'শচীন' হতে পারলেন না শিলা

সোনাপুরের লক্ষ্মীবাঈ শারীরিক শিক্ষাপ্রতিষ্ঠানের ইনডোরে দাঁড়িয়ে ঠিকমতো কথা বলতে পারছিলেন না। কাঁদতে কাঁদতে অবস্থা এমন হয়েছে যে গলা দিয়ে আওয়াজই বের হচ্ছিল না। ভাঙা গলায় শিলা রায় বলছিলেন, ‘মাঠে বারবার মায়ের কথা মনে পড়ছিল। খেলার আগে সব সময় মায়ের কাছ থেকে আশীর্বাদ নিতাম। বলতাম, মা আমি খেলতে যাচ্ছি; তুমি আশীর্বাদ কোরো। মা বলতেন, তুমি জিতবে। আজ মায়ের আশীর্বাদ আনতে পারিনি।’
এতটুকু বলে আবারও কান্নায় ভেঙে পড়লেন বাংলাদেশ মহিলা হ্যান্ডবল দলের গোলরক্ষক। ১২ ফেব্রুয়ারি শিলার মা মণি রায় চলে গেছেন না-ফেরার দেশে। গুয়াহাটিতে বসেই মায়ের মৃত্যুর খবর পেয়েছেন। দুঃসংবাদ পেয়ে ওই রাতেই সড়কপথে বাস্কেটবল দলের সঙ্গে শিলা ফিরে যান মাদারীপুর। মায়ের শেষকৃত্যানুষ্ঠান শেষ করেই কাল সকালে ভারতের বিমানে উঠেছিলেন। দুপুরেই গুয়াহাটি বিমানবন্দরে।
বাংলাদেশ মহিলা হ্যান্ডবল দল প্রথমবার এসএ গেমসে অংশ নিয়েই ফাইনালে উঠেছিল। হাতছানি ছিল সোনা জয়ের। দেশের এমন ঐতিহাসিক মুহূর্তে না এসে পারেননি শিলা, ‘ফেডারেশন একটুও চাপাচাপি করেনি। আমিই খেলতে এসেছি।’
চাইলে যে কেউ শিলাকে বসিয়ে নিতে পারেন শচীন টেন্ডুলকারের জায়গায়। ১৯৯৯ ক্রিকেট বিশ্বকাপে ব্রিস্টলের কাউন্টি মাঠে কেনিয়ার বিপক্ষে টেন্ডুলকার খেলেছিলেন ১৪০ রানের অপরাজিত এক ইনিংস। অথচ এর কয়েক দিন আগেই বাবা রমেশ টেন্ডুলকার পৃথিবী ছেড়ে গিয়েছিলেন। বাবার শেষকৃত্যানুষ্ঠানের পরপরই কর্তব্যের তাগিদে টেন্ডুলকার ভারত থেকে ছুটে গিয়েছিলেন ইংল্যান্ডে। শিলাও মাদারীপুরের কালীবাড়িতে মাকে দাহ করে বিমানে উঠেছিলেন। প্রিয় মায়ের চেয়েও ওপরে রেখেছিলেন দেশমাতাকে। সেদিন টেন্ডুলকার পেরেছিলেন বাবার মৃত্যুশোক কাটিয়ে দেশকে জয় উপহার দিতে। কিন্তু কাল শিলা ‘শচীন’ হয়ে উঠতে পারলেন না। বাংলাদেশ হ্যান্ডবল দল ফাইনালে হেরে গেল ৪৫-২৫ গোলে।
শিলার খেলোয়াড় হওয়ার পেছনে বড় অবদান মায়ের। সেই মাকে হারানোর বেদনা ফুটে উঠছিল শিলার চোখে-মুখে, ‘মা হারানোর বেদনা কাউকে বোঝানো যাবে না। আমি সব সময় মাকে মিস করি। বাড়িতে আজ পূজা ছিল। মা সব সময় বলতেন, শিলা পূজাতে আয়। আমি এবার পূজার আগেই গিয়েছি। কিন্তু মা আমার সঙ্গে কথা বলেননি। হয়তোবা আমার সঙ্গে রাগ করে চলে গেছেন।’
নয় ভাই-বোনের মধ্যে শিলা পঞ্চম। ক্রিকেট, কাবাডি খেললেও হ্যান্ডবলটাই নিয়মিত খেলেন। ২০০৪ সালে যখন বিজেএমসিতে যোগ দেন, মা জোর করে পাঠিয়েছিলেন ঢাকাতে ট্রায়ালে। মায়ের মৃত্যুর শোক নিয়েও খেলতে পেরে গর্বিত শিলা, ‘মায়ের শোকটা চাপা দিয়ে দেশের হয়ে খেলাটা আমার জন্য ছিল কষ্টের, তবে একই সঙ্গে গর্বেরও।’
শিলা অবশ্য পুরো ম্যাচ খেলতে পারেননি। ৫ মিনিট বাকি থাকতে উঠে আসতে বাধ্য হন। হিন্দু ধর্মের নানা আচার-আনুষ্ঠানিকতা মেনে খেলাটা ছিল খুব কষ্টের, ‘শেষ দিকে এসে গায়ে জোর পাচ্ছিলাম না। হিন্দু ধর্মমতে বাবা-মা মারা গেলে না খেয়ে থাকতে হয়। তার ওপর গত কয়েক দিন ঘুমাতেই পারিনি। সড়কপথে গিয়েছি। আবার বিমানে এসেছি।’
শিলার মায়ের মৃত্যুশোক যেন ছড়িয়ে পড়েছিল পুরো দলের মধ্যে। এটাকেও হারের একটা কারণ মনে হচ্ছে শিলার কাছে, ‘আমাদের এতটা বাজে খেলার কথা ছিল না। আমরা শুরু থেকেই স্নায়ুচাপে ছিলাম। আমিও খারাপ খেলেছি। আসলে পুরো শোকটা দলের মধ্যে ছড়িয়ে পড়েছিল।’
মাঠে যতই অতিমানবীয় ইনিংস খেলুন না কেন শচীন টেন্ডুলকার; শিলা যতই দারুণ নৈপুণ্যে গোল বাঁচিয়ে দিন—কীর্তিগুলো তাঁরা মাঠেই রেখে আসেন। দিনশেষে সত্যি তো এটাই যে খেলোয়াড়েরাও আর সবার মতোই রক্ত-মাংসের মানুষ!