'শত্রুশিবিরে'র মাহেলা ভয় এসএলসির!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংল্যান্ড ক্রিকেট দলের ব্যাটিং পরামর্শক হিসেবে আগেও কাজ করেছেন মাহেলা জয়াবর্ধনে। কাজ করবেন ৮ মার্চ ভারতে শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপেও। কিন্তু এই বিশ্বকাপের একই গ্রুপে শ্রীলঙ্কা ও ইংল্যান্ড। ‘শত্রুশিবিরে’ মাহেলার অবস্থান এবার আর সহজে মানতে পারছে না শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
শ্রীলঙ্কা লঙ্কান ক্রিকেট বোর্ডের সভাপতি থিলাঙ্গা সুমাথিপালার আশঙ্কা, এতে করে শ্রীলঙ্কা দলের ড্রেসিংরুমের খুঁটিনাটি চলে যাবে প্রতিপক্ষের কাছে!
টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় ইংল্যান্ড দলের ‘পরামর্শক’ হিসেবে জয়াবর্ধনের চাকরিটা মাত্র ১০ দিনের। কিন্তু জয়াবর্ধনের এই চাকরিতে নিজের হতাশাটা স্পষ্ট প্রকাশ করে দিয়েছেন সুমাথিপালা, ‘জয়াবর্ধনে ইংল্যান্ড দলের দায়িত্ব নেওয়ায় আমি হতাশ। এতে আমি দুঃখও পেয়েছি। অবসরের পর কোনো খেলোয়াড় যদি অন্য কোনো দলের সঙ্গে যুক্ত হতে চায়, তাহলে অবশ্যই সেটি ২৪ মাস পর হওয়া উচিত। অবসরের সঙ্গে সঙ্গেই প্রতিপক্ষ দলের কোনো দায়িত্বে যাওয়া ঠিক নয়।’
বোর্ড সভাপতির এমন মন্তব্যে অবশ্য বিস্ময় প্রকাশ করেছেন জয়াবর্ধনে। সুমাথিপালার বক্তব্য ‘হাস্যকর’ই মনে হচ্ছে তাঁর কাছে, ‘আমি শ্রীলঙ্কার ওয়ানডে দলের সঙ্গে নেই এক বছর। টি-টোয়েন্টি ছেড়েছি, সেটিও দুই বছর হতে যাচ্ছে। এই সময়ের মধ্যে শ্রীলঙ্কা দলের ড্রেসিংরুমে আলোচিত কৌশল যদি সময়ের সঙ্গে বদলে না যায়, তাহলে বুঝতে হবে নিশ্চয় দলে কোনো সমস্যা আছে।’ তথ্যসূত্র: ক্রিকইনফো।