'শিরোপা ধরে রাখতে প্রস্তুত ওয়েস্ট ইন্ডিজ'

ক্রিকেটের অনিশ্চয়তা এমনিতেই খুব সুপরিচিত। ক্ষুদ্রতম সংস্করণ টি-টোয়েন্টিতে সেই অনিশ্চয়তার চিত্রটি ফুটে ওঠে আরও ভালোভাবে। ত্রিকালজ্ঞ জ্যোতিষীও হয়তো হিমশিম খাবেন টি-টোয়েন্টি বিশ্বকাপের ফেবারিট নির্ধারণ করতে গিয়ে। তবে নিশ্চিত করে বলা না গেলেও গতবারের শিরোপাজয়ী হিসেবে ওয়েস্ট ইন্ডিজের গায়ে তো থাকারই কথা ফেবারিটের তকমা। বিষয়টি অস্বীকারও করেননি কোচ ওটিস গিবসন। ড্যারেন স্যামিরা যে শিরোপা ধরে রাখার লড়াইয়ের জন্য পুরোপুরি প্রস্তুত আছেন, সেটাও জানিয়ে দিয়েছেন এই উইন্ডিজ কোচ।
সাম্প্রতিক সময়ে বেশ ভালো ফর্মেই আছে ক্যারিবীয়রা। ইংল্যান্ডের বিপক্ষে সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি সিরিজটাও তারা জিতেছে ২-১ ব্যবধানে। দল যে খুব ভালো অবস্থাতেই আছে, সেটা এই সিরিজ জয় দিয়েই নিশ্চিত হয়েছেন গিবসন। ওয়েস্ট ইন্ডিজের কোচ বলেছেন, ‘এই তিন ম্যাচ থেকে আমরা বুঝতে পেরেছি যে দল হিসেবে আমাদের অবস্থা কেমন। সিরিজটা আমাদের জন্য খুবই ভালো কেটেছে। আমরা জানি, বিশ্বকাপের শিরোপা ধরে রাখার কাজটা কঠিন হবে, কিন্তু এই মুহূর্তে আমরাও খুব ভালো অবস্থানে আছি। আমরা জানি জিততে গেলে আমাদের কী করতে হবে।’
ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ম্যাচ জিতে টি-টোয়েন্টি সিরিজ জয় নিশ্চিত করেছিল ওয়েস্ট ইন্ডিজ। উত্তেজনাপূর্ণ তৃতীয় ম্যাচটি মাত্র পাঁচ রানের ব্যবধানে হেরেছে তারা। এই ম্যাচে অবশ্য ওয়েস্ট ইন্ডিজ মাঠে নেমেছিল দলের প্রধান ব্যাটিং ভরসা ক্রিস গেইলকে ছাড়াই। টপ অর্ডার ব্যাটসম্যানদের নিয়ে কিছুটা অসন্তুষ্টিও প্রকাশ করেছেন কোচ। তবে সঠিক সময়ে তাঁরা যে প্রতিপক্ষের বোলারদের মধ্যে আতঙ্ক ছড়াতে পারবেন, সেই আশাও আছে গিবসনের। তিনি বলেছেন, ‘আমাদের ব্যাটসম্যানরা ভালো ফর্মে আছে। আশা করছি তারা মানিয়ে নিতে পারবে। আর মূলপর্ব শুরুর আগে আমরা ইংল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগও পাব। আমাদের কোনো গুরুতর ইনজুরির সমস্যা নেই। আমাদের অভিজ্ঞতা আছে আর আমরা আনন্দদায়ক ক্রিকেট খেলব। সব মিলিয়ে আমরা প্রস্তুত।’— ক্রিকইনফো