‘শিশির’কে এবার ফেরাতে চান না সাকিব
মাশরাফি বিন মুর্তজা না থেকেও আছেন। ইনডোরে প্র্যাকটিস দেখতে এসে শুনতে হচ্ছে দর্শকদের অনুযোগ, ‘ভাই, কবে ফিরবেন মাঠে? আপনি থাকলে ওই দিন ভারতের সাথে জিতে যেতাম...।’ এমনিতে কথাটায় মাশরাফির খুশিই হওয়া উচিত। কিন্তু প্রিয় প্রতিপক্ষ ভারতের বিপক্ষে আরেকটি ম্যাচে দর্শক হয়ে থাকার যন্ত্রণা তা হতে দিচ্ছে কই!কে জানে, মাশরাফি হয়তো নিয়তির খেলায় এক টুকরো সান্ত্বনা হিসেবেই নিয়েছেন ভক্তের কথাটা। আর মাঠে যারা আজ সত্যিকার অর্থেই আরেকবার ভারতের মুখোমুখি, সান্ত্বনা বলুন বা প্রত্যাশা, এই ম্যাচে তারা কেবল জয়টাই দেখছে। ওয়েস্ট ইন্ডিজ আর জিম্বাবুয়ের বিপক্ষে সাফল্যের পর এই ত্রিদেশীয় সিরিজকে বলা হচ্ছিল বাংলাদেশের আসল পরীক্ষা, যে পরীক্ষায় ন্যূনতম প্রত্যাশা অন্তত একটা জয়। ভারতের বিপক্ষে আগের ম্যাচে সেটা পাওয়ার উজ্জ্বল সম্ভাবনা শেষ পর্যন্ত বেদনায় নীল হয়েছে। সেই অপূর্ণ সাধ কি পূরণ হবে আজ নিয়মরক্ষার ম্যাচে?সাকিব আল হাসান স্বপ্ন দেখাচ্ছেন, ‘শেষ ম্যাচটা অবশ্যই জিততে চাইব। অন্তত একটা জিনিস তো চাই-ই, যতটা ভালো ক্রিকেট খেলছি, এর চেয়ে খারাপ যেন না হয়। উন্নতির জায়গার তো অভাব নেই। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং সব জায়গায় উন্নতির জায়গা আছে।’ তবে ম্যাচ জয়ের আগে বাংলাদেশ অধিনায়কের প্রত্যাশা টস জয়, ‘এ ম্যাচে সবার আগে চাইব টস জিততে। আগে ফিল্ডিং করতে।’ ভারতের বিপক্ষে আগের ম্যাচে টস জিতেও আগে ব্যাটিং নিয়ে অনেক কথা শুনেছেন। সাকিবের ‘ইউ টার্ন’ কি সে কারণেই? ‘দেখি বোলাররা কিছু করতে পারে কি না’ বলে বোঝাতে চাইলেন ব্যাপারটা আসলে তা নয়। আগের তিন ম্যাচেই শিশিরভেজা বলে বোলিং করতে হয়েছে বলে বোলারদের ভালো-মন্দ বুঝে উঠতে সমস্যা হয়েছে। এই ম্যাচে সে ব্যাপারে পরিষ্কার ধারণা পেলে তো ভালোই হয়। নইলে সাকিবের মতো কোচ জেমি সিডন্সও এখনো মনে করেন, ওই উইকেটে ভারতকে আগে ব্যাটিংয়ে পাঠানোর মানে হতো নির্ঘাত আত্মহত্যা। যদিও দলের মধ্যে অন্য চিন্তাও ছিল সেদিন। সাকিব কেন টসে জিতে ব্যাটিং নিয়েছিলেন, তাত্ক্ষণিকভাবে অনেকেই মেলাতে পারেননি সে হিসাব। তবে স্কোরবোর্ডে ২৯৬ রান উঠে যাওয়ার পর তাদেরও মনে হয়েছিল, আগে ব্যাটিং করাই বুঝি ভালো হয়েছে। জয়ের গন্ধ তো পাওয়া গেছে!আজ আর গন্ধে সন্তুষ্ট হতে চাইছে না কেউ। নেই টস নিয়ে সেই দ্বিধাদ্বন্দ্বও। টসে জিতলে এ ম্যাচে যে সাকিব ফিল্ডিং নেবেন, সেটা কালই জেনে গেছে পুরো দল। সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল তো আগে বোলিং করলে দলের লক্ষ্য কী হবে সেটাও বলে দিলেন, ‘চেষ্টা থাকবে ওদের ২৭০-৮০ রানের মধ্যে বেঁধে ফেলার।’ আগের ম্যাচে ২৯৬ রান করার পরও আশরাফুলের মনে হয়েছিল, রানটা ভারতকে হারানোর জন্য যথেষ্ট নয়। তবে শেষ ম্যাচের আগে তিনি বেশ আত্মবিশ্বাসী, ভারতকে ২৮০ রানে মধ্যে আটকানো গেলে জেতা সম্ভব।নিয়মরক্ষার ম্যাচে বাংলাদেশ চাইলে অনেক পরীক্ষা-নিরীক্ষাই করতে পারত। কিন্তু আইসিএল-ফেরত শাহরিয়ার নাফীস-আফতাব আহমেদকে খেলানো বা অনেক দিন পর দলে ফেরা শাহাদাত হোসেনের বোলিংটা দেখে নেওয়া—সে রকম কোনো পথেই সম্ভবত হাঁটছে না দল। কাল অনুশীলন শেষে কোচ জেমি সিডন্সই জানালেন সম্ভাব্য একমাত্র পরিবর্তনটা কী হতে পারে এই ম্যাচে, ‘রাজীবকে (শাহাদাত) টেস্টের জন্য রাখতে চাই। কাল (আজ) হয়তো শফিউল দলে ফিরবে। রুবেলকে বিশ্রাম দেব ভাবছি।’ তার আগে অবশ্য অনুশীলনের আবহে কান পেতে শাহাদাতের সম্ভাবনার কথাও শোনা গিয়েছিল একটু। সম্ভাব্য বাদ পড়ার তালিকায় রুবেল হোসেনের সঙ্গে শোনা গিয়েছিল আবদুর রাজ্জাকের নাম। দলে আজ পরিবর্তন যা-ই হোক, আইসিএল-ফেরত দুই ক্রিকেটার আফতাব ও শাহরিয়ারের জন্য ত্রিদেশীয় সিরিজটা মাঠের বাইরে বসে থাকার সিরিজই হয়ে থাকছে।২৬০, ২৯৬, ২৪৯—ত্রিদেশীয় সিরিজের প্রথম তিন ম্যাচে হারলেও ব্যাটসম্যানদের পারফরম্যান্স আশাবাদী করছে সাকিবকে। অতৃপ্তি যা সেটা ভালো ইনিংসগুলোকে কেউ বড় পরিণতির দিকে নিতে পারেননি বলে, ‘আমি খুবই খুশি। মনে হয় না, আমরা ভালো ছাড়া খারাপ করছি। প্রতিদিনই উন্নতি করছি। তবে শেষ ম্যাচে কেউ যদি বড় রান করে, তাহলে খুবই ভালো হবে। আমরা সবাই রান করেছি, কিন্তু কেউ বড় রান করিনি। অনেকের সামনে সুযোগ এসেছিল। কেউ কাজে লাগাতে পারেনি।’ম্যাচ জয়ের তৃষ্ণার সঙ্গে এ ম্যাচে তাহলে আরেকটা চাওয়াও যোগ করে দিলেন সাকিব!