‘শ্রীশান্ত চুনোপুঁটি, আছে অনেক রুই-কাতলা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীশান্তসহ তিন ভারতীয় ক্রিকেটারকে স্পট ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার করে হইচই ফেলে দিয়েছে দিল্লি পুলিশ। জুয়ার সঙ্গে জড়িত ব্যক্তিদের ধরতে অভিযানে নেমেছে মুম্বাই পুলিশও। এদিকে কেরালা পুলিশ জানিয়েছে, শ্রীশান্তদের মতো ক্রিকেটাররা বড়জোর ‘চুনোপুঁটি’ হতে পারেন। স্পট ফিক্সিংয়ের সঙ্গে জড়িত আছে অনেক ‘রুই-কাতলা’।কেরালা পুলিশের বিশ্বাস, পেছন থেকে প্রভাবশালী লোকদের সমর্থন না পেলে স্পট ফিক্সিং করার দুঃসাহস শ্রীশান্তরা দেখাতে পারতেন না। পুলিশের একজন কর্মকর্তা আজ সোমবার ‘টাইমস অব ইন্ডিয়া’কে বলেন, ‘শ্রীশান্ত শুধুই একটা চুনোপুঁটি। এর সঙ্গে অনেক বড় মাপের লোকজন জড়িত। দেখা যাক, তদন্ত শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়। প্রভাবশালী মহলের সমর্থন ছাড়া এ ধরনের ঘটনায় ক্রিকেটাররা জড়াতে পারতেন না।’পুলিশ কর্মকর্তা আরও বলেন, পূর্ণাঙ্গ তদন্তই কেবল সঠিক চিত্র তুলে আনতে পারে। তিন ক্রিকেটার ও কয়েকজন জুয়াড়িকে গ্রেপ্তার করেই দিল্লি ও মুম্বাই পুলিশের থেমে যাওয়া চলবে না। এর পেছনে কারা জড়িত, জুয়ার টাকার ভাগবাটোয়ারা কারা করে, তাদেরও খুঁজে বের করতে হবে।স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে গত বৃহস্পতিবার ভোরে রাজস্থান রয়্যালসের তিন ক্রিকেটার—শ্রীশান্ত, অজিত চান্ডিলা ও অঙ্কিত চাভানকে মুম্বাই থেকে গ্রেপ্তার করে দিল্লি পুলিশ। দিল্লিতে নেওয়ার পর জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের পাঁচ দিনের হেফাজতে নেওয়া হয়। পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদের একটি বিশেষ দল তাঁদের জিজ্ঞাসাবাদ করছে। দিল্লি পুলিশের দাবি, এরই মধ্যে স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার কথা স্বীকার করেছেন তাঁরা। তবে তিনজনই নাকি একে-অন্যকে দোষারোপ করছেন। ফিক্সিংয়ের শিকড় কতটা গভীরে, তার প্রমাণ এরই মধ্যে কিছুটা পাওয়া গেছে। দিল্লি পুলিশ গতকাল আরও তিনজনকে গ্রেপ্তার করেছে, যাঁদের একজন সাবেক রঞ্জি ক্রিকেটার মনীষ বুদেওয়া। সাবেক এই ক্রিকেটার ২০০০ সাল থেকে খেলছেন চান্ডিলার সঙ্গে। রাজস্থান রয়্যালসের সঙ্গে মাঝেমধ্যে অনুশীলনও করতেন। মনীষই নাকি চান্ডিলাকে বাজিকরদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। পুলিশ বলছে, জড়িত আছেন আরও ক্রিকেটার। মুম্বাই পুলিশ গ্রেপ্তার করেছে ছয় বাজিকরকে, যাদের একজন রমেশ ভাইয়াস। অপরাধজগতের সম্রাট দাউদ ইব্রাহিমের ভাই আনিস ইব্রাহিম ও বিশ্বস্ত সহকারী সুনীল দুবাইয়ের ঘনিষ্ঠ এই রমেশ।