‘শিক্ষার আলো’ জ্বালতে বললেন ওয়াকার
পাকিস্তানি ক্রিকেটারদের বিরুদ্ধেই কেন বারবার ম্যাচ পাতানোর অভিযোগ উঠছে? পাকিস্তানিরাই কেন বারবার গড়াপেটায় জড়িয়ে যাচ্ছে, জুয়াড়িদের ফাঁদে পা দিচ্ছে? পাকিস্তান কোচ ওয়াকার ইউনুসের মতে মূল কারণ—শিক্ষার অভাব। শিক্ষার আলোয় আলোকিত নয় বলেই নাকি পাকিস্তানিরা পা বাড়াচ্ছে অন্ধকার জগতে।শিক্ষার অভাব বলতে ওয়াকার এখানে ঠিক প্রাতিষ্ঠানিক শিক্ষাকে বোঝাননি। পাকিস্তানের বেশির ভাগ ক্রিকেটার উঠে আসেন মধ্যবিত্ত, নিম্ন-মধ্যবিত্ত পর্যায় থেকে। সাধারণ অবস্থা থেকে উঠে আসা অনেকেরই জাতীয় দলে এসে হঠাৎ আলোর ঝলকানিতে চোখ ধাঁধিয়ে যায়। অনেকেই সবকিছুর সঙ্গে ঠিক মানিয়ে নিতে পারে না। ওয়াকারের ইঙ্গিত সেদিকেই। জাতীয় দলে চলে আসার পর ক্রিকেটারদের জীবনাচরণের শিক্ষা দেওয়া কঠিন। ওয়াকারের তাই সুপারিশ, বয়সভিত্তিক পর্যায় থেকেই এটা শুরু করতে হবে, ‘অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-১৯ পর্যায় থেকেই ক্রিকেটারদের শেখাতে হবে জাতীয় দলে এলে কীভাবে নিজেকে পরিচালনা করবে, কীভাবে নিজেকে সামনে এগিয়ে নিয়ে যাবে, কীভাবে নানা পরিস্থিতিতে মানিয়ে নেবে। পিসিবির উচিত এখনই এই প্রক্রিয়া শুরু করা।’ওয়ানডে ও টি-টোয়েন্টির অধিনায়ক শহীদ আফ্রিদির মতো ওয়াকারও বলেছেন, ইংল্যান্ড সফরটা ছিল দারুণ কঠিন। দলের পারফরম্যান্স ও সার্বিক পরিস্থিতিতে হতাশ না হয়ে পাকিস্তান কোচ তাকাচ্ছেন ভবিষ্যতের দিকে, ‘ক্রিকেটীয় দৃষ্টিকোণ কিংবা মাঠের বাইরের পরিস্থিতি, সব দিক থেকেই সিরিজটা ছিল খুব কঠিন। তবে এসব থেকে আমরা অনেক কিছু শিখেছি, ভাবষ্যতে যা কাজে লাগবে। আশা করি, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পরবর্তী সিরিজের আগেই অভিযুক্ত তিন ক্রিকেটারের ব্যাপারে কোনো একটা সুরাহা হবে। তবে ওরা ফিরুক আর না ফিরুক, দলে আরও অনেক তরুণ ক্রিকেটারের প্রয়োজন।’ওয়াকারের সুপারিশের চেয়েও অবশ্য এখন পিসিবির ভাবনাজুড়ে ইসিবির মোকাবিলা। ইজাজ বাটকে সতর্কীকরণ চিঠি পাঠানোর পর ইসিবির বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ার কথা ভাবছে পিসিবিও। ওয়াহাব রিয়াজের মুখে প্যাড দিয়ে আঘাত করায় জোনাথন ট্রটের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার চিন্তাভাবনা তাদের। শুধু তা-ই নয়, বাতাসে গুঞ্জন, ইংল্যান্ডের সঙ্গে ক্রিকেটীয় সম্পর্ক ছিন্ন করার কথাও ভাবছে পিসিবি। আর তিন অভিযুক্ত সালমান বাট, মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমির এখন ব্যস্ত আইসিসির নোটিশের জবাব দেওয়া নিয়ে। পিসিবির আইন উপদেষ্টা তাফাজ্জুল রিজভির পরামর্শে জবাব প্রস্তুত করছেন তাঁরা। ওয়েবসাইট।