আসছে জানুয়ারিতে শুরু হচ্ছে দলবদলের মধ্যমৌসুম। তবে এ সময় দলে সংযোজন বা বিয়োজন কিছুই করার চিন্তা নেই বলে জানিয়েছেন রিয়াল মাদ্রিদ ম্যানেজার হোসে মরিনহো। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।লা লিগায় আজ শনিবার রাতে মালাগার বিপক্ষে মাঠে নামছে রিয়াল। এই ম্যাচ সামনে রেখে গতকাল এক সম্মেলনে মরিনহো বলেন, ‘আমি মনে করি না জানুয়ারি মাসে দল নিয়ে কোনো কিছু করব আমরা।’শোনা যাচ্ছিল, জানুয়ারিতেই ব্রাজিলীয় মিডফিল্ডার কাকাকে ছেড়ে দেবে রিয়াল। তবে সেই সম্ভাবনা নাকচ করে দিয়েছেন ‘স্পেশাল ওয়ান’। মরিনহো বলেন, ‘আমি মনে করি না কাকা অন্য কোথাও যাচ্ছে। ও এখানে থাকলে দলের জন্যই ভালো।’২০০৯ সালে ৭০ মিলিয়ন ইউরোতে এসি মিলান থেকে রিয়ালে আসেন কাকা। কিন্তু ব্রাজিলীয় এই অ্যাটাকিং মিডফিল্ডার কখনোই নিজের সামর্থ্যের প্রমাণ রাখতে পারেননি। কখনো ভুগেছেন ইনজুরিতে, কখনো ফর্মহীনতায়। দুই বছর আগে মেসুত ওজিল রিয়ালে আসার পর থেকে মূলত বদলি খেলোয়াড় হিসেবে খেলানো হচ্ছে সাবেক ফিফা বর্ষসেরা এই খেলোয়াড়কে।এবারের লা লিগায় ১৬ ম্যাচে বার্সেলোনার অর্জন ৪৬ পয়েন্ট। সমানসংখ্যক ম্যাচে রিয়াল মাদ্রিদের অর্জন ৩৩ পয়েন্ট। এখন পর্যন্ত বর্তমান লিগ চ্যাম্পিয়নরা শীর্ষে থাকা বার্সার চেয়ে পিছিয়ে ১৩ পয়েন্টে। গত রোববার রাতে ঘরের মাঠে এসপানিওলের সঙ্গে ২-২ ড্র করার পর মরিনহো অকপটে স্বীকার করেন, এবারের শিরোপা জয়ের আশা ছেড়ে দিয়েছেন তিনি। রিয়াল কোচ বলেন, ‘এটা অসম্ভব। এই পর্যায়ে ব্যবধানটা অনেক। গত বছর ফেব্রুয়ারি বা মার্চ মাসে আমরা ১০ পয়েন্টে এগিয়ে ছিলাম। শেষ পর্যন্ত সেটা ধরে রেখেছিলাম আমরা। লিগে যদি নিজেদের উন্নতি করতে পারি, তা কিংস কাপ ও চ্যাম্পিয়নস লিগে কাজে লাগবে আমাদের।’