‘শচীন’ হবে কোহলি: রোডস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরাট কোহলির মধ্যে ‘শচীন’ হওয়ার যথেষ্ট সম্ভাবনা দেখছেন জন্টি রোডস। তিনি মনে করেন, মাত্র ২২ বছর বয়সেই কোহলি যেভাবে নিজেকে প্রমাণ করেছে, তাতে মনে হয়, ওঁর মধ্যে ‘সুপারস্টার’ হওয়ার সব গুণাবলিই আছে। মুম্বাইয়ে একটি ক্রীড়া পুষ্টিবিষয়ক সাময়িকীর প্রকাশনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।কোহলির ব্যাটিং সম্পর্কে রোডস বলেন, ‘কোহলির ৫০-কে ১০০-তে পরিণত করার অসাধারণ ক্ষমতা রয়েছে। আপনি যদি ওর ব্যাটিংয়ের পরিসংখ্যান পর্যালোচনা করেন, তাহলে দেখবেন যদি সে কোনোভাবে ৫০-এর ঘরে পৌঁছে যায়, তাহলে সে বেশির ভাগ ক্ষেত্রেই সেঞ্চুরির দেখা পেয়ে যায়। এটাই একজন দুরন্ত ব্যাটিং প্রতিভার লক্ষণ।’রোডস আরও বলেন, ‘এ পরিসংখ্যানই বলে দেয়, ভবিষ্যতে শচীন টেন্ডুলকারের অনেক রেকর্ড ভাঙার দৌড়েই কোহলি থাকবে।’কোহলির শারীরিক সক্ষমতার প্রশংসা করে রোডস বলেন, ‘ভবিষ্যতে ভারতের অনেক সাফল্যই কোহলির হাত দিয়ে ধরা দেবে। সে একজন দুর্দান্ত ক্রিকেটার ও দারুণ অ্যাথলেট।’কোহলির ওয়ানডে রেকর্ডও রোডসের কথার সপক্ষে যুক্তি তুলে ধরে। এ তরুণ ভারতীয় ব্যাটসম্যান ৬৬টি ওয়ানডে ম্যাচে অংশ নিয়ে ৪৫.৩৮ গড়ে রান করেছেন ২,৪৯৬।ওয়ানডেতে দুর্দান্ত রেকর্ড থাকলেও ভালো টেস্ট ব্যাটসম্যান হিসেবে কিন্তু বিরাট কোহলির সুনাম নেই। সর্বশেষ পাঁচটি টেস্ট ইনিংস মিলে কোহলির সংগ্রহ ৭৬। তবে জন্টি রোডসের মতে, টেস্টে সফল না হওয়ার কোনো কারণই নাকি তিনি দেখছেন না। তিনি বলেন, কোহলি অচিরেই টেস্ট ক্রিকেটেও নিজের সক্ষমতা প্রমাণ করবে। সে যোগ্যতা তাঁর রয়েছে। পিটিআই।