
শিশিরকে জয় করেই ইংলিশরা শ্রীলঙ্কান পাহাড় ডিঙিয়েছে। প্রথম ওভারে ২ উইকেট হারালেও ১৯০ রানের কঠিন লক্ষ্য পাড়ি দেওয়া সম্ভব এমন বিশ্বাস নাকি তাদের ছিলই। সেই শিশিরকে আরও আপন করে নিতেই কি না কাল অনুশীলনে বালতিভর্তি পানিতে বল চুবিয়ে বোলিং প্র্যাকটিস করল ইংল্যান্ড!
পরশু রাতে জয়ের পরই অভিনব এই অনুশীলনের আভাস দিয়েছিলেন স্টুয়ার্ট ব্রড, ‘শিশিরের কারণে বল ভারী হয়ে আসছিল। এটি বোলারদের জন্য ঝামেলার।’
অ্যালেক্স হেলসে্র ইতিহাস গড়া ইনিংসের সৌজন্যে লঙ্কাজয়ের পর এখন আত্মবিশ্বাসী ইংলিশ অধিনায়ক। শিশিরকে জয় করে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজকের ম্যাচটাও জিততে চান তিনি, ‘শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত জয় আমাদের সামনের দুটি ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, অনুপ্রেরণা জোগাবে সেমিতে যাওয়ার জন্য। শনিবারের ম্যাচটি ফ্লাডলাইটে। আমরা দুটি ম্যাচ খেলেছি রাতে। দক্ষিণ আফ্রিকা এই কন্ডিশনে খেলেনি। এটা আমাদের বাড়তি সুবিধা দেবে।’
ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টিতে নয়বার মুখোমুখি হয়েছে। চারবার জিতেছে দক্ষিণ আফ্রিকা। তিনবার ইংল্যান্ড। দুটি ম্যাচ পরিত্যক্ত। ২০০৭ বিশ্বকাপে প্রোটিয়ারা দেশের মাটিতে জিতেছিল ১৯ রানে। ২০০৯ সালে নিজেদের দেশের বিশ্বকাপেও ইংল্যান্ড হেরেছে ৭ উইকেটে। ২০১২ সালে বার্মিংহামে দুই দলের সর্বশেষ টি-টোয়েন্টি লড়াইটায় ইংল্যান্ড জয়ী ২৮ রানে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যখন আবার মুখোমুখি হচ্ছে তখন তাদের বোলিং সামলানোর প্রশ্নটি আসবেই। স্টেইনের গতির পাশে থাকবে ইমরান তাহিরের ঘূর্ণি। সেটি মাথায় আছে ব্রডেরও। এখানেও প্রেরণা শ্রীলঙ্কার ম্যাচ, ‘স্টেইন দুর্দান্ত বোলার। মালিঙ্গাকে যেহেতু সফলভাবে খেলেছি, স্টেইনকেও খেলতে পারব আশা করছি। এই কন্ডিশনে স্পিনারদের পারফর্ম করাটা বেশ কষ্টসাধ্য। মেন্ডিসকে যেমন দেখা গেল আমাদের বিপক্ষে। তাকে (তাহির) খেলা কঠিন হবে না।’ শেষ ম্যাচে মালিঙ্গা ও মেন্ডিসকে উইকেটবিহীন খরুচে বোলার বানিয়ে দেওয়ায় ব্রডের বিশ্বাসটা আরও বেড়েছে। তবে আমলা ও ডি ভিলিয়ার্সের ব্যাটিংটাকেও মাথায় রাখছেন তিনি।
হল্যান্ডে হোঁচট খেতে খেতে বেঁচে যাওয়া দক্ষিণ আফ্রিকার কোচ রাসেল ডমিঙ্গোকে ভাবিয়ে তুলেছে নিজেদের পারফরম্যান্স, ‘শেষ দুই ম্যাচে আমাদের ব্যাটিংয়ে সামান্য সমস্যা ছিল। আজ (বৃহস্পতিবার) কিছু ভুলের কারণে ১৭০-৮০ রান হয়নি। পরবর্তী ম্যাচের আগেই এই ভুল শোধরাতে হবে।’
তাঁরা দুজন

ডেল স্টেইন
তাহির-ডুমিনিরা থাকতে পারেন, কিন্তু এখনো প্রোটিয়া বোলিংয়ের সবচেয়ে বড় অস্ত্র ডেল স্টেইন। নিউজিল্যান্ডের সঙ্গে ম্যাচের শেষ ওভারে সেটা বুঝিয়েছেন। পরের ম্যাচে তাঁকে সামলাতে হিমশিম খেয়েছে হল্যান্ড। তিন ম্যাচে ৮ উইকেট, ওভারপ্রতি রান ছয়ের মতো। ‘স্টেইন-গান’-এর গর্জন আজ তো চাইবেই দক্ষিণ আফ্রিকা।
অ্যালেক্স হেলস্
আজ যখন ব্যাট হাতে নামবেন, পুরো ক্রিকেট বিশ্ব তাকিয়ে থাকবে তাঁর দিকে। আগের ম্যাচে অসাধারণ এক সেঞ্চুরিতে ইংল্যান্ডকে জিতিয়ে এখন আলোয় আলেক্স হেলস্। প্রথম ম্যাচে নিউজিল্যান্ড তাকে ফিরিয়েছিল শূন্য রানে, দক্ষিণ আফ্রিকাও আজ সেটাই চাইবে। হেলস যে সেটা চাইবেন না এ নিয়ে সবাই নিশ্চয়ই নিঃশংসয়।