‘শচীন ব্যাটিংয়ের পিকাসো’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শততম সেঞ্চুরির পর প্রশংসা আসছে চারদিক থেকে। তবে গ্রেগ চ্যাপেল ভারতীয় ব্যাটিং জিনিয়াসকে প্রশংসায় ভাসালেন একটু অন্যভাবে। ভারতের সাবেক কোচ টেন্ডুলকারকে তুলনা করলেন জগদ্বিখ্যাত চিত্রশিল্পী পাবলো পিকাসোর সঙ্গে। বললেন, ‘ব্যাটিংটা যদি শিল্প হয়, তাহলে শচীন টেন্ডুলকার ব্যাটসম্যানদের পিকাসো।’টেন্ডুলকার নিজেকে এমন উচ্চতায় নিয়ে গেছেন, তাঁকে নিয়ে কথা বলতে গেলেই স্যার ডন ব্র্যাডম্যানের প্রসঙ্গটা উঠে আসে অবধারিতভাবে। চ্যাপেলের লেখা কলামেও বাদ পড়েনি বিষয়টা। স্বদেশি কিংবদন্তিকে চ্যাপেল তুলনা করেছেন বিশ্বখ্যাত ইতালিয়ান ভাস্কর মিকেলাঞ্জেলোর সঙ্গে, ‘একই বিবেচনায় ব্র্যাডম্যান অবশ্যই মিকেলাঞ্জেলো।’ভারতের কোচ থাকার সময়টায় টেন্ডুলকারের সঙ্গে সম্পর্কটা হয়তো ততটা ভালো ছিল না। কিন্তু ব্যাটসম্যান টেন্ডুলকারের প্রতি চ্যাপেলের মুগ্ধতা সেই ১৯৯২ সালে ভারতের অস্ট্রেলিয়া সফর থেকেই। স্মৃতির আয়না খুলে অস্ট্রেলিয়ান গ্রেট বলছেন, টেন্ডুলকার তাঁর সামর্থ্য আর মান জানান দিয়েছিলেন তখনই, ‘শচীনকে আমি প্রথম সরাসরি ব্যাটিং করতে দেখি সিডনিতে ১৯৯২ সালে ভারতের অস্ট্রেলিয়া সফরে। শেন ওয়ার্নের অভিষেক টেস্টে শচীন অপরাজিত ১৪৮ রান করেছিল। ১৬ বছর বয়সে কারও টেস্ট খেলাটাই বিস্ময়ের। সে ২৩ বছর ধরে খেলছে। তর্ক সাপেক্ষে এখনো দলের সেরা খেলোয়াড়, এমনকি আরও বেশি আকর্ষণীয়।’ ব্র্যাডম্যানের চেয়েও একটা জায়গায় টেন্ডুলকারকে এগিয়ে রাখছেন চ্যাপেল, ‘এটা যদি ভেবে দেখা হয়, প্রতিবার ব্যাট করতে নামার সময় সে শতকোটি মানুষের আশা ও প্রার্থনা নিয়ে নামে, তাহলে অন্যদের চেয়ে এগিয়ে থাকে। এমনকি ব্র্যাডম্যানের চেয়েও।’পাকিস্তানের সাবেক তারকা ওয়াসিম আকরাম তাঁর কলামে আবার ফুটিয়ে তুলতে চাইছেন নতুন টেন্ডুলকারকে। আকরামের কথা, ‘অনন্য মাইলফলক স্পর্শের পর টেন্ডুলকার এখন অনেক বেশি মুক্তমনে খেলবে এবং আরও বেশি সেঞ্চুরি করবে।’ শততম সেঞ্চুরি নিয়ে গণমাধ্যম এবং দর্শকদের প্রত্যাশা চাপ বাড়িয়েছিল বলেই মনে করেন সর্বকালের অন্যতম সেরা এই বাঁহাতি পেসার। সেঞ্চুরি করে টেন্ডুলকার নিজে তো নির্ভার হয়েছেনই, আকরামের দাবি, ‘বিশ্বও এখন নিশ্চিতভাবেই লিটল মাস্টারের জন্য কিছু হালকা বোধ করছে!’ ওয়েবসাইট।