'সততার পুরস্কার'

নাসির জামশেদের উইকেট নিতে পারলে মাহমুদউল্লাহকে ডিনার করানোর প্রতিশ্রুতি ছিল ফরহাদ রেজার। সেই মাহমুদউল্লাহর বলে ঠিকই ক্যাচ তুলেছিলেন জামশেদ, লং অনে ক্যাচটা নিয়েছিলেনও ওই ফরহাদই। কিন্তু ডিনার করালেন না!
না, এমন নয় যে কথা দিয়েও কথা রাখেননি ফরহাদ। শ্রীলঙ্কায় গত টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে ওই ক্যাচটা আসলে ক্যাচ হয়নি, হয়ে গিয়েছিল ছক্কা। পা-টা সীমানা-দড়ি স্পর্শ করায় নিজেই দুই হাত তুলে ছক্কার সংকেত দিয়েছিলেন ফরহাদ। আর ওই সততার কারণেই আইসিসির ‘গুডবুকে’ ঢুকে গেছেন বাংলাদেশের এই অলরাউন্ডার। ক্রিকেট অস্কারের ‘স্পিরিট অব ক্রিকেট অ্যাওয়ার্ডে’র জন্য শ্রীলঙ্কার মাহেলা জয়াবর্ধনের সঙ্গে মনোনীত হয়েছেন তিনিও।
চট্টগ্রামে করপোরেট টি-টোয়েন্টি ক্রিকেট খেলতে যাওয়া ফরহাদ কাল টেলিফোনে প্রচুর অভিনন্দন পেলেন এ জন্য। সুখবরটা শুনে প্রথমেই সেটা ভাগাভাগি করেছেন মাহমুদউল্লাহর সঙ্গে, ‘রিয়াদকেই (মাহমুদউল্লাহ) প্রথম বললাম খবরটা। সেদিন পাকিস্তানের বিপক্ষে জেতাই লক্ষ্য ছিল আমাদের। সে জন্য ওদের উত্ত্যক্তও করেছিলাম অনেক, যেন মেরে খেলে। জামশেদের ক্যাচ তোলাটা হয়তো সেটারই ফল ছিল। কিন্তু ক্যাচটা নেওয়ার পর দেখি আমার পেছনের পা-টা রশিতে।’
শেষ পর্যন্ত জয়াবর্ধনেকে টপকে পুরস্কারটা পান বা না পান, মনোনীতদের তালিকায় থাকার মূল্যটাও কম নয় ফরহাদের কাছে, ‘এ ধরনের ঘটনায় একজন ক্রিকেটারের সততার প্রমাণ পাওয়া যায়। আমার ভালো লাগছে যে, আমিও সেটা দিতে পেরেছি।’