‘লিভারপুল আমার জীবনের বিশেষ কিছু’: তোরেস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরোনো ক্লাব লিভারপুলের সমর্থকদের কাছ থেকে দারুণ কোনো অভ্যর্থনা পাননি ফার্নান্দো তোরেস। তবে তিনি খুশি তাঁর বর্তমান দল চেলসির আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে জায়গাটা মোটামুটি নিশ্চিত করে ফেলায়। এখন তাঁর লক্ষ্য, ইউরোপা লিগের ট্রফিটা স্টাম্পফোর্ড ব্রিজে নিয়ে যাওয়া। একই সঙ্গে পুরোনো ক্লাব লিভারপুল যে তাঁর জীবনের একটি বিশেষ অংশ, তা অকপটেই জানিয়ে দিয়েছেন এই স্ট্রাইকার।তোরেসের পুরোনো ক্লাব লিভারপুলকে প্রিমিয়ার লিগে পয়েন্টের তালিকায় পেছনে ফেলেছে চেলসি। পয়েন্টের ব্যবধানটাও অনেক। তার পরও তোরেস সাবধানী। তাঁর মতে, মৌসুমের এখনো বাকি অনেক। এ মুহূর্তে তাঁদের লক্ষ্য ইউরোপা লিগের শিরোপাটা ঘরে তোলা। প্রিমিয়ার লিগে প্রথম চারটি দলের মধ্য থেকে পরের মৌসুমে চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নেওয়ার ব্যাপারটিও বিশেষ কিছুই।তোরেস বিরক্ত ইংলিশ মৌসুমের খেলার সূচি নিয়ে। তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে একটু ভেবে দেখার সময় হয়েছে। অন্যান্য লিগের তুলনায় ইংলিশ লিগ শুরু হয় একটু আগে, ব্যাপারটি সত্যিই আমার কাছে বোধগম্য নয়। আগে শুরু হয়ে তো মৌসুম শেষ হয় অন্যদের এক সপ্তাহ আগে। সুতরাং, আগে শুরুর কোনো সুবিধাই আমরা খেলোয়াড়েরা পাই না। বড়দিনের সময়ও তেমন একটা বিরতি আমরা পাই না।’লিভারপুলের সমর্থকদের কাঠখোট্টা অভ্যর্থনা একেবারেই গায়ে মাখতে চান না ফার্নান্দো তোরেস। সমর্থকদের আচরণের বিষয়টি স্বাভাবিক মনে করে তোরেস বলেন, ‘লিভারপুল তো আমার জীবনের বিশেষ এক জায়গা দখল করে রেখেছে। আমি লিভারপুল ক্লাবটিকে অত্যন্ত পছন্দ করি। সম্মান করি এই ক্লাবের সমর্থকদের।’তবে তোরেস লিভারপুলকে নিজের মনে যে জায়গা দিয়েছেন, সে অনুযায়ী লিভারপুলের সমর্থকেরা তাঁকে মনে রাখেননি বলেই আক্ষেপ ঝরেছে তাঁর কণ্ঠে। তিনি বলেন, ‘অ্যাটলেটিকো মাদ্রিদ ছাড়ার পর লিভারপুলের সময়টা আমি দারুণ উপভোগ করেছি। লিভারপুলকে আমি অন্যভাবেই দেখি, কিন্তু সে তুলনায় সমর্থকেরা আমায় মনে রাখেননি। সময় আসলে সবকিছুই বদলে দেয় নিজের সুবিধামতো।’ টিএনএন।