‘লুণ্ঠিত’ মহিলা ক্রীড়া সংস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের দ্রুততম মানবী শামসুন নাহার চুমকি থাকেন মহিলা ক্রীড়া সংস্থার হোস্টেলে। কাল বিকেলে ব্যাগ-ট্যাগ নিয়ে ধানমন্ডি মহিলা ক্রীড়া কমপ্লেক্সের সামনে এলেন। রিকশা থেকে নেমে ভেতরে যাওয়ার মুহূর্তে দেখলেন, প্রধান ফটক বন্ধ। ওখানেই দাঁড়িয়ে পড়া ছাড়া উপায় রইল না।পরশু রাতে মহিলা ক্রীড়া সংস্থার নির্বাচিত কমিটি ভেঙে অ্যাডহক কমিটি করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। চার বছর মেয়াদে নির্বাচিত এই কমিটির মেয়াদ আরও ১৫ মাস ছিল। সদ্য ক্ষমতা পাওয়া পক্ষ কাল সকালেই দ্রুত কমপ্লেক্সের ভেতরে অবস্থান নেয়। বিদায়ী কমিটির কর্তারা বাইরে বিক্ষোভ করেছেন। শামসুন নাহার বললেন, ‘গেট যখন বন্ধ, গেট টপকে ভেতরে যাব, কী আর করা...।’ধানমন্ডি মহিলা ক্রীড়া সংস্থায় সাঁতার শেখা মেয়েদের নিয়ে তাদের অভিভাবকেরা এসেছিলেন বিকেলে। তাঁরাও গেট বন্ধ দেখে হতাশ মনে ফিরে যান।কাল দুপুরে কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, প্রধান ফটক বন্ধ। ভেতরে কয়েকজন পুলিশ। ফটকের বাইরে নির্বাচিত কমিটির সাধারণ সম্পাদিকা মাহফুজা আক্তার, সহসভাপতি নাজমা শামীম, আলেয়া ফেরদৌসীসহ আরও অনেকে। রাতে কমিটি ভেঙে সকালে কমপ্লেক্সে তালা ঝোলানো নিয়ে ক্ষোভে উত্তাল এই কর্মকর্তারা।মাহফুজা আক্তার বললেন, ‘আজ (কাল) সকালে মহিলা ক্রীড়া সংস্থার জরুরি সভা ছিল। আমরা সকালে এসে দেখি, গোটা কমপ্লেক্সে তালা দেওয়া। বহিরাগত সন্ত্রাসীতে ভরা। আমরা জানতে চাইলাম, কেন গেট খুলবে না? বলল, কমিটি বাতিল করা হয়েছে। সেটি হলে আমাদের কাছে প্রজ্ঞাপন আসবে, প্রজ্ঞাপন তো আমরা পাইনি।’তাঁর সংযোজন, ‘কমপ্লেক্সে আমাদের কাগজপত্র-টাকাপয়সা আছে। বহিরাগতরা ঢুকে সেসব লুট করছে। আমরা এখন থানায় জিডি করব। কমপ্লেক্সের কোনো ক্ষতি হলে দায় ক্রীড়া পরিষদের।’মাহফুজার প্রশ্ন, ‘আমাদের অপরাধ কী? কমিটি ভাঙতে চাইলে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করতে হবে। আগের কমিটি বছরে ৩-৪টা টুর্নামেন্ট করত, আমরা করেছি ৩০-৪০টা। বিগত কমিটি টাকাপয়সা লুটপাট করেছে। আমরা ফান্ড বাড়িয়েছি। বিগত সময়ে এখানে কনসার্ট হতো, আমরা ওসব প্রতিহত করেছি। এখানে মেয়েদের খেলাধুলা ছাড়া অন্য কিছু কেন হবে? আমরা এখানে বিয়ের অনুষ্ঠান হতে দিইনি, এটা কি আমাদের অপরাধ?’দিন কয়েক আগে খোদ ক্রীড়ামন্ত্রী হকি ফেডারেশনে গিয়ে বলেছেন, হকি ফেডারেশন নির্বাচিত বলে ওটা ভাঙার ক্ষমতা তাঁর নেই। কিন্তু গত পরশু রাতে ক্রীড়া পরিষদ আইনের ২০ ধারা বলে ভেঙে দেওয়া হলো জাতীয় মহিলা ক্রীড়া সংস্থার নির্বাচিত কমিটি। পরিষদের প্রজ্ঞাপনে ১৬টি কারণ ব্যাখ্যা করা হয়েছে। প্রথম কারণ—মহিলা ক্রীড়াঙ্গনে যথাযথ অবদান রাখতে ব্যর্থ হয়েছে এই কমিটি। ক্রীড়াঙ্গনে চোখে পড়ার মতো কোনো কার্যক্রম নেই তাদের। অবকাঠামোগত সুযোগ-সুবিধা কাজে লাগাতে ব্যর্থ হয়েছে। কমিটিতে কলহ আছে।৭ নম্বরে বলা আছে, ২০১০ সালের ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে জাতীয় ক্রীড়া পরিষদের কর্মচারীরা কমপ্লেক্সে ব্যানার টানালে মাহফুজা সেটি খুলে কর্মচারীদের হুমকি দেন। কিন্তু মাহফুজা আক্তার এই অভিযোগ অস্বীকার করেছেন। জাতীয় ক্রীড়া পরিষদ থেকে বলা হয়েছে, ‘পরিষদের স্বার্থে মাননীয় চেয়ারম্যানের অনুমোদনক্রমে কমপ্লেক্সের মাঠ আবেদনকারীর অনুকূলে প্রচলিত নিয়মে বরাদ্দ করা হলে মাহফুজা বিরুদ্ধাচরণ করে লিখিত প্রতিবাদ করেন।’সর্বশেষ মহিলা কমপ্লেক্সে বিয়ের অনুষ্ঠান হতে দেয়নি সংস্থা। কারণ, সংস্থা মনে করে, এটি শুধু খেলাধুলার জন্য।নতুন কমিটির সাধারণ সম্পাদিকা কামরুন নাহার ডানার মুঠোফোনে বারবার ফোন করলেও তিনি ফোন ধরেননি। তবে জানা গেছে, ডানা বলেছেন, তাঁর কমিটিতে জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ১০-১১ জন সংগঠক আছেন, সরকারের এই উদ্যোগে তিনি খুশি। বলা দরকার, নতুন কমিটির সভাপতি করা হয়েছে আগের কমিটির সভাপতি রাফিয়া আক্তার ডলিকে।তবে শেষ পর্যন্ত কী হয়, বলা কঠিন। আদালতে মামলা হচ্ছে, প্রধানমন্ত্রীর কাছে এ নিয়ে নালিশ জানিয়েছে বিদায়ী কমিটি।