‘শচীন ছাড়া ভারতীয় ক্রিকেট ভাবতে পারি না’
শচীন টেন্ডুলকারের কখন অবসরে যাওয়া উচিত—এ বিতর্কে যেতে চান না অনিল কুম্বলে। তবে ভারতের সাবেক এই তারকা স্পিনার জানিয়েছেন, লিটল মাস্টার ছাড়া ভারতীয় ক্রিকেট ভাবতে পারেন না তিনি।ভারতের টাইমস নাউ টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাত্কারে গতকাল শুক্রবার শচীন জানান, আগামী মাসে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের পর নিজের ভবিষ্যত্ নিয়ে সিদ্ধান্ত নেবেন তিনি। একই সঙ্গে ইঙ্গিত দেন, খুব দ্রুতই ২৩ বছরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে ইতি টানবেন।অবসর নিয়ে শচীনের এই অবস্থান সম্পর্কে কুম্বলের কাছে প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়েছিল নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে। জবাবে কুম্বলে বলেন, ‘আমি চাই, শচীন খেলা চালিয়ে যাক। ওকে ছাড়া ভারতীয় ক্রিকেট ভাবতে পারি না আমি।’শচীন কবে ক্রিকেট থেকে অবসর নেবেন, প্রশ্নটা দীর্ঘদিনের। সর্বশেষ ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে শচীনের অবসর নেওয়ার গুঞ্জনটা জোরালো হয়। পরপর তিন ইনিংসে বোল্ড হন লিটল মাস্টার। এর মানে, বোল্ড হওয়ার হ্যাটট্রিক! শচীনের জন্য তো বটেই, যেকোনো ব্যাটসম্যানের জন্যই ব্যাপারটা অমর্যাদাকর।রিপ্লেতে স্পষ্ট দেখা গেছে, বলের সঙ্গে তাল মিলিয়ে পা ফেলতে পারেননি এ সময়ের সেরা এই ব্যাটসম্যান। তাঁর ব্যাট ও প্যাডের মধ্যেও ছিল যথেষ্ট ফাঁক। শচীনের আউট হওয়ার ধরন দেখে ভারতের আরেক ব্যাটিং জিনিয়াস সুনীল গাভাস্কার মন্তব্য করেছিলেন, শচীনের খেলায় বয়সের ছাপ পড়েছে। ব্যাট ও প্যাডের মধ্যে যথেষ্ট ফাঁক ছিল। গ্রেট ব্যাটসম্যানের জন্য এটা ভালো লক্ষণ নয়।চারদিক থেকে অবসর নিয়ে নানা কথা উঠলেও শচীন এত দিন বলে এসেছেন, এখনই অবসর নয়। ভাবনাটা তাঁর মাথায়ই নেই। তবে এবার বোধ হয় কঠোর সিদ্ধান্তটা নিয়েই ফেলবেন লিটল মাস্টার। গতকাল দেওয়া সাক্ষাত্কারে শচীন বলেন, ‘নভেম্বরে খেলার পরই নিজেকে পুনর্মূল্যায়ন করব। আমার বয়স এখন ৩৯। আমি মনে করি না, আমার সামনে আরও অনেক ক্রিকেট পড়ে আছে। তা ছাড়া চীরদিন ক্রিকেট খেলি, এটাও লোকে প্রত্যাশা করে না।’অনিল কুম্বলে অবশ্য মনে করেন, অবসরের ব্যাপারটা নিয়ে শচীনের ওপর চাপ প্রয়োগ করা ঠিক নয়। ব্যাপারটা তাঁর ওপরই ছেড়ে দেওয়া উচিত। কুম্বলে বলেন, ‘ওর সঙ্গে ১৩ বছর ড্রেসিং রুমে কাটিয়েছি আমি। ঘটনাক্রমে ও হয়তো অবসরের সিদ্ধান্ত নেবে। তবে কখন অবসর নেবে, ব্যাপারটা শুধু ওর ওপরই ছেড়ে দেওয়া উচিত।’ সূত্র: পিটিআই।