গিনেস বুক ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখানো বাংলাদেশের টেবিল টেনিসের রানি সাইক্লিংয়েও জাতীয় চ্যাম্পিয়ন ছিলেন তিনবার। গত দক্ষিণ এশীয় (এসএ) গেমসে বাংলাদেশ সাইক্লিং দলের ম্যানেজার ছিলেন। দুর্ভাগ্যবশত দেশকে একটা কলঙ্ক উপহার দিল সাইক্লিং। ম্যানেজার ছিলেন বলে তাঁর নামটা আসে প্রসঙ্গক্রমে। কিন্তু ‘অনৈতিক’ কাজের বিন্দুমাত্র দায়ও তাঁর নেই বলে জোবেরা রহমান (লিনু) দাবি করেছেন প্রথম আলোর কাছে। যে চিংবাই মারমাকে পেছন থেকে ঠেলে দেওয়া নিয়ে কলঙ্কিত হলো দেশের সাইক্লিং, এমনকি গোটা আয়োজন, সেই চিংবাই বলেছেন, আপনি ঘটনার দিন এবং পরের দিনও তাঁকে টিম হোটেল থেকে বেরোতে না দিয়ে সংবাদমাধ্যমে কথা বলতে দেননি। জোবেরা রহমান লিনু: দলের ম্যানেজার বলে খেলোয়াড়দের নিরাপত্তার ব্যাপারটি দেখা আমার দায়িত্ব ছিল। আমি সেটাই পালন করেছি। চিংবাইয়ের সোনা জয়ের সংবাদ শুনে খুলনার বিশাল জনতা উল্লসিত ছিল। পরে তাঁরা জানতে পারলেন, চিংবাই তার ইভেন্টে প্রথম হলেও অনৈতিক সুবিধা নেওয়ার দায়ে অযোগ্য ঘোষিত হয়েছে। এতে দর্শকেরা হতাশ ও ক্ষুব্ধ হয়ে পড়েন। যদি ক্ষোভ থেকে কিছু একটা ঘটিয়ে ফেলেন তাঁরা, এই ছিল আমার ভয়। কিন্তু অনৈতিক কাজ করেছে অন্যরা, তাঁকে পেছন থেকে ঠেলে প্রথম বানিয়ে দেওয়া হয়েছে। তাঁকে মিডিয়ার সঙ্গে কথা বলতে দিলেই ভালো হতো না কি?জোবেরা: মিডিয়ার কাছে তো আগের দিন যা বলার আমি বলে দিয়েছি। তা ছাড়া ভিডিও ফুটেজে প্রমাণ হয়ে গেছে চিংবাই দোষী নয়। তার তো নতুন করে বলার কিছু ছিল না। বরং নিজের নিরাপত্তার কথা ভেবে সেও তো ওটা মেনে নিয়েছিল। তাহলে এত দিন পর কেন সে এটি বলছে?জোবেরা: সেটাই তো বুঝতে পারছি না। আমার ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য তাকে দিয়ে কেউ এটি করাচ্ছে কি না আমার জানা নেই। পেছন থেকে সাইকেল ঠেলে দিয়ে পদক জেতানোর চেষ্টা, এই প্রতারণা ধরা পড়ে যাওয়ায় বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে, এটা তো মানেন?জোবেরা: অবশ্যই দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে, জাতিকে একটা কলঙ্ক গায়ে মাখতে হয়েছে। আমি চাই ক্রীড়াঙ্গনকে ভবিষ্যতে কলুষমুক্ত রাখতে প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক বিচার হোক, বিচার হোক তাঁদেরও যাঁরা নির্দোষদেরও জড়াতে চাইছেন। দোষ আসলে কার?জোবেরা: দোষটা দৃশ্যত ওয়ালিদ হোসেনের (সাইক্লিংয়ের সাবেক সাধারণ সম্পাদক)। তিনি ছিলেন মোটর কমিশিয়ার এবং একজনকে পেছনে বসিয়ে তাঁকে দিয়ে চিংবাইকে ঠেলে দিয়েছেন। এটা চিংবাইও তো বলেছে। ওয়ালিদ হোসেন কি অন্তর্ঘাতমূলক কাজ করেছেন?জোবেরা: সেটা কী করে বলব? তবে ওই ঘটনার পর তিনি আমার কাছে ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন। গেমস চলাকালীনই গঠিত তদন্ত কমিটির প্রধান ছিলেন বাংলাদেশের শেফ ডি মিশন মিজানুর রহমান মানু, বর্তমানে যিনি সাইক্লিং ফেডারেশনের সরকার মনোনীত সভাপতি। ওই কমিটি বলতে গেলে সাইক্লিংয়ের সবার ঘাড়েই দায় চাপিয়েছে বলে জানা যায়। আপনি কী বলবেন?জোবেরা: তদন্ত রিপোর্ট নিয়ে আমি কোনো মন্তব্য করব না। তবে আমি নিজেকে সম্পূর্ণ দায়মুক্ত বলে দাবি করছি। আমি টেকনিক্যাল বিষয়ের সঙ্গে জড়িত ছিলাম না। আমার কাজ ছিল দলের দেখভাল, নিরাপত্তা এসব দেখা। সে দায়িত্ব আমি শতভাগ সততার সঙ্গে পালন করেছি। চিংবাইকে কেন দায় নিতে হবে? শোনা যাচ্ছে, তাঁকে তিন বছরের জন্য বহিষ্কার করা হতে পারে। জোবেরা: চিংবাইয়ের কোনো দোষ আমি দেখি না। আমার চোখে তার সততাই যা একটু প্রশ্নবিদ্ধ এ কারণে যে সে ফিনিশ লাইন ছুঁয়েই বলতে পারত, আমাকে পেছন থেকে ঠেলে দেওয়া হয়েছে। তাহলে হয়তো কমিশিয়ারদের কাছে তাঁর সততা প্রশংসিত হতো। সে সেটি করেনি। যাই হোক বিষয়টি জানত না বলেই সে নির্দোষ। আন্তর্জাতিক সাইক্লিংয়ে আমাদের দেশের সবচেয়ে সম্ভাবনাময়ী খেলোয়াড় সে। তিন বছরের নিষেধাজ্ঞা তার ক্যারিয়ারকে শেষ করে দেবে। দেশের রুগ্ণ মহিলা ক্রীড়াঙ্গনের সামনেও এটি ভালো দৃষ্টান্ত হবে না।