শুরু হয়ে গেছে মোহাম্মদ আমিরের ‘শাপমোচন’। পুনর্বাসন-প্রক্রিয়ার অংশ হিসেবে আইসিসির একটি শিক্ষামূলক ভিডিওচিত্রে অংশ নিয়েছেন নিষিদ্ধ পেসার। বলেছেন পাকিস্তানের হয়ে খেলার স্বপ্ন দেখা, সেই স্বপ্নপূরণ আর আচমকাই ‘স্বর্গ থেকে পতন’ নিয়ে। ফেব্রুয়ারিতে লন্ডনের জেল থেকে মুক্তি পাওয়ার পর এটি আসলে আমিরের স্বীকারোক্তিমূলক দ্বিতীয় সাক্ষাৎকার। জেল থেকে বের হওয়ার পরপরই স্কাই স্পোর্টসে সাক্ষাৎকার দিয়েছিলেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইক আথারটনকে। ওটা ছিল উর্দুতে, এটা ইংরেজিতে। ৫ মিনিট ২৩ সেকেন্ডের ভিডিওটি আইসিসিকে ও আইপিএল দলগুলোকে দেওয়া হয়েছে। সব দলের ক্রিকেটারদের ভিডিওটি দেখানো হয়েছে বা হবে। আইপিএল স্পট ফিক্সিংয়ের সবচেয়ে বড় ক্ষেত্র বলে একটা অভিযোগ আছে। এ জন্যই হয়তো এই উদ্যোগ!পাকিস্তানের এক অজপাড়াগাঁ থেকে ক্রিকেটের সর্বোচ্চ পর্যায়ে উঠে এসে বিশ্বজুড়েই নজরকাড়ার গল্প শুনিয়েছেন আমির। পরে বলেছেন তাঁর দুনিয়াটা কীভাবে বদলে গেল, ‘আমি ৬ উইকেট পেয়েছিলাম (লর্ডস টেস্টে), কিন্তু খুব বাজে একটা কাজও করেছিলাম...ঘণ্টা দুয়েকের মধ্যে আমার জীবনটা বদলে গিয়েছিল। ওই দুটি নো-বল আমার জীবনটাকে ধ্বংস করে দিয়েছে।’ গত বছর আইসিসি দুর্নীতি দমন ট্রাইব্যুনালের কাছে নিজের দোষ স্বীকার করতে চেয়েও শেষ পর্যন্ত সাহস করে উঠতে পারেননি, ‘সব সময়ই জানতাম আমি ক্রিকেটের সঙ্গে প্রতারণা করছি, কিন্তু ভীষণ চাপে ছিলাম। তবে নিজের দোষ আমি স্বীকার করে নিচ্ছি। আইসিসির শুনানিতে আমি খুবই বিব্রত ছিলাম, কারণ জানতাম আমি মিথ্যা বলছি। আমি সত্য বলতে চেয়েছিলাম, কিন্তু সাহস ছিল না।’বাট, আসিফসহ তাঁর বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ ওঠার পরই আমির দোষ স্বীকার করে নেন। ছয় মাসের জেল হয়ে যায়। ১৩ এপ্রিল ২০ বছর পূর্ণ করতে যাওয়া পেসার ফিরে তাকিয়েছেন জীবনের সবচেয়ে দুঃসহ ঘটনাটার দিকে, ‘পুলিশ যখন আমাকে হ্যান্ডকাফ পরাল, আমি সত্যিই কেঁদে ফেলেছিলাম। মনে হচ্ছিল, এই জীবনে আর কখনো ক্রিকেটই খেলব না।’সবশেষে নিজের জীবনের অভিজ্ঞতা থেকে বাকিদের জন্য দিয়েছেন একটি বার্তা, যেটা আইসিসির মূল উদ্দেশ্য, ‘জেল খুব বাজে একটি জায়গা। আমার মতো ভুল কেউ করবেন না। আমি বোকামি করেছিলাম, কাউকে বলিনি, কারণ কোনো উপায় খুঁজে পাইনি। কেউ যদি আপনাদের অন্যায় কোনো প্রস্তাব দেয়, সরাসরি আইসিসির দুর্নীতি দমন বিভাগ ও টিম ম্যানেজমেন্টকে জানিয়ে দিন। তারা আপনাকে সহায়তা করবে।’গত মাসের শেষ দিকে আইসিসির প্রধান নির্বাহী হারুন লরগাত বলেছিলেন, আমিরকে অবশ্যই সঠিক পুনর্বাসন-প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। নিষেধাজ্ঞার মেয়াদ কমানো নিয়ে না ভেবে নিজেকে সচেতন করে তুলতে হবে। জানা গেছে, শিক্ষা ও পুনর্বাসন-প্রক্রিয়া নিয়ে আইসিসি ও পিসিবির সঙ্গে গোপন শর্তে একটা চুক্তি হয়েছে আমিরের। ওয়েবসাইট।