‘শতাব্দীর সেরা ম্যাচ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘদিন পর ভারতের মাটিতে মুখোমুখি হতে যাচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। সেটাও আবার ক্রিকেটের সবচেয়ে বড় আসর বিশ্বকাপের সেমিফাইনালে। এবারের বিশ্বকাপে এই ম্যাচটাই যে সবচেয়ে উত্তাপ ছড়াবে সেটা বেশ ভালো মতোই বোঝা যাচ্ছে। বিশ্বকাপটা শেষ পর্যন্ত কে জিতবে, সেই আলোচনাও চলে গেছে এই ভারত-পাকিস্তান দ্বৈরথের আড়ালে। পাকিস্তানের সাবেক পেস বোলার সরফরাজ নেওয়াজ তো এখনই এ সেমিফাইনালকে আখ্যায়িত করেছেন ‘শতাব্দীর সেরা ম্যাচ’ হিসেবে।গতকাল পাকিস্তানি দৈনিক ডেইলি টাইমসকে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি বলেছেন, ‘এটা খুবই বড় একটা ম্যাচ। এটা হতে পারে এ শতাব্দীর সেরা ম্যাচ। আর এখন কেউ অনুমানও করতে পারবে না যে এই ম্যাচে কে জিতবে। মাঠে যে দল শেষ পর্যন্ত ভালো খেলবে, সেই জিতবে।’ ৩০ মার্চ মোহালির এ লড়াইটা দৃশ্যত বিশ্বকাপের ফাইনালে ওঠার। কিন্তু বরাবরের মতো এটা মর্যাদার লড়াইও বটে। দুই দলই যে এই ম্যাচটা জেতার জন্য নিজেদের সর্বোচ্চটা ঢেলে দেবে এতে কোনো সন্দেহ নেই। সেমিফাইনালের মহারণে মূল লড়াইটা ভারতের শক্তিশালী ব্যাটিং অর্ডারের বিপক্ষে পাকিস্তানি বোলারদেরই হবে বলে মনে করছেন সরফরাজ। তিনি বলেছেন, ‘ভারতীয় ব্যাটসম্যানরা হয়তো দুর্দান্ত ফর্মে আছে। তবে পাকিস্তানি বোলাররাও খুব ভালো বল করছে। আর আমি নিশ্চিত তারা ভারতের বিপক্ষে নিজেদের সেরাটাই দেওয়ার চেষ্টা করবে।’সেমিফাইনালের এই লড়াইয়ে ভারতকে ফেবারিট আখ্যায়িত করার জন্য পাকিস্তানের সাবেক অধিনায়ক ইমরান খানেরও কড়া সমালোচনা করেছেন সরফরাজ নেওয়াজ। তিনি বলেছেন, ‘ইমরান খুব ভুলভাবে ভারতকে ফেবারিট আখ্যায়িত করেছে। ভারতে বসে এ ধরনের মন্তব্য করা তাঁর উচিত হয়নি। ইমরানের উচিত ছিল নিজ দেশের ক্রিকেটারদের অনুপ্রাণিত করা। ভারতকে হারানোর মতো দক্ষতা, কৌশল সবই আমাদের আছে।’ ডেইলি টাইমস।