আশা ছিল এবারই ফিরবেন জাতীয় দলে। সেটা না হলেও হতাশ নন অলক কাপালি। জাতীয় লিগে ভালো খেলে ফেরার স্বপ্ন দেখছেন আবার। তবে কাল বাংলাদেশ ২৯৬ রান করার পর তাঁর স্বপ্নও ছিল আর সবার মতো—ভারতকে হারানোকেমন দেখলেন বাংলাদেশের ব্যাটিং?অলক কাপালি: খুবই ভালো ব্যাটিং হয়েছে। ব্যাটিং দেখে খুব ভালো লেগেছে।কার ব্যাটিং বেশি ভালো লাগল?অলক: সবাই তো ভালো ব্যাটিং করছে। তামিম ইকবাল গত কয়েক সিরিজ থেকেই খুব ভালো খেলছে। আজকেও (গতকাল) খুব ভালো শুরু করেছে। ইমরুল কায়েস প্রথমে ছন্দে না থাকলেও পরে ভালো খেলেছে। ওপেনিংয়ে ভালো শুরুর কারণেই এ রকম একটা স্কোর হলো। পরে রিয়াদও (মাহমুদউল্লাহ) ভালো ব্যাটিং করেছে। শেষ ‘পাওয়ার প্লে’র সদ্ব্যবহার করেছে ও।ভাবতে পেরেছিলেন ভারতের বিপক্ষে এত রান করবে বাংলাদেশ?অলক: আশা তো থাকেই। আশা ছিল ভালো একটা স্কোর হবে। টসে জিতে সাকিব আগে ব্যাটিং নেওয়ায় সবাই বিস্মিত। আপনি কী বলবেন?অলক: টসে জেতার পর ভেবেছিলাম সাকিব ফিল্ডিং নেবে। সবাই বলছে যে টস জিতবে সেই ম্যাচ জিতবে। পেপারে দেখলাম সুনীল গাভাস্কারও তাই বলেছেন। এই সিরিজে যারা আগে ফিল্ডিং করছে তাদেরই জেতার সুযোগ বেশি থাকছে। সন্ধ্যায় অনেক কুয়াশা পড়ে। বল গ্রিপ করা যাচ্ছে না। ২৯৬ রানও কি তাহলে যথেষ্ট হবে না?অলক: শিশিরটা বোলারদের সমস্যা করতে পারে। আর শ্রীলঙ্কার বিপক্ষে ভারত কিন্তু গত সিরিজে সাড়ে তিন শ রান তাড়া করেও জিতেছে। আমি তাই মনে করি রান চেজ করে জেতার চেষ্টা করাই ভালো হতো বাংলাদেশের জন্য। তারপরও যদি প্রথম ১০ ওভারের মধ্যে ২-৩টা উইকেট নেওয়া যায়, বিশেষ করে গম্ভীর-শেবাগ..., আমি মনে করি ভালো সুযোগ আছে বাংলাদেশের।প্রথম ম্যাচ আর কালকের ম্যাচ নিয়ে বাংলাদেশের যা পারফরম্যান্স, আপনি তাতে খুশি?অলক: আমাদের দলটা গত বছর খুব ভালো খেলেছে। এ বছরও শুরু থেকে ভালো হচ্ছে। প্রথম ম্যাচে ২৬০ রান অনেক। সব ম্যাচেই আমরা এখন লড়াই করতে পারছি। ৪-৫টা উইকেট শুরুতে পড়ে যাওয়ার পরও উইকেট থেকে যাচ্ছে হাতে।আপনার কথা বলেন। আলোচনা ছিল আপনি হয়তো এবারই ফিরতে পারবেন জাতীয় দলে। সেটা না হওয়ায় কি হতাশ?অলক: আসলে হতাশ না। আইসিএল থেকে ফেরার পর আমাদের প্রথম সিরিজের জন্যই দলে ডেকেছে, এটাও তো অনেক। ১৮ জনের দলে থাকার পর আশা ছিল ১৫ জনেও থাকব। যা-ই হোক, এটা নিয়ে আমি হতাশ নই। তবে জাতীয় লিগটা সময়মতো শুরু হলে হয়তো টেস্ট দলে থাকতাম। লিগ পেছানোয় আমার জন্য ক্ষতিই হলো। লিগে ভালো খেললে আমাকে হয়তো টেস্টের দলেও ডাকা হতো।তারপরও সম্ভাবনার আলোটা তো অন্তত দেখতে পেলেন এবার...। এখন টার্গেট কী?অলক: জাতীয় লিগটাই মূল টার্গেট। এই সিরিজের পর নিউজিল্যান্ড সিরিজ আছে। তারপর ইংল্যান্ড সিরিজ আছে। এই দুটি সিরিজ সামনে রেখেই জাতীয় লিগ শুরু করব।