'শেষ ভালো'র আশায় আবাহনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেডারেশন কাপ ও স্বাধীনতা কাপের সেমিফাইনালেই হোঁচট, প্রিমিয়ার লিগে তৃতীয়। দেশের বাইরে এএফসি প্রেসিডেন্টস কাপের বাছাইপর্ব থেকেই বিদায়। কাল শুরু হতে যাওয়া সুপার কাপকে হতাশা ঘোচানোর বড় উপলক্ষ হিসেবেই দেখছে আবাহনী। ‘শেষ ভালো যার সব ভালো তার’—কাল সংবাদ সম্মেলনের শুরুতেই তাই এমন কথা বললেন অধিনায়ক ওয়ালি ফয়সাল। সঙ্গে এটাও বললেন, ‘গত ১০ বছরে আমার ক্যারিয়ারে এমন বাজে মৌসুম কেটেছে কি না, সেটা মনে করতে পারছি না।’ মৌসুম শেষের টুর্নামেন্ট জয়ের আকুলতা ধরা পড়ল পেশাদার লিগের চারবারের চ্যাম্পিয়নদের কোচ অমলেশ সেনের কথায়।

আবাহনীর এমন ব্যর্থতার পেছনে চোটের অনেক ‘অবদান’ ছিল। চোটে ভুগেছেন সামাদ, সুজন, মিশু, প্রাণতোষ, তৌহিদ। অসুস্থ ছিলেন শাহেদ ও কোমল। আশার কথা, ধকলটা কাটিয়ে এখন সুস্থ সবাই। এটাই সাহস জোগাচ্ছে আবাহনীকে। ইরানি কোচ আরদেশির পোরনেমাত প্রেসিডেন্টস কাপের পর ছেড়ে যান দলকে। দায়িত্বে এসেছেন অমলেশ সেন। নতুন কোচের নতুন কৌশলে মানিয়ে নিতে কি সমস্যা হবে না খেলোয়াড়দের? অমলেশ জানালেন, ‘একটু অসুবিধা হয়তো হবে। তবে গত এক সপ্তাহ বিভিন্ন ফরমেশনে অনুশীলন করাচ্ছি।’ ওয়ালির আশা ট্রফিটা আবাহনীতেই থাকবে, ‘আমরা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। এটা ভেবে খেলোয়াড়েরা যদি শতভাগ উজাড় করে খেলে তাহলে আমরাই চ্যাম্পিয়ন হব।’

বরাবরই বিদেশি খেলোয়াড়নির্ভর আবাহনীর জন্য বড় চ্যালেঞ্জ এখানে স্থানীয়দের নিয়ে খেলা। নেপালে প্রেসিডেন্টস কাপে স্থানীয় খেলোয়াড়েরাই ছিল বড় ভরসা। এই টুর্নামেন্টে এদিক দিয়েই একটা সুবিধা পাওয়ার আশা তাই তাদের। আবাহনীর আক্রমণভাগে থাকছেন শাখাওয়াত রনি, কোমল বা তৌহিদ। বাইরে থেকে কোনো খেলোয়াড় নেয়নি আবাহনী। নিজেদের অনূর্ধ্ব-১৬ দল থেকে নিয়েছে পাঁচজনকে।

আবাহনীর মতো শিরোপাস্বপ্ন দেখছে না মুক্তিযোদ্ধা। দলকে ফাইনালে নিতে পারলেই খুশি থাকবেন কোচ শফিকুল ইসলাম (মানিক), ‘৯০ মিনিট যদি খেলোয়াড়েরা খেলতে পারে তাহলে আমরাও ফাইনালে উঠতে পারি।’

কিন্তু মুক্তিযোদ্ধার জন্য বাস্তবতাটা কঠিন। বকেয়া বেতনের দাবিতে বিদ্রোহ করেছিলেন খেলোয়াড়েরা। কিন্তু এখনো পুরো পারিশ্রমিক কেউ পাননি। দলের মধ্যে একটা অস্বস্তি তাই রয়েই গেছে। এ অবস্থায় খেলোয়াড়েরা নিজেদের কতটা উজাড় করে খেলবেন? অধিনায়ক জহিরুল ইসলাম অবশ্য সমস্যাটাকে তেমন পাত্তা দিলেন না, ‘চেয়ারম্যান স্যার আমাদের ডেকে বলেছেন, তোমরা খেলায় মনোযোগ দাও। টাকাপয়সার ব্যাপারটা আমি দেখব। আমরা তাই ওটা নিয়ে ভাবছি না।’