‘শচীনকে নিয়ে ভাবার কিছু নেই’
আর কদিন পর শুরু হচ্ছে ইংল্যান্ডের ভারত সফরের টেস্ট সিরিজ। অনেকেই অনুমান করছেন, এটাই হয়তো ভারতের ব্যাটিং বিস্ময় শচীন টেন্ডুলকারের শেষ টেস্ট সিরিজ। সে কারণে তাঁর প্রতি আলাদা দৃষ্টিও থাকবে সবার। তবে শচীনকে শ্রদ্ধা জানাতে গিয়ে ভারতের মাটিতে টেস্ট সিরিজ জয়ের মিশনটি যেন বাধাগ্রস্ত না হয়, সে জন্য সতীর্থদের সতর্ক করে দিয়েছেন জেমস অ্যান্ডারসন। খেলার মধ্যে শচীনকে খুব বেশি শ্রদ্ধা দেখানোর কিছু নেই বলে মন্তব্য করেছেন এই ইংলিশ পেসার।২৩ বছরের ক্রিকেট ক্যারিয়ারের একেবারে শেষ প্রান্তে চলে এসেছেন শচীন টেন্ডুলকার। তাঁর অবসর নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছে অনেক দিন ধরে। এবার ঘরের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজটা খেলেই হয়তো আন্তর্জাতিক ক্রিকেটকে ‘বিদায়’ বলবেন লিটল মাস্টার—অনেকেই এমনটা অনুমান করছেন। সে কারণে এই টেস্ট সিরিজটা বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকতে পারে টেন্ডুলকারের জন্য। তবে বর্তমানের সেরা এই ব্যাটসম্যানকে নিয়ে বেশি ভাবলে কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের লক্ষ্যটি বাধাগ্রস্ত হতে পারে বলে মনে করছেন জেমস অ্যান্ডারসন। ‘ডেইলি মেইল’-এ লেখা এক কলামে তিনি বলেছেন, ‘এটাই হয়তো শচীন টেন্ডুলকারের শেষ টেস্ট সিরিজ। এ নিয়ে অনেক কথাবার্তাও হচ্ছে। তিনি যে সেরা ব্যাটসম্যানদের অন্যতম, এ নিয়ে আমার কোনো সন্দেহ নেই। কিন্তু খেলার মাঝখানে আমরা যেন তাঁকে খুব বেশি সম্মান দেখাতে না যাই, সেটা আমাদের নিশ্চিত করতে হবে।’ শচীনের প্রতি বেশি দৃষ্টি দেওয়াটা সিরিজের প্রতিযোগিতামূলক মনোভাব নষ্ট করে ফেলতে পারে বলে মনে করেন এই ইংলিশ পেসার। তিনি বলেছেন, ‘অনেক মানুষই বলে, তারা শচীনের ব্যাটিং দেখতে খুবই পছন্দ করে। আর হয়তো এ ধরনের খুব বেশি শ্রদ্ধা-ভক্তি প্রতিযোগিতামূলক মনোভাবটা নষ্ট করে ফেলতে পারে। ক্রিকেটে তিনি যা করেছেন, তার জন্য অবশ্যই তাঁকে শ্রদ্ধা করা উচিত। ১০০টা শতক খুবই বিস্ময়কর একটা অর্জন। কিন্তু খেলার সময় এমন কিছু করার চেষ্টা থাকতে হবে যেন তিনি আমাদের সম্মান জানান।’ শচীন টেন্ডুলকারকে সাজঘরে ফিরিয়ে ভারতীয় দর্শকদের দুয়োধ্বনি শুনতেও প্রস্তুত আছেন অ্যান্ডারসন। তাঁর ভাষায়, ‘আগামী কয়েক সপ্তাহ আমি ভারতের সমর্থকদের কাছে খুবই অজনপ্রিয় একজন মানুষ হয়ে উঠতে চাই। আমার মূল কথাটা হচ্ছে, আমরা যেন খেলার সময় সবাইকেই একই রকম দৃষ্টিতে দেখি।’১৫ নভেম্বর আহমেদাবাদে শুরু হবে চার ম্যাচ সিরিজের প্রথম টেস্টটি।