ভারত-পাকিস্তান অনেক দ্বৈরথের অভিজ্ঞতা তাঁর। ভারতে ভারতের বিপক্ষে খেলার ভিন্ন তাৎপর্যটাও খুব ভালো জানা। মোহালিতে ভারত-পাকিস্তান সেমিফাইনাল নিয়ে পাকিস্তানি সাবেক অধিনায়ক রমিজ রাজার একান্ত সাক্ষাৎকার নিলেন উৎপল শুভ্র বিশ্বকাপে তো এখন ভারত-পাকিস্তান ছাড়া আর কোনো কথা নেই। আপনি তো অনেক ভারত-পাকিস্তান ম্যাচ খেলেছেন। মোহালির সেমিফাইনাল নিয়ে কী বলবেন?রমিজ রাজা: ভারত-পাকিস্তান যেখানেই খেলুক, সেটি ক্রিকেট ছাড়িয়ে অন্য ব্যাপার হয়ে যায়। আর পাকিস্তান যখন ভারতের বিপক্ষে ভারতে খেলে, চূড়ান্ত বৈরীভাবাপন্ন দর্শক যোগ হয় এর সঙ্গে। তবে আমাদের ক্ষেত্রে এটা সব সময়ই উল্টোভাবে কাজ করেছে। আমরা আরও একতাবদ্ধ হয়েছি। পক্ষে যেহেতু কেউ নেই, জানতাম যা করার ব্যাট-বলেই করতে হবে। তা করে ভারতীয় দর্শকদের চুপ করিয়ে দিতে পারার মতো আনন্দ আর কিছুতেই নেই। আশা করি, পাকিস্তানের এই দলটাও এমন করেই ভাববে। সেদিন বলছিলেন, ভারতের ওপরই বেশি চাপ থাকবে...রমিজ: অবশ্যই। নিজেদের দেশে খেলা বলে ভারতের ওপর চাপ অনেক বেশি থাকবে। পাকিস্তানের এতে সুবিধাই হবে। জেতার মতো গোলাবারুদও আছে পাকিস্তানের এই দলে। গত ছয় মাস ওরা খুব ভালো খেলছে। আনপ্রেডিক্টবলের বদলে এখন অনেকটাই প্রেডিক্টবল। ওদের সঙ্গে দেখা হলে আমি কয়েকটা টোটকা দেব—দর্শকের কথা ভেবো না, হারলে কী হবে এই চিন্তা মাথায়ই এনো না, হূদয় উজাড় করে খেলো, আক্রমণাত্মক ক্রিকেট খেলো। শেষটায় সমস্যা হবে না। শহীদ আফ্রিদির চেয়ে আক্রমণাত্মক অধিনায়ক আর কোথায় পাওয়া যাবে? পাকিস্তান ক্রিকেটের শক্তিও তো ওটাই। আক্রমণাত্মক খেললেই ওদের সেরাটা বেরিয়ে আসে...রমিজ: এ কারণেই আমি বলব, শহীদ আফ্রিদি নেতা হিসেবে খুব ভালো পছন্দ। ও খুব আক্রমণাত্মক ক্রিকেটার, যেকোনো মুহূর্তে ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। এই বিশ্বকাপে দল হিসেবেও পাকিস্তান খুব ভালো খেলছে। আশা করি, সেমিফাইনালেও তা-ই খেলবে। তবে তা করতে হলে আমি বলব, সেমিফাইনালটা উপভোগ করো। বিশ্বকাপের সেমিফাইনাল বলে কথা...১৯৯২ বিশ্বকাপ দিয়ে আমরা যা বুঝেছি, এটা ওদেরও বোঝা উচিত, এ মুহূর্তটা ক্যারিয়ারে আর নাও আসতে পারে। চাপ-টাপের বাড়তি অনুষঙ্গ বাদ দিয়ে দুই দলকে কীভাবে তুলনা করবেন?রমিজ: কাগজে-কলমে অবশ্যই পাকিস্তান পিছিয়ে। ভারতীয় দলে প্রতিভা অনেক বেশি। এটা মূলত ব্যাটিংয়ের কথা বলছি। ভারতকে দারুণ এক অধিনায়ক নেতৃত্ব দিচ্ছে...রেকর্ডই ওদের পক্ষে কথা বলে। এর মানে এই নয়, ওদের হারানো যাবে না। কেউ এমন ভাবলে খেলারই দরকার নেই। কাগজে-কলমে ভারত এগিয়ে থাকলেই বা কী, ভারত-পাকিস্তান তো শুধু স্কিলের ব্যাপার নয়। এখানে আরও অনেক কিছু গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়...কোন দল বেশি চাপ নিতে পারে, কারা বেশি হূদয় উজাড় করে দিয়ে খেলে, কারা কম নার্ভাস হয়, গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোয় কারা ভালো খেলে...অনেক কিছু। সেমিফাইনালে কী নির্ধারক হবে বলে মনে করেন?রমিজ: ভালো বোলিং করে ভারতকে কম রানে আটকে রাখতে হবে। কম রান মানে তিন শর নিচে। মোহালির উইকেট ভালো। ২০০৭ সালে এই মাঠে পাকিস্তান তিন শর বেশি চেজ করে জিতেছিল। আফ্রিদিদের মনে নিশ্চয়ই এটা থাকবে। ভারতকে ২৭০-৮০-এর মধ্যে আটকে দিলে পাকিস্তানের তাই ভালো সুযোগ থাকবে। পাকিস্তানের ব্যাটসম্যানদের জন্য ভারতীয় স্পিনাররা সমস্যা হবে বলে মনে হয় না। এ ধরনের উইকেটে স্পিনারদের খেলে খেলেই বড় হয়েছে ওরা। আমি তো বলব, এই ম্যাচটা হবে পাকিস্তানের বোলিং বনাম ভারতের ব্যাটিং। পাকিস্তানের বোলিংয়ে অনেক বৈচিত্র্য। কিন্তু ভারতের ব্যাটিং লাইনআপের বিপক্ষেই সত্যিকার পরীক্ষাটা হবে, তাই না? রমিজ: হ্যাঁ, বড় পরীক্ষা। এক দিক থেকে বললে পাকিস্তানের বোলিংয়ের দৌড়টাও বোঝা যাবে...শেবাগের ঝড়, টেন্ডুলকার টেকনিক, যুবরাজের হিটিং...এটা সহজ হবে না। এ কারণেই আমি বলছি, ওদের হারাতে হলে আবেগ নিয়ন্ত্রণে রেখে টেকনিক্যালি ভালো হতে হবে। এমন হাই ভোল্টেজ ম্যাচ। অভিজ্ঞতা আর গতির কথা বিবেচনায় নিয়ে শোয়েব আখতারকে কি নামিয়ে দেওয়া উচিত?রমিজ: আমি বলব, দুজন পেসারের মধ্যে যদি সবকিছু প্রায় সমান থাকে, তা হলে শোয়েবকে নামিয়ে দাও। স্পিন দিয়ে বেশি কাজ হবে না, কারণ ভারতীয়রা স্পিন খুব ভালো খেলে। তা ছাড়া মোহালির উইকেটে একটু বাউন্সও থাকে। শোয়েব আখতার যদি শারীরিক ও মানসিকভাবে ফিট থাকে, তা হলে ওকে লেলিয়ে দাও না...বাইরে বসে থাকায় ওর মধ্যে যে রাগ-ক্ষোভটা জমেছে, সেটা বোলিংয়ে বেরিয়ে আসুক। পাকিস্তানের প্রতিপক্ষ তো ইতিহাসও। বিশ্বকাপে যে কখনোই ভারতকে হারানো যায়নি, এটা নিশ্চয়ই বড় একটা মানসিক বাধা?রমিজ: এই রেকর্ডটা খুব বিরক্ত করে। তবে আফ্রিদিদের এটা ভাবার কী দরকার? এই বিশ্বকাপেই ১২ বছর পর ওরা অস্ট্রেলিয়াকে হারিয়েছে, শ্রীলঙ্কায় হারিয়েছে শ্রীলঙ্কাকে...দুটিই দুর্দান্ত পারফরম্যান্স। কোয়ার্টার ফাইনালেও তো ওয়েস্ট ইন্ডিজকে স্রেফ উড়িয়ে দিয়েছে। অতীতে কী হয়েছে, শচীন কত বড় জিনিয়াস, শেবাগ কী করতে পারে...এসব না ভেবে পাকিস্তানের শুধু উচিত গত ছয় সপ্তাহ যেমন খেলেছে তেমন খেলে যাওয়া।