‘শুধু কাঁদছিলাম আর কাঁদছিলাম’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্পেনের প্রথম বিশ্বকাপ জয়ের প্রথম বর্ষপূর্তি ছিল গত পরশু। স্পেনের একটি ক্রীড়া দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে এক বছর আগের দিনটায় ফিরে গেছেন ফাইনালের জয়ের নায়ক আন্দ্রেস ইনিয়েস্তা স্পেনের বিশ্বকাপ জয়ের এক বছর হয়ে গেল। ফাইনালের সেই গোল, বিশ্বকাপ ইতিহাসের সঙ্গে আপনার নাম জুড়ে গেল...ইনিয়েস্তা: সময় বয়ে যায়। ইতিহাসের অংশ হতে পেরে এবং ঐতিহাসিক ওই মুহূর্তটি উপভোগ করতে পেরে আমি গর্বিত। ফাইনালের গোল এবং বিশ্বজয় কি আপনাকে বদলে দিয়েছে?ইনিয়েস্তা: বাইরের কিছু বদলেছে, কিন্তু ভেতরের আমি আগের মতোই আছি।  গত বছরের ১১ জুলাই দিনটা কেমন ছিল?ইনিয়েস্তা: দিনটাকে আমাদের অন্যরকম কিছু মনে হয়নি, ফাইনালটা আর দশটা ম্যাচের মতোই ছিল। মনে আছে, আমরা ভীষণ শান্ত ছিলাম। কীভাবে সম্ভব হলো, ব্যাখ্যা করতে পারব না। কিন্তু স্পেনের প্রথম বিশ্বকাপ ফাইনাল হওয়ার পরও আমরা খুব সুস্থির ছিলাম। কখনো ভাবতে পেরেছিলেন, পুরো স্পেনের নায়ক হয়ে যাবেন?ইনিয়েস্তা: নাহ্। ২০০৬ সালে আলবাসেতেতে আন্তর্জাতিক অভিষেকই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ঘটনা। দুই বছর পরই ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জিতে যাব, এরপর বিশ্বকাপও..এত দূর ভাবাই তো ছিল কঠিন। জয়ের জন্য আমরা সবকিছু দিতে প্রস্তুত ছিলাম। স্পেন কখনোই এর আগে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার এত কাছে যেতে পারেনি। আপনি একবার বলেছিলেন, গোলটি করার ঠিক আগমুহূর্তে পুরো স্টেডিয়াম একদম নিস্তব্ধ হয়ে গিয়েছিল...ইনিয়েস্তা: মুহূর্তটি ছিল অবিশ্বাস্য। মনে হচ্ছিল, পুরো পৃথিবীটাই থমকে গেছে, যেন সবকিছু বরফ হয়ে গেছে। বলটা নিয়ন্ত্রণে নিলাম, শট দেওয়ার জন্য প্রস্তুত হলাম এবং আমি জানতাম গোল হবে। কেন? এর কোনো ব্যাখ্যা নেই। কিন্তু জানতাম গোল হবে। গোলটা হতেই হতো, কারণ মুহূর্তটি ছিল স্পেনের। বাকি ছিল আরও অনেক কিছুই, উদ্যাপনের জন্য দৌড়ে আমি কর্নারে গেলাম, পরে যেখানে ইকার (ক্যাসিয়াস) ট্রফি উঁচিয়ে ধরেছিল। তবে আরও অনেক বিশেষ মুহূর্ত আমাদের সবার হূদয়ে ধরা আছে। একটা ছবি আছে এরকম—দৌড়ে কর্নারে গিয়ে আপনি লাইন্সম্যানের দিকে তাকিয়ে আছেন...ইনিয়েস্তা: দৌড়ানোর সময় আমি লাইন্সম্যানের দিকে তাকিয়েছিলাম। কিন্তু বুঝতে পারিনি, তিনি ঠিক কী দেখেছেন। ১১৬তম মিনিটটা আমার জীবনের সবচেয়ে বিশেষ মুহূর্তগুলোর একটি।  ওয়েব (ফাইনালের রেফারি) তখন গোলের বাঁশি বাজালেন এবং এরপর...ইনিয়েস্তা: আমি ঘাসের ওপর পড়ে গেলাম। ভিক্টর ভালদেস (রিজার্ভ গোলকিপার) ছুটে এল কিন্তু মুখ থেকে কোনো শব্দ বেরোল না। আমি শুধু কাঁদছিলাম আর কাঁদছিলাম।  এরপর এল দানি জার্কের (অকালপ্রয়াত স্প্যানিশ ফুটবলার) স্মৃতি...ইনিয়েস্তা: ফাইনালের আগে কয়েক দিন আমি ভেবেছি, কীভাবে ওকে কিছু একটা উৎসর্গ করব। ড্রেসিং রুমে দেখলাম সার্জিও (রামোস) ও নাভাস টি-শার্ট পরছে, যেটায় ছিল তার ছবি। আমি তখন তোরেসের কাছে গেলাম, অনূর্ধ্ব-১৯ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জেতা দলে আমার ও দানির সঙ্গে তোরেসও ছিল। তোরেস আমাকে বলল, ‘মনে যা আসে, তা-ই কর।’  ফাইনাল শুরুর আগেই এত কিছু!ইনিয়েস্তা: হ্যাঁ। ফিজিওর কাছে গিয়ে বললাম, ‘টি-শার্টে এটা (দানি জার্ক, আমাদের সঙ্গেই সব সময়) লিখে দাও। সে যখন লিখছে, আমরা তখন গা গরম করছিলাম। ফিরে দেখি, ওর কাছে দানির টি-শার্ট। কিন্তু তখনো আমি ভাবতে পারিনি যে গোল করে ফেলব। টি-শার্টটা ছিল জিতে গেলে দানিকে উৎসর্গ করার জন্য। ‘সকার সিটি’ শব্দ দুটি শুনলে কী মনে হয়?ইনিয়েস্তা: সেই স্টেডিয়াম, যেখানে আমরা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছি, যেটা সব সময় থেকে যাবে আমাদের হূদয়ে।  স্পেন যে ঘরানার ফুটবল খেলে, সেটাই কি একবিংশ শতাব্দীর ফুটবল?ইনিয়েস্তা: জাতীয় দল এই ফুটবল খেলে আসছে দীর্ঘদিন ধরেই। এভাবে খেলেই আমরা অভ্যস্ত, লুইস (সাবেক কোচ আরাগোনেস) ও দেল বস্ক আমাদের এটাই বুঝিয়েছেন এবং এই দলটা এভাবে খেলেই পরিচিত। যখন সবকিছু ঠিকঠাকমতো হয়, স্পেনও ভালো খেলে। আমাদের এভাবেই খেলে যেতে হবে এবং আরও উন্নতি করতে হবে।  স্পেন না বার্সেলোনা?ইনিয়েস্তা: কোনো একটি নয়। বার্সা আমার জীবনের ক্লাব, যেখানে আমার ভালো খেলা প্রয়োজন ছিল, দেশের হয়ে খেলার সুযোগ পাওয়ার জন্য। ভবিষ্যতে লোকে কীভাবে ইনিয়েস্তাকে মনে রাখলে আপনার ভালো লাগবে?ইনিয়েস্তা: এমন একজন, যে বার্সেলোনা ও স্পেনের হয়ে সর্বস্ব উজাড় করে দিয়েছে এবং মাঠে ছিল সৎ। বিশ্বকাপ জয়ের এক বছরের মধ্যে এল ক্লাসিকোগুলোয় যা হলো, এসব আপনাকে কষ্ট দেয় না?ইনিয়েস্তা: ফুটবলে অনেক কিছুই হয়। আমরা বর্তমানে বাস করি। এসব হতেই পারে, কিন্তু এসবের প্রভাব চিরদিন থাকে না।