‘শোয়েবের বিকল্প পাওয়া কঠিন’
টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন ২০০৭ সালেই। এবার বিশ্বকাপ শেষে এক দিনের ক্রিকেট থেকেও অবসর নিয়ে ফেললেন পাকিস্তানি ফাস্ট বোলার শোয়েব আখতার। ১৯৯৮ সালে যেভাবে আলোড়ন জাগিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন, শেষটা সেভাবে করতে পারলেন না ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’। বিশ্বকাপের গ্রুপ পর্বে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে এক ওভারে ২৮ রান দেওয়ার লজ্জা নিয়েই বিদায় নিলেন ক্রিকেট জগত্ থেকে। তবে শেষ পর্যন্ত অবসর নিয়ে ফেলার পর তাঁর অভাবটা ভালোমতোই টের পাচ্ছে পাকিস্তান ক্রিকেট। শোয়েব আখতারের বিকল্প খুঁজে পাওয়া খুবই কঠিন বলে মন্তব্য করেছেন পাকিস্তানের কোচ ওয়াকার ইউনুস।শোয়েব আখতারের ১৩ বছরের ক্যারিয়ারের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে ওয়াকার ইউনুস বলেছেন, ‘শোয়েব পাকিস্তানি ক্রিকেটের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিল। সে যে দলের অগ্রগতির ক্ষেত্রে বিশাল অবদান রেখেছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তাঁর মতো বোলারের বিকল্প খুঁজে পাওয়া খুব কঠিন।’তবে শোয়েবের এই অবসর নেওয়াটা কিছুতেই মানতে পারছেন না পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি ইজাজ বাট। পাকিস্তানের খেলোয়াড়েরা অবসর নেওয়ার সঠিক সময় নির্ধারণ করতে পারেন না মন্তব্য করে তিনি বলেছেন, ‘পাকিস্তানে, খেলোয়াড়েরা নিজেরা সিদ্ধান্ত নিতে পারে না যে, কখন তাদের অবসরে যাওয়া উচিত। তখন খুব দুঃখজনকভাবে ক্রিকেট বোর্ডকে এ ব্যাপারে হস্তক্ষেপ করতে হয়।’ ডেইলি টাইমস।