‘লোভী’ কুক চান ৪-০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোনো ছাড় নেই। একটুও সহানুভূতি দেখানো হবে না। নাটকীয়ভাবে ডারহাম টেস্টটা জিতে এক ম্যাচ হাতে রেখেই অ্যাশেজ মুঠোয় পুরল ইংল্যান্ড। নির্ভার ইংল্যান্ড অধিনায়ক অ্যালিস্টার কুক তার পরও হুমকি দিয়ে রাখলেন চিরপ্রতিদ্বন্দ্বীদের। ঘোষণাই দিলেন, ওভালের মরা ম্যাচেও ইংল্যান্ড গা ছেড়ে দেবে না। সুযোগ দেওয়া হবে না অস্ট্রেলিয়াকে সান্ত্বনার জয় নিয়ে ঘরে ফেরার। পরশু শেষ বিকেলে স্টুয়ার্ট ব্রডের অসাধারণ এক স্পেলেই চেস্টার-লি-স্ট্রিটে অ্যাশেজের চতুর্থ টেস্টটা ৭৪ রানে জিতে নিল ইংল্যান্ড। ২৯৯ রান করলেই জয়। ১ উইকেটে ১২০ রান নিয়ে চা-বিরতিতে যাওয়া অস্ট্রেলিয়া পাগুলে শেষ সেশনটিতে ৭৭ রানে হারিয়ে ফেলল শেষ ৯ উইকেট। যে ম্যাচটাকে মনে হচ্ছিল অস্ট্রেলিয়ার হাতের মুঠোয়, ২২৪ রানে অলআউট হয়ে এক দিন বাকি থাকতেই সেটিকে ইংল্যান্ডের হাতে তুলে দিল তারা। ৩-০ তে এগিয়ে যাওয়া ইংল্যান্ডের কাছে এখন ২১ আগস্ট শুরু ওভাল টেস্টটা কি শুধুই আনুষ্ঠানিকতা? মনে হয় না। ৪-০ ব্যবধানে অ্যাশেজ জয়ের সুযোগ ইংল্যান্ডের সামনে। এর আগে কখনোই তারা এই ব্যবধানে অ্যাশেজ জিততে পারেনি। পরশু শেষ সেশনের প্রতিটি মুহূর্তই উপভোগ করেছেন কুক। ম্যাচের পর শেষ সেশনটার সব উত্তেজনাই শব্দের মালা সাজিয়ে উপস্থাপন করলেন কুক, ‘এক সেশনে ৯ উইকেট, দর্শক, উত্তেজনা, শুরুর স্নায়ুক্ষয়ী মুহূর্তগুলো। এটাই তো সেই মুহূর্ত।’তৃতীয় টেস্টটা বৃষ্টির কল্যাণে ড্র হওয়ায় অ্যাশেজ ধরে রাখাটা নিশ্চিত হয় ইংল্যান্ডের। তারপর পেছন থেকে উঠে এসে এই ডারহাম টেস্ট জয়। ‘ক্যাপ্টেন’ কুক এখন লোভী এক মানুষ। তাঁর আকাঙ্ক্ষা এখন বেড়ে গেছে, ‘এখন আমার মনে হচ্ছে আমরা লোভী হয়ে গেছি। ওভালে গিয়েও চেষ্টা করব এই সাফল্যের পুনরাবৃত্তি করতে। তবে এ নিয়ে যা ভাবার তা আগামীকালই (মঙ্গলবার) ভাবব। এখন সময় এই বিশেষ দিনটা উপভোগ করার। আর ভবিষ্যতে এই দিনটাকে স্মরণ করব বেশ খুশি মনেই।’হারি হারি করেও চার দিনের মধ্যেই জয় পাওয়া। জয়ের নায়ক স্টুয়ার্ট ব্রডের প্রশংসা করেছেন কুক, বিশেষ করে তাঁর সেই দুর্দান্ত স্পেলের। প্রশংসা করতে গিয়ে বিশেষণের ঘাটতিতে পড়ে গিয়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক, ‘তার ওই স্পেলটা কতটা ভালো ছিল সেটা শুধু শব্দ দিয়ে বোঝানো যাবে না। চমৎকার এক বোলিং স্পেল ছিল এটি। তবে এটাও বোধ হয় যথাযথ বিশেষণ হলো না।’ব্রডের ওই ‘বিশেষ’ স্পেলটা না হলে বিপদই হতো ইংল্যান্ডের, সেটাও পরিষ্কার কুকের কথায়, ‘ওই সেশনটার গুরুত্ব কতখানি, সেটা অধিনায়ক হিসেবে আমার জানা ছিল। এই সেশনটায় আমরা যদি পিছিয়ে পড়তাম তাহলে বিপদ ছিল। ব্রডি এটা জানত, জানত অন্যরাও। তখনই সে দায়িত্ব নিল। ঘণ্টায় ৮০ মাইলের বেশি গতির ব্রডকে খেলা অসম্ভব কঠিন কাজ।’এক অধিনায়ক ভাসছেন খুশির জোয়ারে। অন্য অধিনায়ক তখন বিষণ্ন। অস্ট্রেলিয়া অধিনায়ক মাইকেল ক্লার্ক অবশ্য বরাবরের মতোই দায় তুলে নিলেন নিজের কাঁধে, ‘আমাকে একটি ক্রিকেট ব্যাট দেওয়া হয়েছে খেলার জন্য এবং আমার সেটা ব্যবহার করার কথা। হ্যাঁ, বলটা ভালো ছিল, তবে বড় ব্যাটসম্যানরা ওটাকেও ঠেকিয়ে দেওয়ার উপায় খুঁজে বের করেন। আমাদের ব্যাটিং পারফরম্যান্স, বিশেষ করে আমাদের মিডলঅর্ডার যেখানে আমিও আছি, মোটেও ভালো করেনি। তবে স্টুয়ার্ট ব্রডকে এই ম্যাচের পারফরম্যান্সের জন্য কৃতিত্ব দিতেই হবে। সে ব্যতিক্রমী ছিল।’জিততে জিততেও এভাবে হেরে যাওয়া। অস্ট্রেলিয়ার গণমাধ্যম ধুয়ে দিয়েছে ক্রিকেট দলকে। কেউ কেউ দাবি তুলছে দলের খোলনলচে পাল্টে ফেলার। তবে এই দলে নেই ক্লার্ক, ‘আমি মনে করি, সেরা খেলোয়াড়দেরই দলে নেওয়া হয়েছে। সবাই ‘‘পুনর্গঠন, পুনর্গঠন’’ বলে চিৎকার করছে। কিন্তু এদের বদলি ভালো খেলোয়াড় কোথায়!’তবে অ্যাশেজ হারার যন্ত্রণাটা ভালোই টের পাচ্ছেন ক্লার্ক, ‘আমি এখন জানি অধিনায়ক হিসেবে অ্যাশেজ হারানোর অনুভূতিটা কী।’ শেষ টেস্টে হার এড়াতে না পারলে সেটা আরও ভালো বুঝবেন ক্লার্ক। ৪-০ তে অ্যাশেজ হারা প্রথম অস্ট্রেলীয় অধিনায়কের আসনে কে বসতে চায়? এএফপি ও ওয়েবসাইট।