‘শুধু একটা গোল দরকার’
দুপুরের খাবার খেতে সবাই নিচে নেমে গেছেন। হোটেল গালাধারির অষ্টম তলার ৮২৪ নম্বর কক্ষের দুই বাসিন্দা তখন কেবল তৈরি হচ্ছেন। একজন আরেকজনকে বলছিলেন, ‘...কালকে (আজ) একটা গোল করে বাধাটা কাটিয়ে দে...!’বাধাটা হলো, গোল না পাওয়া। রুমমেটের পায়ে গোল নেই গত ৮ ম্যাচ। যিনি কি না, দলের সাধারণ কোনো সদস্য নন, এক নম্বর স্ট্রাইকার! তার গোল-খরায় ভোগা তো গোটা দলের জন্যই উদ্বেগের খবর। ওয়ালি ফয়সাল সেটা ভালো করে জানেন বলেই জাহিদ হাসানকে (এমিলি) ‘জেগে ওঠার’ ঘণ্টাধ্বনি শোনালেন মিয়ানমার ম্যাচের আগের দুপুরে!জাহিদ হাসান ঘুমিয়ে আছেন—ব্যাপারটা এমনও নয়। গোল না পেলেও গোল করাচ্ছেন। পরশু তাজিকিস্তান ম্যাচে আতিকুরকে দিয়ে জয়সূচক গোলটা করিয়েছেন তিনিই। তা হোক, দল জাহিদের কাছে দল গোল চায়। গোল তাঁকে করতেই হবে...!যাঁর সঙ্গেই কথা হয়, সবারই এক কথা—‘সবই ঠিক আছে। কিন্তু এমিলি গোল পাচ্ছে না। এটা দলের জন্য চিন্তার বিষয়।’ সেটি দূর করতে অন্তর্বর্তীকালীন কোচ সাইফুল বারী তাজিকিস্তান ম্যাচের আগে আলাদা করে কথা জানতে চেয়েছেন সমস্যাটা কী? জাহিদ নিজেও সেটি বুঝতে পারছেন না! ‘আমি সবই করছি মাঠে। কিন্তু গোল পাচ্ছি না। একটা গোল পেয়ে গেলে সব ঠিক হয়ে যাবে’—বলছিলেন জাহিদ হাসান।এটা তাঁর আশা হলেও মোহাম্মদ আশরাফুল যেমন ক্রিকেট মাঠে অধারাবাহিক, ফুটবল মাঠেও ঠিক তেমন একজন হয়ে উঠছেন জাহিদ হাসান। এক গোল করে লম্বা একটা ঘুম!সর্বশেষ গোল করেছেন গত ডিসেম্বরে সাফের প্রথম ম্যাচে ভুটানের বিপক্ষে। ওই টুর্নামেন্টের বাকি তিন ম্যাচ, তারপর এসএ গেমসের পাঁচ ম্যাচের চারটি, চলমান এএফসি চ্যালেঞ্জ কাপের প্রথম ম্যাচ—গোলের রাস্তাটা সত্যিই ভুলে গেছেন দেশসেরা স্ট্রাইকারের স্বীকৃতি পাওয়া তরুণ!ঘরোয়া লিগে গোল আছে...আজ দুই গোল করছেন তো কাল হ্যাটট্রিক...! তাহলে কি, আন্তর্জাতিক ম্যাচে কড়া ডিফেন্স টলাতে হিমশিম খেতে হচ্ছে জাহিদকে?‘ঘরোয়া লিগে সুযোগ অনেক আসে। তাই গোলও পেয়ে যাই। কিন্তু আন্তর্জাতিক ম্যাচে সুযোগ পাওয়া যায় হাতে গোনা। মিস করলে সুযোগ শেষ। আন্তর্জাতিক ম্যাচে গোল বানিয়ে দিতে পারছি, গোলটাই শুধু করা হচ্ছে না। কাল (আজ) একটা গোল করলেই কুফা কেটে যাবে। শুধু একটা গোল দরকার’—জাহিদ হাসান নিজের ওপর আস্থা হারাচ্ছেন না।২০০৫ সাফ ফুটবলে আন্তর্জাতিক অভিষেকের পর ৪০টির ওপর ম্যাচ খেলে ফেলেছেন। অভিষেক টুর্নামেন্টে ভারতের বিপক্ষে দূরপাল্লার দর্শনীয় গোল করে যাত্রা শুরু, অনেক অভিজ্ঞতা হয়ে গেলেও আগের সেই জাহিদ হাসান কোথায়?চূড়ান্ত পাসের জন্য স্ট্রাইকাররা অপেক্ষা করেন, জায়গামতো থাকেন। সাম্প্রতিক সময়ে জাহিদকে সেভাবে পাওয়াই যাচ্ছে না। অনেক সময়ই নিচে নেমে বল পায়ে নেন। গোলে শট তেমন নেই। তাজিকিস্তান ম্যাচে তাঁর হেড পোস্টে থাকলেই গোল...এমন সহজ সুযোগও নষ্ট করেছেন। প্রসঙ্গটা তুলতেই কাতর কণ্ঠ জাহিদের, ‘কী করব...হচ্ছে না। খুব খারাপ লাগছে।’কিছুক্ষণ পরই দরজায় তালা দিয়ে ওয়ালি-জাহিদ খেতে চলে যান। খাওয়াওটাও হয়তো এখন আর ভালো লাগছে না জাহিদের!