বলছেন ওয়েইন রুনি ক্যারিয়ারের সেরা ফর্মে আছেন। আর তাঁর সেই ফর্মকে পুঁজি করে ৪৪ বছরের অপেক্ষা ঘোচাতে চায় ইংল্যান্ড। ফোর ফোর টু সাময়িকীকে দেওয়া সাক্ষাৎকারে ওয়েইন রুনি জানালেন শিরোপা জততে উন্মুখ হয়ে আছেন তিনিও
‘শিরোপা জিতলে ছুটিতে যাব’
ওয়েইন, বিশ্বকাপ শুরু হলো বলে। আমরা খুবই রোমাঞ্চিত। আপনার কী অবস্থা?ওয়েইন রুনি: আমিও খুবই রোমাঞ্চিত। আর মাত্র কটা সপ্তাহ। আমি সব সময়ই এ ধরনের টুর্নামেন্টে দারুণ উত্তেজনায় ভুগি। ভালো করতে চাই। এখনো একই রকম অনুভূতি হচ্ছে। ভুভুজেলার বিকট শব্দের জন্যও প্রস্তুত তো?রুনি: সত্যি বলতে কি, আমি এটার কথা শুনিনি। (পত্রিকার পক্ষ থেকে তাঁকে জানানো হলো, উচ্চমাত্রার শব্দ তৈরি করা এই বাদ্যযন্ত্র নিষিদ্ধ করার দাবি তুলেছেন জাভি আলনসো।) তাই নাকি, ও এমনটা বলেছে? বেশ, তবে এটা নিশ্চয়ই আবহ তৈরি করতে সাহায্য করছে। তবে আমি এটাও নিশ্চিত, সেখানে যথেষ্ট ইংলিশ সমর্থক থাকবে। পাল্টা জবাব হিসেবে তারাও নিজেদের মতো শোরগোল তুলবে। ৬০ হাজারের মতো ইংলিশ সমর্থক বিশ্বকাপে যাবে বলে আশা করা হচ্ছে। স্বাগতিক বাদে সবচেয়ে বেশি সমর্থক থাকছে আপনাদেরই।রুনি: বিশ্বকাপে সমর্থকদের যে সমর্থন আমরা পাই, সেটা সব সময়ই দুর্দান্ত। এবারও সে রকমই আশা। আমাদের ওপর প্রত্যাশার অনেক চাপ থাকবে। খেলার মধ্যে এমনও অনেক সময় আসবে, যখন সমর্থকদের পাশে পাওয়াটা আমাদের জন্য জরুরি হয়ে দাঁড়াবে। ২০০৪ ইউরোতে ইনজুরিতে পড়লেন। ২০০৬ বিশ্বকাপে গেলেন চোট থেকে মাত্রই সেরে উঠে। ২০০৮ ইউরো তো খেলতেই পারলেন না। এবার আপনার অনুপ্রেরণা কী?রুনি: আমি তো আশা করি, পুরো বিশ্বকে আমি আমার সেরাটা দেখিয়ে দেব। টুর্নামেন্টে পুরো ফিট হয়ে যাওয়াটা জরুরি। আশা করি, আমিও পুরো ফিট হয়ে উঠব। প্রথম ম্যাচের জন্য প্রস্তুত হওয়ার জন্য আমরা বেশ কয়েক সপ্তাহ সময় পাব। আমি নিশ্চিত, কৌশলগত অনুশীলনের পাশাপাশি আমরা এ সময়টায় ফিটনেসের অনুশীলনও করব। আগের ইংল্যান্ড দলগুলোর সঙ্গে এই দলটার পার্থক্য কি দেখেন?রুনি: পার্থক্য তো আছেই। জাতীয় দলে শুরু থেকেই দেখেছি, খেলোয়াড়েরা মাঠে একসঙ্গে মিলেই চেষ্টা করত। কিন্তু কোচ (ফ্যাবিও ক্যাপেলো) আসার পর দলে একটা দলগত চেতনার জন্ম নিয়েছে, যেটা খুবই গুরুত্বপূর্ণ। চিন্তা-চেতনার পুরোটাই এখন খেলা আর অনুশীলনে কেন্দ্রীভূত। এর ফল নিশ্চয়ই আমরা পাব। এই ২৪ বছর বয়সেই ইংল্যান্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে বিবেচনা করা হচ্ছে আপনাকেই। এটা কীভাবে মূল্যায়ন করেন?রুনি: সত্যি বলতে কি, আমি এটা নিয়ে মোটেও ভাবি না। কেবল একজন খেলোয়াড়কে দিয়ে তো আর দল হয় না। যেকোনো পর্যায় থেকে ম্যাচ জেতাতে পারে—এমন অনেক খেলোয়াড়ই আমাদের আছে। আমাদের খুব ভালো খেলতে হবে। সতীর্থদের কাছ থেকে প্রয়োজনীয় সহযোগিতা আর সমর্থন পেলেই কেবল আপনার পক্ষে সেরাটা খেলা সম্ভব। কদিন আগেই বাবা হয়েছেন। বিশ্বকাপের প্রায় পুরোটা সময় পরিবারকে ছেড়ে থাকাটা কত কঠিন?রুনি: বাড়িতে ছোট শিশু থাকলে তাকে তো মিস করবেনই। এটা খুবই স্বাভাবিক। কিন্তু আপনাকে বিশ্বকাপে পুরোপুরি মনোনিবেশও করতে হবে। বাড়িতে থাকলে পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য বেশ সময় হাতে পাওয়া যায়। কোচ ঠিকই বলেছেন, এই ছাড় দেওয়াটার মূল্য আছে। কারণ বিশ্বকাপ জিততে চাইলে আপনাকে শারীরিক এবং মানসিকভাবে তৈরি থাকতে হবে। তবে আপনার পরিবারও যদি বিশ্বকাপে যেতে চায়, তাদের আটকায় কারও সাধ্য নেই। হাজার হোক তারাও তো আরও অনেকের মতো ইংল্যান্ড সমর্থক। তাই তারা যদি ম্যাচ দেখতে চায়, এতে কোনো সমস্যা দেখি না। অনুশীলন আর ম্যাচের ফাঁকে যে সময়টা থাকে, সেটা কীভাবে কাটান?রুনি: এবার কী হবে জানি না। তবে আগের টুর্নামেন্টগুলোতে কিন্তু ব্যস্ত থাকার অনেক উপকরণই ছিল। সত্যি বলতে কি, টুর্নামেন্ট শুরুর আগে হয়তো একঘেয়ে লাগতে পারে। কিন্তু টুর্নামেন্ট শুরু হওয়া মাত্রই প্রতিদিন দেখার মতো ম্যাচ থাকবে আমাদের সামনে। দিনের বেলায় খুব একটা ঘুমাই না। হোটেলের আশপাশে চক্কর দেব, ফিফা ভিডিও গেমটি খেলা কিংবা কথা বলার জন্য সঙ্গী খুঁজে নেব। পিটার ক্রাউচ তো কথা দিয়েছেন, ফাইনালে গোল করতে পারলে সেই রোবট-নৃত্য আবার করে দেখাবেন। আপনি কী করবেন কিছু ঠিক করেছেন?রুনি: এখনো ঠিক করিনি। যদি শিরোপা জিতি, আমি তো পরিবারকে নিয়ে সোজা ছুটি কাটাতে চলে যাব। একান্ত নিজের মতো করে উদ্যাপন করব। ম্যানইউতে আপনি থাকেন সামনে, দুই পাশে দুজন। জাতীয় দলেও কি এটা কাজে দেবে?রুনি: কাজে না দেওয়ার তো কোনো কারণ দেখি না। আমাদের দ্রুতগতিসম্পন্ন ভালো ভালো উইঙ্গার আছে। বেশ অভিজ্ঞ সেন্ট্রাল মিডফিল্ডার আছে। তবে কেবল একজন খেলোয়াড়ের জন্য পরিকল্পনা পাল্টে ফেলা যায় না। কোচ নিশ্চয়ই একটা পরিকল্পনা করে রেখেছেন কীভাবে খেলাতে চান। ক্যাপেলো তো জানিয়েছেন, ইংল্যান্ডের আপাত লক্ষ্য সেমিফাইনালে জায়গা করে নেওয়া। আপনি নিজে ইংল্যান্ডের কতটা সম্ভাবনা দেখছেন?রুনি: স্পেন আর ব্রাজিল ফেবারিট। এরা ছাড়া আরও অনেকেই আছে যারা শিরোপা জিততে পারে। আমরা তো আছিই। ইতালি, জার্মানি, আর্জেন্টিনা আর নেদারল্যান্ডও ফেবারিট। একটু ভাগ্যের পরশ পেলে এদের প্রত্যেকে শিরোপা জিততে পারে। ব্যক্তিগত লক্ষ্য নিয়ে কতটা অনুপ্রাণিত? ইউরোপীয় বা বিশ্বসেরা ফুটবলার, বিশ্বকাপে সোনার বুট কিংবা ইংল্যান্ডের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা—কোনটি পেতে চান?রুনি: সবকিছুই দলকে ঘিরে। দলকে নিয়েই আপনি জেতেন, দলের সঙ্গেই হারেন। আমি সব সময়ই বলে এসেছি, ব্যক্তিগত পুরস্কারের জন্য আমি মুখিয়ে থাকি না। যদি পেয়ে যাই তো অবশ্যই খুশি হই। তবে আমি দলের সঙ্গে মিলে মেডেল জিততে চাই। তবে এগুলোর মধ্যে যদি সুনির্দিষ্ট একটা বেছে নিতে হয়, তাহলে ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ গোলদাতা হওয়ার কথাই বলব।