অস্ট্রেলিয়া ও ক্লাইভ লয়েডের ওয়েস্ট ইন্ডিজ। আপনি এ ব্যাপারে কী বলবেন?

রিচার্ডস: আমি ঠিক নিশ্চিত নই, এই দলগুলোর ক্রম কী হবে। এই দলগুলো কখনোই পরস্পরের মুখোমুখি হয়নি, আর এ কারণেই তারা রাজত্ব করেছে। আমরা কখনোই বের করতে পারব না কোন দলটা সেরা ছিল। ক্যারিবিয়ানে আমরা একটা কথা বলে থাকি, ‘দুটি পুরুষ কাঁকড়া কখনোই একটি একটি গর্তে থাকতে পারে না।’ (জোরে হেসে উঠে)।

l আপনি বক্সিং নিয়ে কথা বলেছেন, কথা বলেছেন রাগ নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা নিয়ে। আপনার কি মনে হয় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট থেকে ক্রোধ বা রোষ ব্যাপারটা হারিয়ে গেছে?

রিচার্ডস: না, প্রত্যেকেরই কমবেশি অনুভূতিটা আছে। যেমন দক্ষিণ আফ্রিকায় না যাওয়া। (বর্ণবৈষম্যের আমলে) দক্ষিণ আফ্রিকা বড় একটা বিষয় ছিল, যদিও এ ব্যাপারে তাদের ক্রিকেটারদের কোনোই দোষ ছিল না। গভীরভাবে ভাবতে পারে এমন যেকোনো ব্যক্তি, নিজের বর্ণ, নিজের জাত সম্পর্কে আবেগপূর্ণ যে কেউ নিশ্চিতভাবেই দক্ষিণ আফ্রিকা থেকে মুখ ফিরিয়ে নিত। নিজের সেরা ইনিংসগুলো সম্পর্কে শুনতে ভালো লাগে, কিন্তু ভিভিয়ান রিচার্ডসের খেলা সেরা ইনিংসটি হচ্ছে দক্ষিণ আফ্রিকায় না যাওয়া।

l ক্রিকেট খেলাটি কি বর্ণময় চরিত্র হারিয়ে ফেলেছে?

রিচার্ডস: না, আমার সে রকম মনে হয় না। আমরা যদি সবাই চুপচাপ দাঁড়িয়ে থাকি, সময় তো আমাদের জন্য অপেক্ষা করবে না। এখনো আমাদের অনেক চরিত্র আছে। বিরাট কোহলি যেমন একজন। চারপাশে কত কত চরিত্র। আজকাল তাঁরা শুধু একটু ভিন্নভাবে সবকিছু সামলাচ্ছে।

l বড় দলগুলোর উত্থান ও পতনকে আপনি কীভাবে ব্যাখ্যা করবেন? যেমন ওয়েস্ট ইন্ডিজ কিংবা এখনকার বার্সেলোনা...

রিচার্ডস: কোনো কিছুই চিরকাল টিকে থাকে না। আপনি এখানে কিছু সময়ের জন্য এসেছেন নিজের করণীয় কাজগুলো করার জন্য। আমি এ ধরনের প্রশ্ন শুনতে ভালোবাসি। তবে সেটা যে সব সময় শুধু খেলাধুলা নিয়েই হবে তা নয়...এই যেমন ধরুন মালয়েশিয়ায় যে দলটা ৫৬ বছর ধরে দেশ শাসন করছে। ওটা আমার কাছে এক ধরনের রাজবংশই! খেলাধুলাতেও আমাদের যেসব করার সেসব করার জন্যই আসা। আমি একেবারে ধপাস করে পতনের চেয়ে যে বিবর্ণ হওয়া দলগুলোকেই পছন্দ করি। এমনকি বার্সেলোনা, যদিও এটা মাত্র এ বছরই হয়েছে। জার্মান ফুটবল উঠে আসছে, তাই অন্যসব দলকে ভবিষ্যতে উন্নতি করতে হবে। তাই চলুন ভবিষ্যতের জন্য অপেক্ষা করি।

l আপনি তো ফুটবলও খেলতেন। তা আপনার প্রিয় ক্লাব কোনটি?

রিচার্ডস: লিভারপুল। লিভারপুলের সাফল্যের ইতিহাস সবারই জানা। তারা এখন খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে; কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়া এমন সমৃদ্ধ ইতিহাস আর কার আছে? সেটা শুধু ঘরোয়া লিগেই নয়, চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপ মিলিয়েই।

l অ্যালেক্স ফার্গুসনের অবসরকে কীভাবে দেখছেন?

রিচার্ডস: এটা ফুটবল-বিশ্বের জন্য বিশাল এক ক্ষতি। ২৬-২৭ বছর...এটা বিস্ময়কর। আমার মনে হয় না, এই কীর্তির আর পুনরাবৃত্তি হবে।

l আপনার চোখে কে বড়; লারা না টেন্ডুলকার?

রিচার্ডস: আমি ব্যাটসম্যানদের মধ্যে তুলনা টানি না, কখনোই না। এটা বিচার করার দায়িত্ব আমি আপনার ওপরই দিচ্ছি। তবে আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে, এই দুজন আমার প্রিয়। ওদের খেলা দেখতে পেরেছি এটাও কম পাওয়া নয়। রিকি পন্টিংয়ের কথাও ভুললে চলবে না।

l কখন আপনার মনে হলো অবসরের সময় হয়েছে?

রিচার্ডস: অ্যান্টিগায় অস্ট্রেলিয়ার বিপক্ষে আমার শেষ সিরিজের দ্বিতীয় টেস্টটা খেলছিলাম। আমি দাঁড়িয়েছিলাম দ্বিতীয় স্লিপে। যেহেতু ফাস্ট বোলাররা বল করছিল, তাই অনেকটা পেছনে প্রায় বাউন্ডারির অর্ধেক দূরত্বে দাঁড়িয়েছিলাম। আমার মনে হয়, মার্ক ওয়াহর খোঁচা দেওয়া বলটা আমি পুরোপুরিই মিস করেছিলাম। আর ওটা সরাসরি আমার বুকে লাগে। আমি এটা ধরে ফেরত দিই। এরপরই মনে হলো, আমার এখন যাওয়া উচিত, কারণ আমি এটাকে ঠিকমতো দেখতে পাইনি।

l শচীন টেন্ডুলকারকে নিয়ে কথা হচ্ছে। তিনি হয়তো অনেক বেশি সময় ধরে আছেন, তাঁর হয়তো এখন চলে যাওয়া উচিত...

রিচার্ডস: লিটল মাস্টার কখন যাবে, সেটা আমরা বলার কে? সিদ্ধান্তটা আমাদের নয়। আমরা শুধুই পরামর্শ দিতে পারি, মত দিতে পারি। আমি বিশ্বাস করি, একজন মানুষ যে কিনা খেলাটিকে এত কিছু দিয়েছে, যার খেলাটির জন্য এখনো ভালোবাসা অটুট, তাঁকে যতটা সম্ভব দেখে নিন। এখন তো আমরা এমন সব মানুষ পাচ্ছি, যারা খুব দ্রুত এসে দ্রুতই হারিয়ে যাচ্ছে।

l আপনি বলেছেন বিরাট কোহলি আপনাকে আপনার নিজের কথা মনে করিয়ে দেয়...

রিচার্ডস: খেলার ধরনটা। সে আক্রমণাত্মক, সাহসী। টি-টোয়েন্টিতে সবাই আক্রমণাত্মক, ওয়ানডেতেও অনেকে তাই। কিন্তু অন্যরা যেখানে আক্রমণ করতে ভয় পায়, সে সেখানেও সাবলীল। যখন খেলতাম, আমি নিজেও এ রকম অনুভব করতাম। লোকজন যেমন বলত, আমি তাড়াহুড়োর মধ্যে থাকতাম।

l কোনটিতে বেশি খারাপ লেগেছিল, ১৯৮৩ বিশ্বকাপের ফাইনালে ভারতের কাছে হার, না ১৯৭৫-৭৬ মৌসুমে অস্ট্রেলিয়ার কাছে ১-৫-এ সিরিজ হার?

রিচার্ডস: প্রকৃতপক্ষে ১৯৮৩-এর আঘাতটা শুধু ফাইনালে হারের জন্যই লাগেনি। আমরা বাজে খেলেছিলাম, আর আপনি যখন বাজে খেলবেন হারাটাই আপনার জন্য সঠিক ফল। আমাদের খারাপ লেগেছিল, কারণ আমার টানা তিনটি শিরোপা জিততে পারিনি। (শেষ)