‘শোয়েব আখতার খেললে ভালোই হবে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরোনো বলে বরাবরই দুর্দান্ত ছিলেন। এখন নতুন বলেও সামলানো কঠিন হচ্ছে উমর গুলকে। কাল মোহালিতে সংবাদ সম্মেলনে অবশ্য শোয়েব আখতার আর ভারত-পাকিস্তান ম্যাচের তাৎপর্য নিয়েই বেশি বলতে হলো পাকিস্তানি পেসারকে। সেখানে ছিলেন উৎপল শুভ্র প্রথম স্পেলেই শচীন-শেবাগকে তুলে নেওয়ার ঘোষণা সম্পর্কে...উমর গুল: আগেও একটা ইন্টারভিউতে বলেছি ভারতের প্রথম তিনটি উইকেটই আসল। ওই তিনজনের ওপর ভারতের অনেক নির্ভরতা। ওই তিনজনকে (টেন্ডুলকার, শেবাগ, গম্ভীর) ফিরিয়ে দেওয়াটাই তাই আমার লক্ষ্য। শোয়েব আখতার না খেলায় বোলিংয়ের নেতা হয়ে যাওয়ার চাপ?উমর গুল: আমি বোলিংটা খুব এনজয় করি। ভারতের বিপক্ষে তো আরও বেশি। আমার তো মনে হয়, আমি নিজের সেরা ফর্মে আছি। হ্যাঁ, শোয়েব খেললে আরও ভালো হবে। ব্যক্তিগতভাবে শোয়েবকে খেলানোর পক্ষে কি না—উমর গুল: শোয়েব আখতারের অনেক অভিজ্ঞতা। পাকিস্তানের পক্ষে দুর্দান্ত সব পারফরম্যান্স করেছে, ভারতের বিপক্ষে তো সব সময়ই পারফর্ম করেছে। গত কয়েকটি ম্যাচে ও ছিল না বলে সব চাপই ছিল আমার ওপর। ও খেললে ভালোই হবে। শোয়েব আখতারকে মনে হয় একটু নারাজ দেখাচ্ছে।উমর গুল: কেউই নারাজ নয়। আমাদের দলে সবার সঙ্গে সবার সম্পর্ক খুব ভালো। একে অন্যের সমর্থনে পাশে দাঁড়াচ্ছি। নিউজিল্যান্ড ম্যাচের পর শোয়েবকে বিশ্রাম দেওয়া হয়েছে। গত কদিন ও ফিটনেস নিয়ে কাজ করেছে। খেললে ও ঠিকই ভালো করবে। উইকেট দেখে কী মনে হলো?উমর গুল: উইকেট এখনো ঠিক বোঝা যাচ্ছে না। অনেক ঘাস দেখছি। দেখা যাক, কাল কতটা থাকে। আশা করি, অতীতে এখানে যেমন স্পোর্টিং উইকেট হয়েছে, এবারও তা-ই হবে। বোলাররাও সাহায্য পাবে, ব্যাটসম্যানরাও ভালো খেলতে পারবে। প্রথমে ব্যাটিং করলে কত রান উইনিং স্কোর হতে পারে?উমর গুল: এই মাঠে আমরা ৩২৭ রানও চেজ করেছি। এবার উইকেট কেমন হবে, তার ওপর নির্ভর করছে। তবে আমার মনে হয়, ২৭০-৮০ একটা ভালো স্কোর হবে। ভারতের ব্যাটিং লাইনআপ পাকিস্তানি বোলারদের জন্য বড় পরীক্ষা কি না—উমর গুল: হ্যাঁ, ওদের ব্যাটিং খুব শক্তিশালী। তবে আমাদের বোলিংও খুব ভালো হচ্ছে। আমার নিজের ফর্মও ভালো। শুধু পেসাররাই ভালো করছে না, আফ্রিদি এই বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট নিয়েছে। কোয়ার্টার ফাইনালে আমাদের ওপেনাররাও ভালো করেছে। আশা করি, এই ম্যাচে ব্যাটিংও ক্লিক করবে। ওয়াকার-আকিব থাকায় কতটা উপকার হয়েছে?উমর গুল: গত দুই-তিন সিরিজেই আমি ভালো বল করছি। আকিব-ওয়াকারই আমাকে নতুন বলে বোলিং করতে বলেছে। নিউজিল্যান্ড সিরিজ থেকে আমি নতুন বলে বোলিং করছি। এর পেছনে অনেক খেটেছি। সেটির ফলও পাচ্ছি। ভারত-পাকিস্তান ম্যাচের আলাদা তাৎপর্য—উমর গুল: দুই দলের জন্যই এই ম্যাচটা অসম্ভব গুরুত্বপূর্ণ। দুই দেশের মানুষই ক্রিকেট খুব ভালোবাসে। যত বেশি খেলা হবে, দুই দেশের সম্পর্কও ততই ভালো হবে। আশা করি, ভালো ম্যাচ হবে। দুই দলই ভালো খেলবে। অতীত অভিজ্ঞতা থেকে এই ম্যাচে হারলে কী হবে, তা ভেবে শঙ্কিত কি না—উমর গুল: ভারত-পাকিস্তান ম্যাচে দুই দলের ওপরই খুব চাপ থাকে। দুই দেশের মানুষই পরাজয় মানতে চায় না। তবে এই বিশ্বকাপে আমরা ভালো খেলছি, সাত ম্যাচ খেলে ছয়টিতেই জিতেছি। দেশ থেকে যে সমর্থন পাচ্ছি, তাতে আমরা অভিভূত। এই ম্যাচেও আমরা ভালো খেলার চেষ্টা করব। হার-জিতের কথা তো আর বলা যায় না। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, পাকিস্তানি ক্রিকেটারদের ওপর নজর রাখা হচ্ছে। এটা বাড়তি চাপ কি না—উমর গুল: আপনার কাছেই এটা প্রথম শুনলাম। মিডিয়ায় কী হচ্ছে না হচ্ছে, আমরা তা খেয়াল করছি না। না, আমাদের ওপর এমন কোনো চাপ নেই। শুধু ক্রিকেটেই আমাদের সব মনোযোগ। অনেকে এটিকে ফাইনালের চেয়েও বড় ম্যাচ বলছেন।উমর গুল: ফাইনালের চেয়েও বড়, এটা তো আর বলা যায় না। তবে এটা হবে চাপের ম্যাচ। সেটা শুধু বিশ্বকাপ কেন, ভারত-পাকিস্তানের যেকোনো ম্যাচের ক্ষেত্রেই সত্যি। ধোনিও বলেছেন, এই ম্যাচ ফাইনালের চেয়েও বেশি।উমর গুল: ধোনি নিশ্চয়ই দুই দেশের আমজনতার কথা বলেছে। দুই দেশের মানুষই এই একটা ম্যাচ যেভাবে হোক জিততে চায়। তবে প্লেয়ার হিসেবে এটাকে ফাইনালের চেয়েও বড় কীভাবে বলি! হ্যাঁ, একদিক থেকে এটা আমাদের জন্যও ফাইনাল। অবশ্যই এটা জেতার চেষ্টা করব। পাকিস্তানের এক নম্বর পেসার হয়ে আফ্রিদি-শোয়েবদের মতো জনপ্রিয় হতে না পারায় কোনো আক্ষেপ?উমর গুল: টেন্ডুলকার, আফ্রিদি, শোয়েব আখতার হতে কে না চায়! ওদের প্রচুর ভক্ত আছে। আফ্রিদি-শোয়েব পারফর্ম না করলেও ওরা মানুষের মনেই থাকে। ওদের মতো ভক্ত-সমর্থক পেতে আমারও সাধ হয়। তবে সেটি তো আর আমার হাতে নয়, আমি শুধু প্রতি ম্যাচেই আগের চেয়ে ভালো পারফর্ম করার লক্ষ্য নিয়ে নামি। ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানে ক্রিকেট ফিরিয়ে নেওয়াটা প্রেরণার কাজ করেছে। এবার প্রেরণা স্পট ফিক্সিং কেলেঙ্কারি মুছে দেওয়া কি না—উমর গুল: গত পাঁচ-ছয় মাস এসব স্ক্যান্ডালের কারণে আমরা খুব চাপে ছিলাম। কিন্তু তার পরও দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে আমরা ভালো খেলছি। নিউজিল্যান্ডে গিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে জেতাটা সহজ নয়, আমরা টেস্ট-ওয়ানডে দুটি সিরিজই জিতেছি। এখন ড্রেসিংরুমের পরিবেশ ভালো, টিমের পরিবেশ ভালো। সবাই সবাইকে সমর্থন করছে। দলে দারুণ একতা। এটাই আমাদের শক্তি। পাকিস্তান বিশ্বকাপে কখনো ভারতকে হারাতে পারেনি।উমর গুল: আমরা ভালো খেলে যা কখনো হয়নি, তা হওয়ানোর চেষ্টা করব।