‘শ্রীলঙ্কায় তিন-চার গুণ বেশি চাপ ছিল’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীলঙ্কা থেকে ফেরার পর মাঝখানে এক সপ্তাহ, আবার জিম্বাবুয়ের উদ্দেশে যাত্রা। কাল বিমানবন্দরে অধিনায়ক মুশফিকুর রহিমের সংবাদ সম্মেলনের চুম্বক অংশ ২০১১ সালের জিম্বাবুয়ে সফরের সঙ্গে এবারের সফরের পার্থক্যমুশফিকুর রহিম: গত সফরে আমরা ভালো খেলতে পারিনি। এবার সেটা পরিবর্তন করার একটা সুযোগ। শ্রীলঙ্কায় আমাদের পারফরম্যান্স ভালো হয়েছে। এদিক থেকে আমরা আত্মবিশ্বাসী। জিম্বাবুয়ের মাটিতে জিম্বাবুয়েকে হারানো হয়তো সহজ হবে না। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ সিরিজে ওরা সব কটি ম্যাচ খুব বাজেভাবে হেরেছে। এটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। ওদের আত্মবিশ্বাস একটু কম থাকবে। তা ছাড়া আমাদের সাকিব-তামিম ফিরেছে। আমাদের শক্তি কিছুটা বাড়বে। পেস বোলার যারা আছে, হারারের উইকেটের সুবিধা তারা নিঃসন্দেহে কাজে লাগাবে। আশা করছি, সিরিজটা খুব ভালো হবে। শ্রীলঙ্কা সফরের অভিজ্ঞতা থেকে জিম্বাবুয়েতে কোথায় উন্নতি চানমুশফিক: উন্নতি যদি বলেন, গত এক-দেড় বছর খুব ভালো খেলছি। টি-টোয়েন্টিতে অত ভালো না হলেও ওয়ানডে বা টেস্টে আমরা অনেক ভালো ক্রিকেট খেলছি। বারবার বলছি, আমাদের দলে এখন অনেক পারফরমার আছে, যারা যেকোনো দিন ভালো খেলতে পারে। এটা খুবই ইতিবাচক একটি দিক। একটা দলে বেশি পারফরমার থাকলে ফলাফল তাদের পক্ষেই আসে। আশা করছি, যারা ধারাবাহিক পারফরম্যান্স করছে, তারা সেটা ধরে রাখবে। যারা গত সিরিজে ভালো খেলেনি, তারা এই সিরিজে ভালো খেলবে। জিম্বাবুয়ের বিপক্ষে বাড়তি চাপমুশফিক: চাপ তো অবশ্যই থাকবে। তবে আমি মনে করি, সর্বশেষ শ্রীলঙ্কা সফরে এর চেয়েও তিন-চার গুণ বেশি চাপ ছিল। একে তো শক্তিশালী দল ছিল, তার ওপর ওদের মাঠে আমাদের রেকর্ডও ভালো ছিল না। এবারও অবশ্যই চাপ থাকবে, তবে চাপ নিয়েই খেলতে হয়। গত এক বছর আমরা সেই চাপ খুব ভালোভাবে সামলেছি। দলের পেসারদের কাছ থেকে প্রত্যাশামুশফিক: হারারেতে এ নিয়ে চার-পাঁচবার যাওয়া হচ্ছে আমার। হারারের উইকেট খুব একটা স্পিন সহায়ক হয় না, পেস সহায়ক হয়। আমাদের পেস বোলাররা যদি সামর্থ্য অনুযায়ী বল করতে পারে, আমার মনে হয়, ওদের ব্যাটসম্যানদেরও সমস্যা হবে। প্রস্তুতি ম্যাচ না থাকা প্রসঙ্গেমুশফিক: প্র্যাকটিস ম্যাচে ওরা যে সুযোগ-সুবিধা দেয়, সেটা ভালো কিছু না, সে জন্য এবার আমরাই সিদ্ধান্ত নিয়েছি প্র্যাকটিস ম্যাচ খেলব না। আমরা বরং চেয়েছি, সেখানে যাওয়ার পর পাঁচ দিন ভালো প্র্যাকটিস করে যেন একটা আত্মবিশ্বাস নিয়ে খেলতে নামতে পারি। ওখানে গিয়ে যদি প্র্যাকটিস সেশনগুলো কাজে লাগাতে পারি, আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে পারি, তাহলেই হবে। দেশে এক দিনও একসঙ্গে অনুশীলন করতে না পারার কারণে প্রস্তুতি ম্যাচটা প্রয়োজন ছিল কি নামুশফিক: প্র্যাকটিস ম্যাচ খেলা সব সময়ই ভালো। তবে গত দুবার ওরা প্র্যাকটিস ম্যাচে আমাদের একদমই অপ্রস্তুত উইকেট দিয়েছিল। আমাদের ব্যাটসম্যানরা অনেক কষ্ট করেছে। এ রকম উইকেটে একজন ব্যাটসম্যান দ্রুত আউট হয়ে গেলে তাঁর ভালো প্র্যাকটিস হয় না। সে জন্যই প্রস্তুতি ম্যাচ বাদ দিয়ে আমরা যথেষ্ট অনুশীলন করার সুযোগ চেয়েছি। আর দেশে ইচ্ছা থাকা সত্ত্বেও দুর্ভাগ্যজনকভাবে এক দিনও অনুশীলন করতে পারিনি। তবে আমাদের বিশ্রামেরও প্রয়োজন ছিল। গত এক মাসের কঠোর পরিশ্রমের পর একটা তরতাজা দলই আমাদের দরকার ছিল। সাকিব-তামিমকে পেলেও এবারও মাশরাফিকে না পাওয়া প্রসঙ্গেমুশফিক: সাকিব-তামিম দলে থাকলে একরকম, আর না থাকলে আরেক রকম। আবার দলে থেকেও না খেললে সেটার প্রভাব পড়ে আরেক রকম। তাদের আমি স্বাগত জানাই। আশা করব, ক্যারিয়ারজুড়ে তারা যে রকম পারফরম করেছে, সেটার ধারাবাহিকতা ধরে রাখবে। দলে যারা তরুণ আছে, তাদের অনেকেই এই প্রথম জিম্বাবুয়ে যাচ্ছে। তাদের আমরা আমাদের অভিজ্ঞতার কথা জানাব। আর ইনজুরি যে কারও যেকোনো সময় হতে পারে। তবে আমি এবং কোচরাও খুব আশাবাদী, মাশরাফি ভাই ওয়ানডের আগে ফিট হয়ে যাবেন।