‘শাস্তি দেওয়াটা পুরোপুরি বিসিবির ব্যাপার’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আকসুর যে তদন্ত রিপোর্ট নিয়ে এত দিন কৌতূহল ছিল সবার, সেটি ঢাকার এক হোটেলে সংবাদ সম্মেলনে প্রকাশ করা হলো কাল। সেখানেই তদন্ত রিপোর্টের বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিলেন আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন ও বিসিবি সভাপতি নাজমুল হাসান। এই প্রশ্নোত্তর পর্বের প্রধান অংশ তুলে দেওয়া হলো অভিযুক্ত নয়জনের পরিচয় জানাবেন? এর মধ্যে কোন দলও কি অভিযুক্ত? এঁরা সবাই কি বাংলাদেশি?ডেভ রিচার্ডসন: দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দুর্নীতি দমন নীতি অনুযায়ী তদন্ত শেষ হওয়ার আগে আমরা কারও নামই বলতে পারছি না। বুঝতেই পারছেন, এমনও হতে পারে যে শেষ পর্যন্ত কেউ কেউ দোষী প্রমাণিত হলেন না। এই সময়ে কারও নাম প্রকাশ করাটা তাই তদন্তের জন্য ভালো হবে না। দলের ব্যাপারে যেটা বলতে পারি, আমরা এরই মধ্যে বলেছি ফিক্সিংয়ের অভিযোগ ঢাকা গ্ল্যাডিয়েটরসের ম্যাচগুলো নিয়ে। অন্য কোনো দল জড়িত কি না, সেটা এখনই আমরা বলতে পারছি না। সবাই বাংলাদেশি কি না—এই প্রশ্নের উত্তরেও কোনো জল্পনার জন্ম দিতে চাই না। সংবাদমাধ্যমে ইতিমধ্যেই অনেক নাম লেখা হয়েছে। কিন্তু আমি কোনো দল বা কারও জাতীয়তা নিয়ে কিছু বললে সেটা শুধু জল্পনাই বাড়াবে, আমি এটা করতে চাই না। এমনও হতে পারে, তাঁরা শেষ পর্যন্ত নির্দোষ প্রমাণিত হলেন। এখনই তাই কোনো নাম বলাটা উচিত হবে না। মোহাম্মদ আশরাফুলের ব্যাপারটা কী হবে? তিনি তো ইতিমধ্যে দোষ স্বীকার করেছেন। তাঁর শাস্তির ব্যাপারে সিদ্ধান্ত নিতে আপনারা কত দিন সময় নেবেন? আর নয়জনের মধ্যে যদি কেউ থাকেন, যাঁরা এখন বাংলাদেশের বয়সভিত্তিক দলে বা ‘এ’ দলে খেলছেন, তাঁদের কী হবে?রিচার্ডসন: যদি কোনো বর্তমান খেলোয়াড়ের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগ ওঠে, তিনি বাংলাদেশেরই হোক বা অন্য কোনো দেশের, তাঁকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হবে এবং তিনি খেলতে পারবেন না।ট্রাইব্যুনাল আশরাফুলকে কতটুকু দোষী সাব্যস্ত করবেন, সেটা আমরা এখনই অনুমান করতে পারব না। কেউ ফিক্সিংয়ের অভিযোগে দোষী প্রমাণিত হলে নিয়ম অনুযায়ী তাঁকে পাঁচ বছর থেকে আজীবন নিষিদ্ধ হতে হবে। আবার কেউ জড়িত নন, কিন্তু এ ধরনের ঘটনা জেনেও রিপোর্ট করেননি, সে ক্ষেত্রে তাঁর দুই থেকে পাঁচ বছরের নিষেধাজ্ঞা হতে পারে। নয়জনের সবাই কি খেলোয়াড়? নাকি এঁদের মধ্যে কর্মকর্তা বা অন্য কেউ আছেন?রিচার্ডসন: আবারও বলছি, এ বিষয়ে আর বিস্তারিত বলতে পারব না। তবে তাঁরা সবাই খেলোয়াড় নন। আপনি বলেছেন, নয়জন জড়িত এবং এঁরা যদি খেলোয়াড় হন, তাহলে তাঁদের নিষেধাজ্ঞা দেওয়া হবে। কিন্তু ধরা যাক, এঁদের মধ্যে কোনো দলের মালিক আছেন। তাঁর ক্ষেত্রে কী শাস্তি হবে?রিচার্ডসন: দলের মালিক, ম্যানেজার, কোচ, কর্মকর্তা বা অন্য যে কেউ হোন, একই রকম শাস্তি তাঁর জন্য প্রযোজ্য হবে। নয়জনের মধ্যে বাকিদের কেউ যদি অন্য দেশের হয়ে থাকেন, তাহলে তাঁদের বিরুদ্ধে কে শাস্তিমূলক ব্যবস্থা নেবে—আইসিসি নাকি সংশ্লিষ্ট ক্রিকেট বোর্ড? রিচার্ডসন: এই শুনানি ও শাস্তি পুরোপুরি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যাপার। তবে আইসিসির প্রতিটি সদস্য এই সিদ্ধান্তকে সম্মান জানানোর ব্যাপারে সম্মত হয়েছেন। সুতরাং বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি কাউকে শাস্তি দেয় এবং তিনি যদি অন্য দেশেরও হন, তাহলে সংশ্লিষ্ট ক্রিকেট বোর্ড সেটাকে সম্মান জানাবে।  আশরাফুল তো স্বীকারোক্তি দিয়েছেন এবং আকসুকে তদন্তে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন। আপনি কি বিসিবিকে তাঁর ব্যাপারে নমনীয় হতে সুপারিশ করবেন?রিচার্ডসন: এটা সম্পূর্ণই ডিসিপ্লিনারি ট্রাইব্যুনালের ব্যাপার। নির্দিষ্ট করে আশরাফুলের উদাহরণ না টেনে আমি শুধু এটুকু বলতে পারি, যেকোনো তদন্তে অভিযুক্ত কেউ যদি সত্য বলেন, সহযোগিতা করেন, তাহলে সেই ট্রাইব্যুনাল তাঁর ব্যাপারে নমনীয় হতে পারেন। এটা শুধু আশরাফুল নন, অন্য যে কারও বেলায় হতে পারে। কেউ দোষী প্রমাণিত হলে তাঁর পাঁচ বছর থেকে আজীবন নিষেধাজ্ঞা হতে পারে। তাহলে কি আশরাফুলের অন্তত পাঁচ বছরের শাস্তি হতে যাচ্ছে? তিনি তো এরই মধ্যে দোষ স্বীকার করেছেন।রিচার্ডসন: কার কতটুকু শাস্তি হবে, সেটা আসলে আমরা বলতে পারছি না। এটা সম্পূর্ণ ট্রাইব্যুনালের ব্যাপার।  আপনি বলছেন, নয়জনের জড়িত থাকার অভিযোগ উঠেছে, আকসুর কাছে তাঁদের বিরুদ্ধে প্রমাণও আছে। কিন্তু তার পরও কারও নাম না বলাটা কি জল্পনা আরও বাড়াবে না? আরেকটা ব্যাপার হচ্ছে, যেটা সংবাদমাধ্যমে এসেছে এবং বিসিবি সভাপতিও স্বীকার করেছেন, কিছু আন্তর্জাতিক ম্যাচেও আশরাফুল ফিক্সিংয়ে জড়িত ছিলেন, যাতে কয়েকজন সাবেক বাংলাদেশি ক্রিকেটারের জড়িত থাকার অভিযোগ উঠেছে। ওই তদন্ত কী অবস্থায় আছে? রিচার্ডসন: হ্যাঁ, এটা জল্পনা আরও বাড়াতে পারে। কিন্তু এটা করা হচ্ছে যাতে শেষ পর্যন্ত যদি কেউ নির্দোষ প্রমাণিত হন, তাঁর নাম আগে থেকে যাতে এই ধরনের এই গুরুতর অভিযোগের সঙ্গে না জড়িয়ে যায়। এটাই কোড অব কন্ডাক্ট এবং শুনানি শেষ না হওয়া পর্যন্ত আমরা কারও নাম বলব না। এটা ঠিক হবে না।আন্তর্জাতিক ম্যাচ ফিক্সিং প্রসঙ্গে বলি, হ্যাঁ, আশরাফুল হয়তো তাঁর বিবৃতিতে আন্তর্জাতিক ম্যাচ নিয়েও কিছু কথা বলেছেন। তবে আকসুর এই তদন্ত ও শুনানি শুধু বিপিএলের ফিক্সিং নিয়ে। অন্যান্য ম্যাচ নিয়ে যদি তদন্ত করতে হয়, সেটাও করা হবে। তবে আপাতত শুধু বিপিএলের বিষয়টি নিয়েই তদন্ত চলছে। আকসুর সীমাবদ্ধতা নিয়ে আমরা অনেক কথা শুনি। তারা যখনই কোনো দেশে কাজ করতে যায়, পর্যাপ্ত সহযোগিতা পায় না। তো এই তদন্তের ঘটনাটি কি আকসুর জন্য অনেক বড় কিছু নয়? বিশেষ করে এখন পর্যন্ত এত বড় তদন্ত আর কোথাও হয়তো হয়নি।রিচার্ডসন: আসলে এসব দুর্নীতি শুধু কয়েকটি দেশে সীমাবদ্ধ নয়, এটা এখন বিশ্বব্যাপী ছড়িয়ে গেছে। তবে ওয়াই পি সিংয়ের নেতৃত্বে আকসু খুব ভালো কাজ করছে। তারা আইসিসির সদস্যদেশগুলোর সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছে এবং সেসব বোর্ডের সহযোগিতা নিতে পারছে।আকসু সাধারণত চারটি বিষয় নিয়ে কাজ করে। এক, খেলোয়াড়দের শিক্ষিত করা, সেই সঙ্গে খেলার সঙ্গে জড়িত বাকি সবাইকেও এসব বিষয় নিয়ে সতর্ক করা। দুই, তদন্ত ও তথ্য সংগ্রহের ওপর জোর দেওয়া। তিন, এসব তথ্যের ভিত্তিতে আগে থেকেই ম্যাচ ফিক্সিং প্রতিরোধের চেষ্টা করা। চার, এর পরও যদি কেউ জড়িয়ে যান, তাহলে যাতে তাঁর যথেষ্ট শাস্তি হয়, সেটা নিশ্চিত করা। একটা ব্যাপার মনে রাখতে হবে, পুলিশের যেমন ক্ষমতা থাকে, আকসুর সে রকম ক্ষমতা নেই। তাদের সীমিত সাধ্যের মধ্যে তারা যথেষ্ট ভালো কাজ করছে। বিচারকাজের কোনো নির্দিষ্ট সময় কি আছে? আশরাফুল তো এরই মধ্যে নিষিদ্ধ হয়েছেন। বাকি আটজনের ব্যাপারে এখনো কিছু হয়নি। এটা কি আশরাফুলের প্রতি অন্যায় নয়?রিচার্ডসন: দেখুন, আশরাফুল নিজে থেকেই সংবাদমাধ্যমে নিজের দোষ স্বীকার করেছেন, এটা তাঁকে আমরা কেউ বলিনি। সময়ের ব্যাপারে যেটা বলতে পারি, বিসিবির হয়ে আইসিসি এ তদন্ত করছে। আমরা মনে করছি, আরও মাস দুয়েক সময় লাগবে। প্রাথমিক শুনানি শেষ করার পর আইসিসিকে সেটা জমা দিতে হবে। অভিযুক্ত ব্যক্তিরা তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগের জবাব দিতে পারবেন। আমরা জানতে পারব, যাঁদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাঁরা দোষী, নাকি নির্দোষ। তারপর সবাইকে পাওয়া গেলে একটা তারিখ ঠিক করা হবে। সুতরাং আমার মনে হয়, আরও মাস দুয়েক সময় লাগবে। ট্রাইব্যুনাল কবে গঠন করা হবে? আর ট্রাইব্যুনাল যখন গঠন করা হবে এবং অভিযুক্ত নয়জনকে ডাকা হবে, সেটা তো সবাই জানবেই। তাহলে এখন তাঁদের নাম বলছেন না কেন আপনারা?রিচার্ডসন: আসলে বাস্তব যেটা, সেটা তো মেনে নিতেই হবে। কিন্তু আমাদের একটা নিয়ম আছে যে দোষী প্রমাণিত হওয়ার আগে অভিযুক্ত কারও নাম প্রকাশ করা যাবে না এবং আমরা সে নিয়ম মানতে বাধ্য। আপনি বলছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড ট্রাইব্যুনাল গঠন করবে। কিন্তু অভিযুক্ত কেউ যদি বাংলাদেশি না হয়ে থাকেন, সে ক্ষেত্রে কী হবে?রিচার্ডসন: দেখুন, বিদেশি খেলোয়াড় হলেও যখন কেউ বিপিএলে খেলতে আসেন, তখন তাঁকে চুক্তি সই করতে হয়। তাঁর মধ্যে একটি ধারা অনুযায়ী, তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নিয়মের আওতায় থাকবেন। সুতরাং বিদেশি হলেও তিনি বিসিবির আইনের আওতায় পড়বেন। বাংলাদেশি ক্রিকেটারদের আন্তর্জাতিক ম্যাচ পাতানোর প্রসঙ্গে কি আরও একটু নির্দিষ্ট করে বলবেন? আইসিসি কি বিষয়টি তদন্ত করছে? তদন্ত শুরু হয়েছে, নাকি শুরু হবে, নাকি কোনো তদন্তই হবে না? রিচার্ডসন: তদন্ত হচ্ছে, নাকি হবে, নাকি হবে না—আমরা আসলে এটা বলার মতো অবস্থানে নেই। আকসু যে বিষয়টি নিয়ে কাজ করছে, সেই বিষয়ে আমাদের কথা বলার নিয়ম নেই।বললেন নাজমুল হাসান  প্রথমবারের মতো নয়জনের ম্যাচ ফিক্সিংয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগ বাংলাদেশ ক্রিকেটের জন্য কতটা দুঃখজনক? আর ট্রাইব্যুনাল কবে গঠিত হবে?নাজমুল হাসান: ট্রাইব্যুনাল খুব দ্রুতই গঠন করা হবে। আমরা এ নিয়ে এরই মধ্যে কাজ করছি। মনে হয় দু-তিন দিনের মধ্যে আপনারা জেনে যাবেন প্যানেলে কারা আছেন। ১০ জনের একটি প্যানেল করা হবে এবং তার মধ্য থেকে তিনজনকে নিয়ে ট্রাইব্যুনাল গঠন করা হবে।আর ম্যাচ ফিক্সিং নিয়ে আমি দুঃখিত। খুশি হওয়ার কোনো কারণই নেই। এ রকম কিছু ঘটেছে দেখে সবার মতো আমিও মর্মাহত। বিশেষ করে খেলোয়াড়, কর্মকর্তা, সংগঠক—যাঁদেরই জড়িত থাকার অভিযোগ উঠেছে, তাঁদের অনেকেই আমাদের প্রিয় খেলোয়াড় বা প্রিয় মানুষ। আমরা তাঁদের বিশ্বাস করেছিলাম। আর কেউ যখন বিশ্বাস ভেঙে দেন, সেটা খুব যন্ত্রণাদায়ক হয়। তবে একই সঙ্গে আমি বলব, আমি কিছুটা খুশিও। আমরা এটা রুখতে উদ্যোগ নিতে পেরেছি। খেলায় দুর্নীতি খুব দ্রুত সারা বিশ্বে ছড়িয়ে যাচ্ছে। আমরা যদি কিছু না করতাম, তাহলে এমন অবস্থা হতে পারত যে আর কখনো এটা থামানো যেত না। সুতরাং আমরা খুশি যে তদন্ত হচ্ছে, আকসু কাজ করছে। ফলাফল যা-ই হোক, সবাই এই বার্তা পাবে যে, দোষ করে কেউ পার পাবে না। আমাদের সবার এই বিশ্বাস থাকা উচিত। এটা এখন জানা কথা যে ঢাকা গ্ল্যাডিয়েটরস ফিক্সিংয়ে জড়িত ছিল। তাদের বিপিএল শিরোপা কি কেড়ে নেওয়া হবে? নাজমুল: আমি আসলে আইনি বিষয়টি এখনো জানি না। আর ডেভ যেটা বললেন, কেউ দোষী প্রমাণিত হওয়ার আগে আমরা তাঁকে দোষী বলতে পারি না। সুতরাং আজ, এখন পর্যন্ত সবাই নির্দোষ। আমরা রিপোর্ট পাওয়ার পর এ নিয়ে কথা বলতে পারব। এ মুহূর্তে এ বিষয়ে কথা বলা কঠিন। আপনি বলেছেন, ট্রাইব্যুনাল গঠনের পর অভিযুক্ত ব্যক্তিরা দোষ স্বীকার করার বা আত্মপক্ষ সমর্থনের জন্য ১৪ দিন সময় পাবেন। তাহলে তো নামগুলো বলে দেওয়া উচিত। নয়জনের নাম আপনারা কখন বলবেন?নাজমুল: আমরা বলব না। আসলে কেউ দোষী প্রমাণিত হওয়ার আগে আমরা কোনো নামই বলতে পারি না। তবে যাঁরা অভিযুক্ত তাঁরা ইতিমধ্যেই অভিযোগপত্র পেয়ে গেছেন। সকালেই তাঁদের সবার কাছে সেটা পাঠিয়ে দেওয়া হয়েছে। আমার মনে হয়, অনেকে নিজেই বলবেন এ বিষয়ে এবং আপনারা সংবাদমাধ্যমে তাঁদের নাম জানতে পারবেন। অথবা ট্রাইব্যুনাল যখন তাঁদের ডাকবেন তখন আপনারা দেখবেন। কিন্তু আমরা কারও নাম বলতে পারি না।