‘শচীনের অর্জনটা অতিমানবীয়’
ভারতের এশিয়া কাপ জয়ের স্বপ্ন পূরণ না হলেও এই এশিয়া কাপই ভারতকে উপহার দিয়েছে শচীনের বহু আকাঙ্ক্ষিত শতকের ‘শতক’। এই এশিয়াকাপই বিশ্বকে পরিচয় করিয়ে দিয়েছে শচীনের আরও একটি মাইলফলকের সঙ্গে। অবিস্মরণীয় এই কীর্তির পর টেন্ডুলকারের অর্জনটাকে অনেকটাই অতিমানবীয় বলে অভিহিত করেছেন ভারতের নির্বাচক কমিটির সভাপতি কৃষ্ণমাচারি শ্রীকান্ত। এই অসামঞ্জস্যপূর্ণ দুনিয়ায় কীভাবে সফলতা লাভ করতে হয়, শচীন তার ধ্রুপদি দৃষ্টান্ত বলে মন্তব্য করেছেন ভারতের সাবেক এই অধিনায়ক।কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি আয়োজিত এক সেমিনারে বক্তৃতা দিতে গিয়ে এসব কথা বলেছেন শ্রীকান্ত। ‘একটি অসামঞ্জস্যপূর্ণ দুনিয়ায় সফলতা অর্জন’ শিরোনামের এই সেমিনারে শ্রীকান্ত বলেছেন, ‘এই অসামঞ্জস্যপূর্ণ পৃথিবীতে কীভাবে সফলতা লাভ করতে হয়, শচীন তার ধ্রুপদি দৃষ্টান্ত। ১৯৮৯ সালে যখন আমি অধিনায়ক ছিলাম, তখন তার বয়স মাত্র ১৬ বছর। তার অভিষেক হয়েছে পাকিস্তানের বিপক্ষে, পাকিস্তানের মাটিতে। আর সেই দলে তখন আছেন ইমরান খান, ওয়াসিম আকরাম, আবদুল কাদিরের মতো দুর্ধর্ষ বোলাররা। আপনি কি এটাকে একটা সামঞ্জস্যপূর্ণ দুনিয়া বলবেন? প্রথম ম্যাচেই তার মুখে আঘাত লাগে। তার মুখ দিয়ে রক্তক্ষরণও হয়। কিন্তু তার পরও সে ফিরে যায়নি। সে খেলা চালিয়ে গেছে। তার পর থেকে এখন পর্যন্ত সে খেলেই যাচ্ছে। শুধু প্রথম ম্যাচেই নয়, গোটা ক্যারিয়ার-জুড়েই নানা ধরনের অসামঞ্জস্যপূর্ণ জায়গায় শচীন সাফল্যের সঙ্গে খেলে গেছে এবং সাফল্য পেয়েছে।’— টাইমস অব ইন্ডিয়া