সুয়ারেজের পাশে কিয়েলিনিও!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লুইস সুয়ারেজ
লুইস সুয়ারেজ

‘শাস্তিটা বেশি হয়ে গেছে।’ কথাটা জর্জো কিয়েলিনির। যাঁকে কামড়ে দিয়ে চার মাসের নিষেধাজ্ঞা পেয়েছেন লুইস সুয়ারেজ, সেই ইতালিয়ান ডিফেন্ডারই মনে করছেন শাস্তিটা বেশি কড়া হয়ে গেছে। শুধু কিয়েলিনিই নন, সুয়ারেজের শাস্তিকে মাত্রাতিরিক্ত মনে করছেন ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা, ব্রাজিলিয়ান স্ট্রাইকার ফ্রেডসহ আরও অনেকেই। নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে উরুগুইয়ান ফুটবল ফেডারেশন। আর এরই মধ্যে গতকাল সকালে দেশে ফিরে বীরোচিত সংবর্ধনা পেয়েছেন সুয়ারেজ।
মন্টেভিডিও বিমানবন্দরে কয়েক শ উরুগুইয়ান সমর্থক হাজির হয়েছিলেন কলঙ্কিত নায়ককে সংবর্ধনা জানাতে। এঁদের মধ্যে ছিলেন খোদ উরুগুয়ের প্রেসিডেন্ট হোসে মুহিকাও। যদিও সুয়ারেজকে নিয়ে তাঁর ব্যক্তিগত বিমানটি আসতে দেরি করায় শেষ পর্যন্ত থাকতে পারেননি সুয়ারেজ-ভক্ত প্রেসিডেন্ট। তবে তিনি মনে করেন না সুয়ারেজ কামড়ে দিয়েছেন কিয়েলিনিকে।
চার মাসের নিষেধাজ্ঞা, নয়টি আন্তর্জাতিক ম্যাচে নিষিদ্ধ, ১ লাখ ১২ হাজার মার্কিন ডলার জরিমানা, বিশ্বকাপ থেকে বিদায়—সব মিলিয়ে শাস্তিটা অনেক বেশি মনে হচ্ছে সুয়ারেজের কামড়ের তৃতীয় শিকার কিয়েলিনি, ‘উপযুক্ত কর্তৃপক্ষের সিদ্ধান্ত সম্পর্কে আমার অবস্থান সব সময়ই স্পষ্ট। তবে একই সঙ্গে আমি মনে করি, শাস্তিটা অতিরিক্ত হয়ে গেছে। ওই ম্যাচটি নিয়ে এখন রাগ ও হতাশা ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। এই মুহূর্তে আমি শুধু লুইস ও ওর পরিবারকে নিয়ে ভাবছি। তাদের তো কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হচ্ছে।’ নিজের ওয়েবসাইটে ইতালিয়ান িডফেন্ডার লিখেছেন, ‘মনেপ্রাণে আশা করি, ম্যাচ চলাকালে সুয়ারেজকে সতীর্থদের কাছাকাছি থাকার অনুমতি দেওয়া হবে। কারণ, এ ধরনের নিষেধাজ্ঞা যেকোনো খেলোয়াড়কেই নিঃসঙ্গ করে দেয়।’
২৭ বছর বয়সী সুয়ারেজ গত বৃহস্পতিবারই ব্রাজিল থেকে বিদায় নিয়ে দেশে ফিরে গেছেন। ‘লুইস, পুরো উরুগুয়ে তোমার সঙ্গে আছে’ লেখা ব্যানার নিয়ে মন্টেভিডিও বিমানবন্দরে তাঁর অপেক্ষায় ছিলেন ভক্তরা। এক ভক্ত তো বলেই ফেললেন সুয়ারেজকে নিয়ে বাড়াবাড়ি করা হচ্ছে, ‘তার সঙ্গে এমন আচরণ করা হচ্ছে, যেন সে খুন করেছে।’
এই ভক্তের মতোই ভাবছেন ম্যারাডোনাও। ১৯৯৪ বিশ্বকাপের মাঝপথেই বিশ্বকাপ থেকে বহিষ্কৃত ’৮৬ বিশ্বকাপ বিজয়ী তারকা নিজের টেলিভিশন শোতে প্রশ্ন তুলেছেন, ‘সুয়ারেজ কাকে খুন করেছে?’
পরশু রাতে ভেনেজুয়েলার টেলিসুর ও আর্জেন্টিনার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত অনুষ্ঠানে ফিফাকে এক হাতই নিয়েছেন আর্জেন্টাইন কিংবদন্তি, ‘এটা ফুটবল, এখানে সংঘর্ষ হবেই। তারা (ফিফা) তাকে হাতকড়া পরিয়ে সোজা গুয়ানতানামোতে পাঠিয়ে দিলেই পারত।’
অনুষ্ঠানে ‘লুইজি, আমরা তোমার সঙ্গে আছি’ লেখা টি-শার্টও দেখিয়ে ম্যারাডোনা ফিফাকে বলেছেন, ‘সে যদি ভুল করে থাকে, ভালো কথা, তারা তাকে শাস্তি দিতেই পারে। তবে তারা বাড়াবাড়ি করতে পারে না, তাদের নীতিবাগিশ হওয়াও উচিত নয়।’
ওই অনুষ্ঠানেই ফোন করে ইউরোপীয়দের শাপশাপান্ত করেছেন উরুগুয়ের ৭৯ বছর বয়সী প্রেসিডেন্ট, ‘আমরা ইতালিকে বিদায় করেছি, বিদায় করেছি ইংল্যান্ডকেও। এতে কত টাকার ক্ষতি হয়েছে?’
আর্থিক ক্ষতির হিসাবটা এখন করতে হচ্ছে সুয়ারেজকেও। এরই মধ্যে বাজির ওয়েবসাইট ৮৮৮ পোকার সুয়ারেজের সঙ্গে চুক্তি বাতিল করেছে। ফুটবল-সামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান অ্যাডিডাসও বলে দিয়েছে, বিশ্বকাপ চলাকালে সুয়ারেজের কোনো বিজ্ঞাপন প্রচার করা হবে না। এএফপি।