‘শেবাগকে বোলিং করতে ভালোই লাগত’
অন্য প্রান্তে বীরেন্দর শেবাগকে দেখলে বুক দুরু দুরু করে না, এমন বোলার খুব কমই আছে। কিন্তু ভারতের ইতিহাসের সেরা পেসার হয়ে তো আর ভয় পেলে চলবে না! কপিল দেব বলেছেন, শেবাগকে বোলিং করতে তাঁর বরং ভালোই লাগত। যুক্তিটাও জুতসই, শেবাগ বলের বাছ-বিচার না করেই ব্যাট চালান। উইকেট পাওয়ার সম্ভাবনা তাই সব সময়ই থাকে!এ তো ছিল মজা করে বলা, সাবেক অধিনায়ক ছুঁয়ে গেছেন ভারতীয় ক্রিকেটের সাম্প্রতিক অনেক গুরুত্বপূর্ণ ইস্যুও। কথা বলেছেন ভারতের পেস বোলিংয়ের সার্বিক অবস্থা, সদ্য সমাপ্ত ইংল্যান্ড সফর, আইপিএল বনাম দেশসহ অনেক ব্যাপারেই। উপলক্ষ ছিল তৃতীয় দিলীপ সারদেশাই স্মারক বক্তৃতা। এবারে বক্তৃতা দেওয়ার কথা ছিল ইমরান খানের। কিন্তু রাজনৈতিক ব্যস্ততায় আসতে পারেননি পাকিস্তানের সাবেক অধিনায়ক। তাই বেছে নেওয়া হয় ভারতের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ককে। মুম্বাইয়ের ক্রিকেট ক্লাব অব ইন্ডিয়ায় পরশু নির্ধারিত সময়ের ঘণ্টা খানেক দেরিতে এসেছিলেন কপিল। কিন্তু মাতিয়ে রেখেছিলেন পুরো সময়টা।শেবাগের সঙ্গে যুবরাজ-ধোনিকেও একই কাতারে রেখেছেন কপিল, ‘শেবাগকে বোলিং করতে তো আমার ভালোই লাগত! ও তো সব বলই মারতে চায়! টেন্ডুলকার-দ্রাবিড় শুধু বাজে বলই মারবে। কিন্তু শেবাগ-ধোনি-যুবরাজরা ভালো-খারাপের তোয়াক্কা করে না, নিজেদের জায়গায় বল পেলে সেটাকে মাঠের বাইরেই ফেলতে চাইবে।’প্রায় দেড় যুগ ভারতের পেস আক্রমণকে একা সামলেছেন, আন্তর্জাতিক ক্রিকেটে দেশের হয়ে সবচেয়ে বেশি উইকেট পাওয়া পেসার তিনি। ১৩১ টেস্ট খেলেছেন, কিন্তু ইনজুরির কারণে বাইরে বসে থাকতে হয়নি এক টেস্টও। কিন্তু কপিলকে কষ্ট দেয় ভারতের বর্তমান পেসারদের মানসিকতা, ‘লর্ডস টেস্টে যা দেখলাম, এর চেয়ে খারাপ কিছু আর দেখিনি। দ্বিতীয় দিনে কিপিং গ্লাভস খুলে বোলিং করতে হলো ধোনিকে। সে ইশান্ত ও প্রাভিনকে জিজ্ঞেস করেছিল, ওরা ক্লান্ত কি না। আমি হলে এটা কখনোই হতে দিতাম না। প্রয়োজনে ওই দিন ২৫ ওভার বোলিং করতাম। আমাদের ফাস্ট বোলারদের লড়াকু মানসিকতা নেই। আমরাও ওদের ওপর বেশি বোঝা চাপিয়ে দিয়েছি। বছরের ৩৬৫ দিন খেললে তো গতি ধরে রাখা যাবে না।’ভারতে প্রতিভাবান ব্যাটসম্যানের অভাব না হলেও ফাস্ট বোলার সেভাবে উঠে না আসার কারণটা বলেছেন মজা করে, ‘একজন ফাস্ট বোলার হলো শ্রমিকের মতো, আর ব্যাটসম্যান অফিসারের মতো। সবাই অফিসার হতে চায়, শ্রমিক নয়।’ ইংল্যান্ড সফরে ভারতের ব্যর্থতার অন্যতম কারণ বলে মনে করেন অতিরিক্ত ক্রিকেটকে, ‘বিশ্বকাপের পর ক্রিকেটাররা হাঁফ ছাড়ার সুযোগই পায়নি। সাফল্যটা উপভোগের সময়ও পায়নি, চার দিনের মধ্যে আবার মাঠে নেমে (আইপিএল) পড়তে হয়েছে। প্রয়োজনীয় বিশ্রামটুকু না পেলে মাঠে নামার আগ্রহই হারিয়ে যায়, ইংল্যান্ডে তাই হয়েছে। বিশ্বকাপের পর অন্তত এক মাস কোথাও কোনো ক্রিকেট হওয়া উচিত নয়।’ ওয়েবসাইট।