'শক্ত হও নেইমার'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুঃস্বপ্নের সেই মুহূর্ত: ক্যামিলো জুনিগা হাঁটু ‘চালিয়ে’ দিলেন নেইমারের পিঠে। ফলাফল, বিশ্বকাপ থেকে নেইমারের বিদায় l  এএফপি ও রয়টার্স
দুঃস্বপ্নের সেই মুহূর্ত: ক্যামিলো জুনিগা হাঁটু ‘চালিয়ে’ দিলেন নেইমারের পিঠে। ফলাফল, বিশ্বকাপ থেকে নেইমারের বিদায় l এএফপি ও রয়টার্স

পিটবুল-জেনিফার লোপেজ-ক্লদিয়া লেইতের গাওয়া ব্রাজিল বিশ্বকাপের অফিশিয়াল থিম সংটা তাঁর একদমই ভালো লাগেনি। বিশ্বকাপ নিয়ে আরেকটি গান লিখেছেন রিকি মার্টিন। সেটাও পছন্দ হয়নি ফুটবলের শিল্পী পেলের। ওসব গানে নাকি ঠিক ব্রাজিলকে পাওয়া যায় না, ফুটবলটা ব্রাজিলিয়ানদের কাছে কী, সেটা বোঝা যায় না!

.
.

দায়িত্বটা তাই নিজেই নিয়েছিলেন ফুটবলের রাজা। তাঁর লেখা গানের কথাগুলোতে দুটি লাইন ছিল, ‘হাসায় যেমন, কাঁদায় তেমন। আমাদের ধমনিতে ফুটবল...।’
পরশু রাতে ব্রাজিল-কলম্বিয়ার ম্যাচটার পর মনে হলো, ব্রাজিলিয়ানদের মনোভাবটা বোঝার জন্য আসলেই এর চেয়ে ভালো গান হয় না। দুর্দান্ত কলম্বিয়াকে হারিয়ে দেশের মাটিতে বিশ্বকাপের সেমিফাইনালে উঠে যাওয়ার আনন্দের পাশেই নেইমারকে হারানোর হাহাকার, কান্না! তবে এক যুগ পর বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার আনন্দ ছাপিয়ে মাতমটাই বেশি। ব্রাজিলের ষষ্ঠ শিরোপার স্বপ্নসারথি যিনি, যাঁকে কেন্দ্র করে কোচ লুইস ফেলিপে স্কলারির সব রণকৌশল—সেই নেইমার আর খেলতে পারবেন না এ বিশ্বকাপে! কলম্বিয়ান ডিফেন্ডার হুয়ান ক্যামিলো জুনিগার ট্যাকলে পাওয়া চোট বিশ্বকাপ থেকে ছিটকে দিয়েছে তাঁকে।
ফোর্তালেজার ম্যাচটা শেষ হতে তখনো মিনিট দুয়েক বাকি৷ প্রায় নিশ্চিত জয়ের আনন্দে তখন গ্যালারিতে হলুদের উচ্ছ্বাস। ঠিক ওই সময়ই ব্রাজিলের ডি-বক্সের বাইরে বল ধরতে লাফিয়ে উঠলেন নেইমার। তাঁর পেছনেই বলের দখল নিতে লাফিয়ে উঠলেন কলম্বিয়ার রাইট ব্যাক জুনিগাও। বলের নিয়ন্ত্রণ নিতে পারলেন না, কিন্তু হাঁটুটা চালিয়ে দিলেন নেইমারের কোমরের পেছনে৷ পড়ে গিয়ে যন্ত্রণায় ছটফট করতে থাকলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। স্ট্রেচারে উঠে মাঠের বাইরে গেলেন৷ সেখান থেকে অ্যাম্বুলেন্সে সরাসরি হাসপাতালে। এরও কয়েক ঘণ্টা পর এল ব্রাজিলিয়ানদের হৃদয় ভেঙে দেওয়া খবরটা। নেইমারের তৃতীয় লুম্বার ভার্টিব্রা অর্থাৎ কোমরের ওপরের তৃতীয় কশেরুকায় চিড় ধরেছে।
আপাতত অস্ত্রোপচার লাগছে না। তবে কয়েক সপ্তাহের আগে মাঠে নামার সম্ভাবনা নেই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের। প্রায় কান্নাভেজা কণ্ঠে ব্রাজিল দলের চিকিৎসক রদ্রিগো লাসমার জানালেন, ‘এমন একটা খবর দেওয়া সহজ নয় আমার জন্য। কিন্তু সত্যিটা হচ্ছে নেইমারকে আমরা বিশ্বকাপের বাকি ম্যাচগুলোর জন্য আর পাচ্ছি না।’ ফোর্তালেজার যে হাসপাতালে নেওয়া হয়েছিল নেইমারকে, খবরটা ছড়িয়ে পড়ার পরই সেখানে ভিড় জমে যায় ব্রাজিলিয়ান সমর্থকদের। তাঁরা স্লোগান তোলেন—‘শক্ত হও নেইমার, আমরা আছি তোমার পাশে’।
তবে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমের সর্বশেষ খবর অনুযায়ী, ফোর্তালেজার হাসপাতাল থেকে তেরেসোপোলিসের অনুশীলন ক্যাম্পে ফিরেছেন নেইমার। আরও স্বস্তির কথা, নেইমারের কোনো নিউরাল সমস্যা নেই। শারীরিকভাবে তাই বড় ধরনের কোনো ক্ষতির সম্ভাবনাও নেই। আপাতত কার্যকরী চিকিৎসা হলো বিশ্রাম আর মনোবল ধরে রাখা।
এর আগেও দ্বিতীয় রাউন্ডে চিলির বিপক্ষে অনেকবার কড়া ট্যাকলের শিকার হয়েছিলেন নেইমার। চোট পেয়েছিলেন হাঁটুতে। কলম্বিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালেও তাঁর খেলাটা ছিল অনিশ্চিত।
সেই শঙ্কা উড়িয়ে দিয়ে নামলেন ঠিকই। কিন্তু নিয়তি যে এই বিশ্বকাপে তাঁর শেষটা এভাবে লিখে রেখেছিল, কে জানত! রয়টার্স, এএফপি, স্কাই স্পোর্টস।