
টানা তিন বছর জাতীয় চ্যাম্পিয়ন। সামার ওপেন ব্যাডমিন্টনেও টানা দ্বিতীয়বার দ্বিমুকুট জিতলেন শাপলা আক্তার। পাবনা সংগীত মহাবিদ্যালয়ের প্রাক্তন ছাত্রীর গানের চেয়ে খেলার প্রতিই বেশি টান
ব্যাডমিন্টনে কয়েক বছর ধরে আপনাদের তো কেউ চ্যালেঞ্জ করতে পারছে না। রহস্য কী?
শাপলা আক্তার: নতুন খেলোয়াড়ও কিছু উঠে আসছে। তবে ওদের তুলনায় আমরা একটু বেশি অনুশীলন করছি। এ জন্য আমাদের সাফল্য আসছে।
এটা তো র্যাঙ্কিং টুর্নামেন্ট। এখানকার সেরাদের সুযোগ দেওয়ার কথা আন্তর্জাতিক টুর্নামেন্টে। অভিযোগ আছে, আপনারা বঞ্চিত হচ্ছেন।
শাপলা: এটা নামেই র্যাঙ্কিং টুর্নামেন্ট। কিন্তু আন্তর্জাতিক টুর্নামেন্টে গত কয়েক বছর আমাদের কোনো সুযোগই দেওয়া হয় না। জুনিয়র বিভাগের মেয়েরাই খেলতে যাচ্ছে দেশের বাইরে। আমাদের ছেলেদের সিনিয়ররা তো বঞ্চিত হচ্ছেই, মেয়েদেরও কোনো খোঁজ রাখে না ফেডারেশন। এই র্যাঙ্কিংয়ের ১ নম্বর আর ১৫ নম্বরে থাকা সমান কথা।
এ কারণে নিশ্চয়ই খুব খারাপ লাগে?
শাপলা: সারা বছর নিজেদের খরচে প্র্যাকটিস করার পরও যখন দেখি কোথাও পাঠানো হচ্ছে না, আমাদের অনেক কষ্ট লাগে। সর্বশেষ ২০১০ সালে টাটা ওপেন খেলতে ভারতে গিয়েছিলাম। এরপর আমাদের আর কোনো সুযোগই দেওয়া হচ্ছে না।
এবার তো টুর্নামেন্টের প্রাইজমানিও কমে গেছে...
শাপলা: আমরা খুবই হতাশ। টাকাগুলো হাতে নিতেও লজ্জা লাগে। গতবারের চেয়েও এবার তিন হাজার টাকা করে কম পেয়েছি। আমাদের কেডস, জার্সি, র্যাকেট, কর্কের অনেক দাম। এগুলো কিনতে গেলে আমাদের হাতে কিছুই থাকে না। যতটুকু পারে সাহায্য করে ক্লাব। আমরা এখনো খেলছি শুধু খেলাটা ভালোবাসি বলেই।
আপনারা দুই বোন তো একসঙ্গে ব্যাডমিন্টন খেলতেন। ইদানীং আপনার বড় আপাকে তো দেখা যায় না?
শাপলা: আমার বড় আপু শাফিনা এবং আমাকে খেলায় এনেছেন হাওয়া চাচি। স্কুলে আমি ভালো ব্যাডমিন্টন খেলতাম। চাচি হ্যান্ডবল আর ব্যাডমিন্টন দল নিয়ে ঢাকায় আসতেন। ২০০৫ সালে জুনিয়রে আমি আর আমার বড় আপু খেলেছিলাম। আপু এরপর ভলিবলও খেলেছে কয়েক বছর। কিন্তু লেখাপড়ার জন্য খেলাটা ছেড়ে দিয়েছে।
বাংলাদেশ গেমসের প্রায় ছয় মাস পর আরেকটি টুর্নামেন্ট হলো। মাঝের সময়টাতে কী করেছেন, মানে লম্বা বিরতিতে কী করেন আপনারা?
শাপলা: খেলা না থাকলে খুব খারাপ লাগে। কিন্তু নিজের উদ্যোগে প্র্যাকটিসটা চালিয়ে যাই।
কোথায় অনুশীলন করেন, পাবনাতেই?
শাপলা: পাবনা জেলা ক্রীড়া সংস্থা আমাদের অনুশীলনের কোনো সুযোগই দেয় না।
কেন?
শাপলা: বলা হয়, তুমি পাবনার মেয়ে হয়ে কেন নারায়ণগঞ্জ আর নিট কনসার্নের জার্সিতে খেলবে। আমাদের কথা, ন্যাশনালে আমাদের শুধু জার্সি আর র্যাকেট দিলে তো খেলব না। আমাদের আর্থিক পৃষ্ঠপোষকতারও দরকার আছে। অন্য সহযোগিতারও দরকার আছে। নিট কনসার্ন এগুলো দিয়ে পাবনার চার-পাঁচজন খেলোয়াড়কে বাঁচিয়ে রেখেছে।
নিট কনসার্ন কেমন সুযোগ-সুবিধা দেয়?
শাপলা: আমি নিট কনসার্নের খেলোয়াড় বলেই বলছি না, ওদের আন্তর্জাতিক মানের একাডেমি আছে নারায়ণগঞ্জে। নিজস্ব আবাসন ও ট্রেনিংয়ের ব্যবস্থা আছে। সেখানে সারা বছর নিজের মতো করে প্র্যাকটিস করছি।
আপনি তো একজন সংগীতশিল্পী। গানটা কি ছেড়ে দিয়েছেন?
শাপলা: (হাসি) আমি পাবনার শহীদ সাধন সংগীত মহাবিদ্যালয় থেকে এবার উচ্চমাধ্যমিক পাস করেছি। ওখানে গানের প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে হয়। এ জন্য চর্চাও করা লাগে। তবে গান গাইতে নয়, শুনতেই বেশি ভালো লাগে আমার। বেশি ভালো লাগে খেলতে। আমি শিল্পী না, আমি একজন খেলোয়াড়।
মেসির বিকল্প ইকার্দি
চোট মাঠের বাইরে ছিটকে দিয়েছে লিওনেল মেসিকে। আর্জেন্টিনার মন খারাপ করার এই কারণটাই একজনের জন্য বয়ে এনেছে সৌভাগ্য। মাউরো ইকার্দির সামনে খুলে গেছে আর্জেন্টিনার জাতীয় দলের দরজা। ইন্টার মিলানের ২০ বছর বয়সী স্ট্রাইকার প্রথমবারের মতো ডাক পেলেন জাতীয় দলে।
পয়েন্ট তালিকার শীর্ষে থেকে আর্জেন্টিনা ইতিমধ্যেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। তার পরও গত শুক্রবার বাছাইপর্বের শেষ দুটি ম্যাচের জন্য মেসির নেতৃত্বে পূর্ণ শক্তির দলই ঘোষণা করেন কোচ আলেসান্দ্রো সাবেলা। বুয়েনস এইরেসে সাবেলার দল পেরুর মুখোমুখি হবে ১১ অক্টোবর। এর চার দিন পর যাবে উরুগুয়েতে। কিন্তু লা লিগায় আলমেরিয়ার বিপক্ষে ম্যাচে ঊরুতে চোট পান মেসি। দুই থেকে তিন সপ্তাহ তাঁকে থাকতে হবে মাঠের বাইরে। যার অর্থ, বিশ্বকাপ বাছাইয়ের শেষ দুটি ম্যাচে তিনি অনিশ্চিত। রয়টার্স।
কোচ সাবেলা তাই মেসির বিকল্প হিসেবে গত পরশুই দলে ডেকেছেন ইকার্দিকে। কাকতালীয় ব্যাপার! এই ইকার্দির জন্মও মেসির শহর রোজারিওতে। মেসির মতো খেলেছেন বার্সেলোনার যুবদলেও।