‘শত্রুতা’ ভুলে মেসির মরিনহো-স্তুতি
রিয়াল মাদ্রিদের কোচ থাকার সময় প্রায়ই লিওনেল মেসিকে কথার বাণে বিদ্ধ করতেন। মেসি অবশ্য কখনোই হোসে মরিনহোর ওই সব খোঁচা গায়ে মাখেননি। পাল্টা জবাব দেওয়াটাও ঠিক তাঁর সঙ্গে মানায় না।তার পরও মেসির সঙ্গে মরিনহোর ‘ঠোকাঠুকি’ বেশ পুরোনো। মরিনহো যখন প্রথম (২০০৪-০৭) চেলসির দায়িত্বে ছিলেন, তখনই মেসির প্রতি ছুড়ে দিয়েছিলেন ঝাঁজাল বাণ। সেই মরিনহো বিভিন্ন ক্লাব ঘুরে এ মাসের গোড়ার দিকে ফিরে গেছেন চেলসিতে। হয়তো আগামী দিনেও বার্সা ফরোয়ার্ডকে ছেড়ে কথা বলবেন না ‘স্পেশাল ওয়ান’। তবে মরিনহোর ওপর এখনো ক্ষোভ নেই মেসির।চেলসিতে দ্বিতীয় মেয়াদে পর্তুগিজ কোচের সফলতা কামনা করে মেসি বুঝিয়ে দিয়েছেন, মরিনহোর বড় ভক্ত তিনিও। সফলতা কামনা করেছেন চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব রিয়ালেরও, ‘রিয়াল মাদ্রিদের মতো শক্তিশালী দলের বিপক্ষে ভবিষ্যতেও লড়ব আমরা। মরিনহো গ্রেট কোচ। তবে আমরা জানি, আনচেলত্তিও কোচ হিসেবে (রিয়ালের নতুন কোচ) সমান সফল। আমার মনে হয়, চেলসিতে ফিরে সফল হবেন মরিনহো। কারণ তিনি ম্যানেজার হিসেবে অসাধারণ।’সম্প্রতি বার্সায় যোগ দিয়েছেন ব্রাজিলীয় ফরোয়ার্ড নেইমার। অনেক সাবেক খেলোয়াড়ই মনে করছেন, মেসি-নেইমার একসঙ্গে খেললে সমস্যায় পড়তে পারে বার্সা। মেসির অবশ্য তেমন আশঙ্কা নেই, ‘আমি জানি, নেইমার দারুণ খেলোয়াড়। ও বার্সেলোনাকে অনেক কিছু দিতে পারে। বার্সায় আমরা একসঙ্গে খেলব, এটা ঈশ্বরের ইচ্ছা।’মেসি সম্পর্কে প্রায়ই একটা কথা বলা হয়, বার্সার হয়ে তিনি যতটা সফল, জাতীয় দলের হয়ে ততটা নন। বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার হয়ে দুর্দান্ত খেলে সেই অপবাদ কিছুটা ঘুচিয়েছেন তিনি। টানা চারবারের ফিফা বর্ষসেরা খেলোয়াড় মেসি স্বপ্ন দেখছেন ২০১৪ বিশ্বকাপের শিরোপা জেতার, ‘ঈশ্বর সহায় হলে আমরা বিশ্বকাপ জিতব। প্রতিযোগিতার এক বছর বাকি। পারফরম্যান্সে আরও উন্নতি করতে হবে আমাদের। আমি মনে করি, হাতে যথেষ্ট সময় রয়েছে। উন্নতির ধারাটা বজায় রাখতে পারলে শিরোপা জয়ের স্বপ্ন দেখতেই পারি আমরা।’ সূত্র: ফিফা ডটকম।আজ রাতের ওয়েস্ট ইন্ডিজ-শ্রীলঙ্কা ম্যাচের সর্বশেষ স্কোর পেতে C লিখে এসএমএস করুন 2221 নম্বরে