আরেকটি দক্ষিণ এশীয় গেমস এসে গেল। এবারের আয়োজন দেশের মাটিতেই। এই গেমস শুরুর আগে দক্ষিণ এশীয় গেমস থেকে (১৯৮৪ কাঠমান্ডু সাফ) বাংলাদেশকে প্রথম সোনা জেতানো অ্যাথলেট মুজিবর রহমান মল্লিক স্মৃতি থেকে তুলে আনলেন তাঁর সেই অর্জনকে সেই সোনা জয় নিশ্চয়ই এখনো আপনাকে আনন্দে ভাসায়?মুজিবর রহমান মল্লিক: আনন্দে ভাসায় মানে! আমার তো সব সময়ই মনে পড়ে। নিজেকে ভীষণ গর্বিত মনে করি। বিশেষ কোনো স্মৃতি মনে পড়ে?মুজিবর: হ্যাঁ, পড়ে। মনে আছে সোনা জয়ের পর মরহুম সাঁতারু ব্রজেন দাস আমাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেছিলেন। তিনি তখন সাঁতার দলের ম্যানেজার। গোটা দলও তো খুব আনন্দ করেছিল...মুজিবর: শুধু আনন্দ বললে কম বলা হবে। বাংলাদেশের ২০০ সদস্যের বিশাল দলটা সেদিন আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিল। আমরা গেমসে সোনা জিততে পারছিলাম না, অবশেষে আমি পাওয়ার পর একটু স্বস্তি পায় গোটা দল। পরে রিলেতে এল গেমসের দ্বিতীয় সোনা। ওই সোনার পদকটা আপনার কাছে আছে?মুজিবর: আছে, ওটা খুলনায় আমার গ্রামের বাড়িতে যত্ন করে রেখে দিয়েছি। আর আমি থাকি খুলনা শহরে। খুলনায় কী করছেন এখন?মুজিবর: আমি এখন বিজেএমসির খুলনা ক্রিসেন্ট জুট মিলের প্রকল্প-প্রধান। এই মিলের আমিই প্রধান। ’৮০-তে বিজেএমসিতে যোগ দিই, ধাপে ধাপে পদোন্নতি পেয়ে এখন আমি উপ-মহাব্যবস্থাপক। কাল (আজ) ঢাকায় আরেকটি দক্ষিণ এশীয় গেমস শুরু হচ্ছে। আপনার মধ্যে এখন একটা অন্যরকম অনুভূতি নিশ্চয়ই কাজ করছে?মুজিবর: এটি দারুণ এক অনুভূতি। আমি গেমসের সঙ্গে যুক্তও আছি। অ্যাথলেটিকসের ফিল্ড ইভেন্টের চিফ জাজ আমি। তাহলে তো কাছ থেকেই দেখবেন বাংলাদেশ অ্যাথলেটিকস দলকে। বাংলাদেশের অ্যাথলেটরা কেমন করতে পারে বলে মনে করেন?মুজিবর: আমি খুব বেশি আশা করার কিছু দেখি না। দু-একটি সোনা জিততে পারে। অ্যাথলেটিকসে বাংলাদেশ তাহলে এগোতে পারল কই?মুজিবর: এগোতে পারেনি তো। আগের চেয়ে অবনতি হয়েছে। কেন অবনতি হলো?মুজিবর: খেলোয়াড়দের সাধনা নেই, সুযোগ-সুবিধা কম। সরকারের ভূমিকা কমে গেছে। অনেক সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এখন আর অ্যাথলেটিকসে নেই। আপনার পর আর কোনো ট্রিপল জাম্পার তো উঠে এল না ওই ভাবে...মুজিবর: এল না যে, দেখতেই পাচ্ছি। কী বলব, এসব মনে করলে খারাপ লাগে। আবারও বলি, আগে আমাদের যে সাধনা ছিল, এখনকার অ্যাথলেটদের সেটা নেই। শিক্ষা-দীক্ষারও ব্যাপার আছে। সাফে সোনা জিতেছেন, নিশ্চয়ই স্বপ্ন ছিল এশীয় পর্যায়ে যাবেন। পারলেন না কেন?মুজিবর: এশিয়ান লেভেলে যাওয়া সহজ নয়। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি। হয়নি, সেটা হয়তো সম্ভবও ছিল না। আপনি নিজের অর্জনে পরিতৃপ্ত?মুজিবর: মানুষের চাওয়া-পাওয়ার তো শেষ নেই। তবে আমি যে পর্যায়ে গিয়েছিলাম, তাতেই আমি খুশি। আপনাকে লোকজন দেখে চিনতে পারে? কখনো কাউকে বলতে শুনেছেন...ওই যে সাফে বাংলাদেশের প্রথম সোনাজয়ী...মুজিবর: লোকজন এখনো আমাকে চেনে। সবাই আমাকে ভালোবাসে এবং আমি এখনো সাফের ওই সোনা জয়ের জন্য মানুষের অভিনন্দন পাই। এখন তো মিডিয়াও আপনাকে খোঁজ করছে...মুজিবর: হ্যাঁ, এই তো পরশুই একটা কাগজে বড় একটা আর্টিকেল ছাপা হয়েছে আমাকে নিয়ে। আমাকে মানুষ ভোলেনি। খুব ভালো লাগছে।