‘সতীর্থরা’ এবার প্রতিপক্ষ
মাস দেড়েক আগেও তাঁরা ছিলেন সতীর্থ। বন্ধু। কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছেন। কিন্তু আগামী পরশু ছবিটা হবে একেবারেই অন্য রকম। ক্রিস্টিয়ানো রোনালদো, পেপে, ফ্যাবিও কোয়েন্ত্রাওদের মুখোমুখি হবেন ইকার ক্যাসিয়াস, জাবি আলোনসো, সার্জিও রামোস, রাউল আলবিওল আর আলভারো আরবেলোয়া। রিয়াল মাদ্রিদের আট খেলোয়াড় এদিন ভুলে যাবেন পুরোনো দোস্তির কথা। রোনালদো, এই একটা নামই এই কদিন বারবার উচ্চারিত হবে স্প্যানিশ শিবিরে। ক্লাবের হয়ে অবিশ্বাস্য ফর্মে ছিলেন। এই মৌসুমে করেছেন ৬০ গোল। দেরিতে হলেও জাতীয় দলের হয়েও সেই জাদু দেখাতে শুরু করেছেন। রোনালদোই পর্তুগালকে তুলে এনেছেন শেষ আটে। রোনালদোর জাদুতে গত দুই ম্যাচে পর্তুগাল যেভাবে খেলেছে, আর আক্রমণভাগে যেমন ধারহীন দেখাচ্ছে স্পেনকে; বুধবারের ম্যাচে বর্তমান চ্যাম্পিয়নদের বিদায় করে দিতেই পারে ২০০৪-এর ফাইনালিস্টরা। পরশু জোড়া গোল করা আলোনসোও মানছেন, রোনালদোই তাদের মূল হুমকি। অবশ্য আরেক উইঙ্গার নানির কথাও সতীর্থদের মাথায় রাখার পরামর্শ তাঁর, ‘আক্রমণভাগে পর্তুগালের এমন সব খেলোয়াড় আছে, যারা আমাদের জন্য সমস্যা তৈরি করতে পারে। বিশেষ করে দুই উইঙ্গার ক্রিস্টিয়ানো আর নানি তো দুর্দান্ত খেলোয়াড়। আমরা ক্রিস্টিয়ানোকে ভালো করেই জানি। রিয়াল মাদ্রিদের হয়ে এই মৌসুমের পুরোটাই সে ছিল অবিশ্বাস্য। তবে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো নিজেদের খেলায় মনোযোগ দেওয়া, নিশ্চিত করা, আমরা আমাদের প্রার্থিত খেলাটি খেলছি।’রোনালদোকে আটকানোর দায়িত্ব থাকবে তাঁরই রিয়াল সতীর্থ আরবেলোয়ার ওপর। রোনালদো বাঁ উইং দিয়ে আক্রমণ শাণাবেন। রাইটব্যাক আরবেলোয়ার কাজ হবে রোনালদো নামের মিসাইলকে আটকে দেওয়ার। অবশ্য আলোনসো মনে করেন, শুধু আক্রমণ নয়, পর্তুগালের রক্ষণও অনেক ভালো। রিয়ালের দুই ডিফেন্ডার যে আছে সেখানে। সেন্টারব্যাক পেপে আর লেফটব্যাক কোয়েন্ত্রাও। ‘রক্ষণে কীভাবে বাধার দেয়াল তুলে দাঁড়াতে হয়, সেটা তারা ভালো করেই জানে। তাদের রক্ষণ খুবই অটুট’—বলেছেন আলোনসো। পরশুর সেমিফাইনালে রিয়ালের আট খেলোয়াড়ই থাকতে পারেন মাঠে। ম্যাচটা তাই একটু অন্য রকম অনুভূতিই বয়ে আনবে আলোনসোর জন্য, ‘সম্ভবত ম্যাচের আগে সাধারণের চেয়ে একটু বেশিই উষ্ণ অভিবাদন হবে। কারণ আমরা তো ক্লাব-সতীর্থ। কিন্তু শেষ পর্যন্ত আমরা নিজেদের প্রান্ত থেকেই লড়াই করব। এখানে তো সবাই নিজের লক্ষ্য পূরণের জন্যই লড়াই করছে।’ রয়টার্স।