‘লি’কে শোয়েবের শ্রদ্ধা
প্রায় একই সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছিলেন দুজন। দুজনই প্রচণ্ড গতিতে বল করে দৃষ্টি কেড়েছিলেন ক্রিকেটামোদীদের। কে কার চেয়ে বেশি গতিতে বল করতে পারবেন—এ নিয়ে দুজনের মধ্যে চলত তীব্র প্রতিযোগিতা। পাকিস্তান ও অস্ট্রেলিয়ার দুই গতি-তারকা শোয়েব আকতার ও ব্রেট লি আজ দুজনই অতীত দিনের স্মৃতি। বছরখানেক আগে ক্রিকেটকে বিদায় বলেছেন শোয়েব। কাল বললেন ব্রেট লি। লির বিদায় বেলায় একসময় গতির ঝড়ে তাঁর প্রতিদ্বন্দ্বী শোয়েব আকতার জানিয়েছেন গভীর শ্রদ্ধা। অকপটেই বলেছেন, লির বিদায় আন্তর্জাতিক ক্রিকেটের জন্য দুঃখজনক ঘটনা।শোয়েবের সঙ্গে গতি-ঝড়ের লড়াইয়ে অবশ্য অল্পের জন্য পিছিয়েই পড়েছেন ব্রেট লি। শোয়েব দুবার শত মাইলের ফলক ছুঁলেও ব্রেট লি আটকে গেছেন ৯৯.৯ মাইল বেগে। তবে ব্যাপারটি আর মাথায় নেই শোয়েবের। বরং তিনি লিকে কঠিন প্রতিদ্বন্দ্বী হিসেবেই আখ্যায়িত করেছেন। বলেছেন, ‘লি ছিলেন খুবই কঠিন প্রতিদ্বন্দ্বী। খেলাটার প্রতি চরম অনুরাগ ও ভালোবাসা দেখিয়ে তিনি পরিণত হয়েছিলেন ফাস্ট বোলিংয়ের একজন প্রতীকে।’ গত বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন শোয়েব আকতারও।ব্রেট লির বিদায়টা ক্রিকেট অঙ্গনের জন্য খুবই দুঃখজনক বলে মন্তব্য করেছেন শোয়েব। তিনি বলেছেন, ‘এই শুক্রবারটা আন্তর্জাতিক ক্রিকেটের জন্য একটা দুঃখজনক দিন। লি ক্রিকেটকে নিজের সবকিছুই দিয়েছিলেন। তিনি সব সময়ই বল করতে চাইতেন, জোরে বোলিং করতে চাইতেন। আর অন্য অনেক ফাস্ট বোলারের মতো তিনি ভুগেছেন ইনজুরির কারণে। এটা আসলে ফাস্ট বোলিংয়ের একটা অংশ।’ দ্য ডন।