‘শচীন আমাকে ক্ষমা করে দিয়েছে’
যথার্থ ফেবারিটের মতোই বিশ্বকাপটা শুরু করেছে স্বাগতিক ভারত। প্রস্তুতি দুটি ম্যাচ জেতার পর মূল আসরের প্রথম ম্যাচেও বাংলাদেশের বিপক্ষে তারা পেয়েছে ৮৭ রানের জয়। তবে বিশ্বকাপ যাত্রাটা ভালোভাবে শুরু হলেও কাঁটা হিসেবে থেকে গেছে শচীন টেন্ডুলকারের রান আউটটা। ভারতের শিরোপা জয়ের প্রত্যাশা তো আছেই। সঙ্গে শেষ বিশ্বকাপটা টেন্ডুলকার যেন বিশেষভাবে স্মরণীয় করে রাখতে পারেন সেই প্রার্থনাও করছে ভারতীয় সমর্থকেরা। হরভজন সিংসহ অন্যরা তো বলেই দিয়েছেন টেন্ডুলকারের সম্মানেই বিশ্বকাপটা জিততে চান তাঁরা। আর সেই লিটল মাস্টারই কি না প্রথম ম্যাচে সাজঘরে ফিরলেন দুর্ভাগ্যজনকভাবে রান আউটের শিকার হয়ে?১১তম ওভারে টেন্ডুলকারের ডাকে সাড়া দেননি শেবাগ। সাকিবের থ্রো থেকে স্ট্যাম্প ভেঙে দিয়ে টেন্ডুলকারের বিদায় বার্তা শুনিয়েছেন মুশফিকুর রহিম। ২৮ রান করে সাজঘরের দিকে ফিরে যাওয়ার সময় টেন্ডুলকারের চেহারা দেখেও অনুমান করা গেছে, হতাশাজনক এই রান আউটটা একেবারেই মেনে নিতে পারছেন না তিনি। অনেক ভারতীয় সমর্থকও নিশ্চয়ই সেই মুহূর্তে শেবাগের মুণ্ডুপাত করেছেন। পরে অবশ্য এই বিধ্বংসী ওপেনার ১৭৫ রানের অসাধারণ এক ইনিংস খেলে সেই ক্ষতে মলম লাগিয়েছেন ভালোভাবেই। কিন্তু তার পরও ম্যাচ শেষে টেন্ডুলকারের কাছে ক্ষমা চেয়েছেন শেবাগ। ম্যাচ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শেবাগ বলেছেন, ‘শচীন রান নেওয়ার জন্য দৌড়ে এসেছিল। কিন্তু আমি সেটা খেয়াল করিনি। আমি বলের দিকে দেখছিলাম। সাজঘরে ফেরার পর অবশ্য আমি তার কাছে দুঃখ প্রকাশ করেছি। সেও আমাকে বলেছে যে ঠিক আছে। দেশের জন্য জেতাটাই বড় কথা। কে বেশি ভালো খেলল, সেটা এত গুরুত্বপূর্ণ না।’ ওয়েবসাইট।