‘লেজের’ সেরা রাসেল
বিশ্বের সেরা ওয়ানডে ব্যাটসম্যান কে? হাশিম আমলা, বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, শেন ওয়াটসন, ক্রিস গেইল...আসবে হয়তো আরও বেশ কিছু নাম। প্রশ্ন যদি হয়, ওয়ানডের সেরা লোয়ার অর্ডার ব্যাটসম্যান কে? অনেককেই হয়তো থমকে যেতে হবে। ব্যাটসম্যানদের খোঁজখবরই সবাই রাখে, লোয়ার অর্ডারদের নিয়ে মাথা ঘামানোর সময় কোথায়!ব্যাট হাতে আন্দ্রে রাসেলের কীর্তি তাই থেকে যায় অনেকেরই চোখের আড়ালে। লোয়ার অর্ডারদের সঙ্গে ‘ভরসা’ শব্দটা ঠিক যায় না। তবে একই সঙ্গে আক্রমণাত্মক আর ধারাবাহিক ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজ লোয়ার অর্ডারের একরকম ভরসাই হয়ে উঠেছেন রাসেল। গত বিশ্বকাপে অভিষেকের পর থেকে সাত-আট-নয় নম্বরে ব্যাট করে ওয়ানডেতে তাঁর চেয়ে বেশি রান করতে পারেননি আর কেউ। তিন ফিফটিতে ৫৮৬ রান করেছেন রাসেল। ৩৬.৬২ গড় প্রমাণ করছে তাঁর ধারাবাহিকতা, ১২৩.৬২ স্ট্রাইক রেট ফুটিয়ে তুলছে ভয়ংকর চেহারাটা। এই সময়ে নয় নম্বরে নেমে সবচেয়ে বড় ইনিংসের রেকর্ডটাও তাঁর, গত বছর ভারতের বিপক্ষে করেছিলেন ৬৪ বলে অপরাজিত ৯২।ধারাবাহিক পারফরম্যান্স প্রমাণ করে আসলে তিনি এত নিচে নামার মতো ব্যাটসম্যান নন। কিন্তু অলরাউন্ডারে ঠাসা ওয়েস্ট ইন্ডিজ দলে রাসেলকে আর ওপরে তোলার সুযোগও নেই! রাসেলেরও এ নিয়ে অনুযোগ নেই, ‘যেখানে ব্যাট করছি, এতেই আমি খুশি। সবাই তো আর ওপরে ব্যাট করতে পারে না। আমি বোলিং অলরাউন্ডার, ব্যাটিংটাও পারি। সাত-আট-নয়, দল যেখানে চায় আমার ব্যাটিং করতে কোনো সমস্যা নেই।’নিজেকে বোলিং অলরাউন্ডার বলছেন। বোলিং রেকর্ডও দারুণ। ২৭ ওয়ানডেতে ৩৭ উইকেট নিয়েছেন, এর মধ্যেই চার উইকেট হয়ে গেছে পাঁচবার। তবে ব্যাটিং টেকনিক, হাতে অজস্র শট, সবকিছু বলে পরিপূর্ণ অলরাউন্ডার হয়ে ওঠার সামর্থ্য তাঁর আছে। আসন্ন সিরিজে অন্তত বাংলাদেশের জন্য বোলার-ব্যাটসম্যান, দুই রাসেলই বড় হুমকি।রাসেল খুলনায় এসেছেন পরশু। এসেছেন কাইরান পোলার্ড, ডেভন টমাস, লেন্ডল সিমন্সদের মতো ওয়ানডে স্পেশালিস্টরাও। ফিরে গেছেন টেস্ট স্পেশালিস্টরা। তবে চন্দরপল-এডওয়ার্ডস-রামদিনরাই রাসেলদের জুগিয়ে গেছেন আত্মবিশ্বাস, ‘টেস্ট সিরিজ জয় অবশ্যই ওয়ানডেতে আমাদের বাড়তি অনুপ্রেরণা জোগাবে। যেকোনো সিরিজের শুরুটা খুব গুরুত্বপূর্ণ। শুরুটা ভালো করতে হবে আমাদের। আমিসহ যারা টেস্ট দলে ছিলাম না, যত দ্রুত সম্ভব কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে হবে আমাদের। কাল একটি প্রস্তুতি ম্যাচ আছে। আশা করি, সেটা কাজে দেবে।’টেস্টের চেয়ে ওয়ানডের বাংলাদেশ হয়তো আরেকটু ভালো। তবে রাসেলের দৃষ্টিতে ওয়ানডের ওয়েস্ট ইন্ডিজও টেস্টের চেয়ে ভালো! ‘আমাদের ওয়ানডে দল অনেক ব্যালান্সড, কারণ দলে অনেক অলরাউন্ডার। সীমিত ওভারের ক্রিকেটে অলরাউন্ডার সব সময়ই গুরুত্বপূর্ণ। তিন ধরনের ক্রিকেটেই আসলে গুরুত্বপূর্ণ, যত বেশি অলরাউন্ডার থাকবে, দল তত বেশি ব্যালান্সড।’প্রতিপক্ষ দলের সেরা অলরাউন্ডারের না থাকার সুবিধাটাও কাজে লাগাতে চান রাসেল, ‘সাকিবের না থাকার যতটুকু সুবিধা নেওয়া যায়, আমরা নেওয়ার চেষ্টা করব। ও গ্রেট অলরাউন্ডার, ব্যাটিং-বোলিং দুটোতেই দারুণ।’বাংলাদেশের জন্য তাহলে বিপদ অপেক্ষা করছে! বোলার ও ব্যাটসম্যান রাসেলকে সামলানোর পথ খুঁজতে হবে, খুঁজতে হবে বোলার ও ব্যাটসম্যান সাকিবের শূন্যতা পূরণের উপায়ও!