‘শ্রীলঙ্কার ধারাবাহিকতা থাকবে জিম্বাবুয়েতেও’
শ্রীলঙ্কা থেকে আগেও অনেকবার দেশে ফিরেছে বাংলাদেশ দল। প্রতিবারই মুখে আঁধার এঁকে। সে তুলনায় গতকালের ফেরা অনেক বেশি উজ্জ্বল, অনেক বেশি হাস্যোজ্জ্বল দলের প্রতিটি চেহারা। বিমানবন্দরে বসেই সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে অধিনায়ক মুশফিকুর রহিম আশ্বাস দিলেন, বিদেশের মাটিতে ভালো খেলার এই ধারাবাহিকতা তাঁরা ধরে রাখবেন আসন্ন জিম্বাবুয়ে সফরেও— যেমন কাটল সিরিজমুশফিকুর রহিম: সব সময়ই চেষ্টা থাকে ভালো কিছু নিয়ে যেন দেশে ফিরতে পারি। এবারের সফর খুব যে ভালো হয়েছে, তা নয়। তবে আমাদের পরিকল্পনা ছিল ধারাবাহিক থাকা, সেটা হয়েছে। টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে সেটা করতে পেরেছি। আশা করি, এই ধারাবাহিকতা বজায় থাকবে। একের পর এক চোটাঘাতমুশফিক: এটা ঠিক, ইনজুরি দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল। দলের অনেক গুরুত্বপূর্ণ খেলোয়াড় ইনজুরিতে পড়েছে। এসব আমাদের চাপে ফেলেছে। একই সঙ্গে শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কাকে হারানোও সহজ ছিল না। এ জন্য আমি ধন্যবাদ দেব আমাদের সাপোর্ট স্টাফদের; যাঁরা আমাদের সাহস জুগিয়েছেন। আমাদের খেলোয়াড়েরাও গত দেড় মাস অনেক পরিশ্রম করেছে। এই অর্জনের সব কৃতিত্ব তাদের। কেমন দেখলেন নতুনদের?মুশফিক: ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দিকে যদি খেয়াল করে দেখেন, বিকল্প হিসেবে যারা দলে এসেছিল...মমিনুল, বিজয় সবাই ভালো খেলেছিল। এই সিরিজেও তারা ভালো খেলাতে আমরা সিনিয়ররা একটু স্বস্তিতে ছিলাম। সে জন্য আমরাও ভালো খেলতে পেরেছি। আমাদের পারফরমারের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে, যেটা খুবই ভালো দিক। এই সিরিজে একটাই প্রাপ্তি—আমরা অনেক পারফরমার পেয়েছি। তারা ধারাবাহিকভাবে ভালো খেলেছে। আগের শ্রীলঙ্কা সফরগুলোর সঙ্গে এই সফরের তুলনামুশফিক: সিরিজ শুরুর আগে থেকেই অনেক খেলোয়াড় ছিল না। আমাদের অনেক কথা শুনতে হয়েছে। ওখানে গিয়ে কী খেলব না-খেলব, এসব। মূল দল নেই, বলতে গেলে দ্বিতীয় সারির দল নিয়ে যাচ্ছি। এদিক থেকে একটা জেদ ছিল। বিশ্বাস ছিল, শতভাগ দিতে পারলে যেকোনো দলের বিপক্ষে ধারাবাহিক ক্রিকেট খেলতে পারব। দ্বিতীয়ত, আমাদের নতুন খেলোয়াড়েরা প্রতিটা সুযোগেই নিজেদের প্রমাণ করছে। আশা করব, তারা এটা ধরে রাখবে। শ্রীলঙ্কা সফরের অর্জন জিম্বাবুয়ে সফরের প্রেরণা কিনা?মুশফিক: শ্রীলঙ্কা সফরে আমরা সর্বোচ্চ রান করেছি। ওদের দ্বিতীয় ইনিংসে অলআউট করেছি, যেটা আগে কখনো করতে পারিনি। ওয়ানডেতে ওদের বিপক্ষে সর্বোচ্চ রান করেছি, একটা ওয়ানডে জিতেছি ওদের মাটিতে। টি-টোয়েন্টিতে হারলেও নিজেদের সর্বোচ্চ রান করেছি। প্রায় প্রত্যেকটা বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করেছি এবং ধারাবাহিকভাবে ভালো ক্রিকেট খেলেছি। বড় দলের বিপক্ষে নিয়মিত ভালো খেলা কঠিন কাজ। আমরা সেটাই চেষ্টা করেছি এবং সফল হয়েছি। পেস আক্রমণের দুর্বলতামুশফিক: পেস বোলিং এমন একটা জায়গা, অভিজ্ঞতা না থাকলে কঠিন হয়ে যায়। তা ছাড়া ওখানে বেশির ভাগ ব্যাটিং উইকেট ছিল। তার পরও সবাই চেষ্টা করেছে। তবে আরেকটু ভালো হলে সিরিজের ফলাফলই অন্য রকম হতে পারত। জিম্বাবুয়ে যাওয়ার আগে কয়েকটা দিন হাতে আছে। এগুলো নিয়ে আমরা কাজ করব। আশা করি, সেটা কাজে দেবে। কারণ, জিম্বাবুয়েতে কন্ডিশন একটু ভিন্ন। ফিল্ডিং নিয়ে দুশ্চিন্তামুশফিক: অজুহাত নয়, তবে ওখানে অনেক বেশি গরম ছিল। মনোযোগ ধরে রাখাটাই কষ্টকর। চেষ্টা থাকবে ভবিষ্যতে আরও ভালো ফিল্ডিং করার। আশরাফুলের ‘ফেরা’মুশফিক: আশরাফুল ভাইয়ের মতো প্রতিভাবান খেলোয়াড় বাংলাদেশের ক্রিকেটে কমই আছে। আমরা খুবই ভাগ্যবান যে এই সফরে উনি ওনার অন্যতম সেরা ইনিংসটি খেলেছেন। আমার দেখা ওনার সেরা ইনিংস এটাই। অনেক চাপ নিয়ে খেলেছেন তিনি এবং ভালোভাবে বেরিয়েও এসেছেন। এটা প্লাস পয়েন্ট। আশা করি, এখান থেকে পাওয়া আত্মবিশ্বাস ধরে রেখে জিম্বাবুয়েতেও ভালো খেলবেন। বিদেশে ভালো খেলার লক্ষ্য সম্পর্কেমুশফিক: হারি-জিতি পরের ব্যাপার, ২০১৩ সালে আমাদের মূল লক্ষ্য বিদেশের মাটিতে ধারাবাহিকভাবে ভালো ক্রিকেট খেলা। নিয়মিত ভালো খেললে ফলাফল আসবেই। এই একটা মাস আমরা সেটাই করেছি। তবে এটা ধরে রাখা অনেক বড় চ্যালেঞ্জ। জিম্বাবুয়ে সফরের দুটি টেস্টই হারারেতেমুশফিক: এ নিয়ে চিন্তিত নই। হারারেতে হয়তো আমাদের রেকর্ড খুব একটা ভালো না। সর্বশেষ সিরিজটাও হেরেছি। তবে এবার রেকর্ড ঠিক করার সুযোগ আছে। আমরা কতটা উন্নতি করেছি, সেটাও প্রমাণের সুযোগ আছে। আশা করছি, শ্রীলঙ্কার ধারাবাহিকতা জিম্বাবুয়েতেও থাকবে। মাশরাফির টেস্টে ফেরা প্রসঙ্গেমুশফিক: ওনার মতো একজন খেলোয়াড়কে শুধু টেস্টে কেন, আমি সব ধরনের ক্রিকেটেই পেতে চাই। আমরা ভাগ্যবান ওনার মতো ক্রিকেটার বাংলাদেশে আছে। কিন্তু সবার আগে ওনার শরীর, ফিটনেস। উনি যদি মনে করেন ফিট এবং ফিজিও যদি সন্তুষ্ট থাকেন, তাহলে নিঃসন্দেহে খেলবেন।