
এর আগেই ক্লাবটির তাঁবুতে এসে গেছেন চার দেশের পাঁচজন বিদেশি খেলোয়াড়। বাংলাদেশ প্রিমিয়ার লিগের জন্য শেখ রাসেল কাল আনল হাইতির মিডফিল্ডার মিলিয়েন প্যাসকালকে। শেখ রাসেলকে লিগ জেতানোর স্বপ্ন দেখাচ্ছেন সনি নর্দের দেশের ফুটবলার
লিগে তো কয়েকটা ম্যাচ হয়ে গেছে? আপনার কি একটু দেরি হয়ে গেল আসতে?
মিলিয়েন প্যাসকাল: আমি আয়ারল্যান্ডে লিগে খেলি। আয়ারল্যান্ড থেকে গিয়েছিলাম হাইতি। এ জন্য ঢাকায় আসতে একটু দেরি হলো।
বাড়ি গিয়েছিলেন কেন?
প্যাসকাল: আমার বাবা অসুস্থ। আমাকেই আমার পরিবারের দেখাশোনা করতে হয়। তা ছাড়া আমার একটি ফুটবল একাডেমি আছে। সেখানে খুদে ফুটবলারদেরও কিছুটা সময় দিতে হয়।
আয়ারল্যান্ডের কোন ক্লাবে খেলেন?
প্যাসকাল: সর্বশেষ মৌসুমে খেলেছি আইরিশ প্রথম বিভাগের দল স্লিগো রোভার্সে। লিগে রোভার্স তৃতীয় হয়েছিল এবং এফএআই চ্যালেঞ্জ কাপেও খেলেছি। আমার দল চ্যাম্পিয়ন হয় ওই টুর্নামেন্টে।
আপনি তো হাইতির জাতীয় দলেও খেলেছেন?
প্যাসকাল: হ্যাঁ, জাতীয় দলে আমার অভিষেক হয় ২০০৬ সালে। আমি এ পর্যন্ত ১৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছি হাইতির হয়ে, গোল করেছি ৪টি। সর্বশেষ খেলেছি এল সালভাদরের বিপক্ষে গত কনকাকাফে।
সনি নর্দেও তো হাইতির জাতীয় দলে খেলেন?
প্যাসকাল: সনি নর্দের সঙ্গে বেশ কয়েকটি ম্যাচ খেলেছি। সনি আমার খুব ভালো বন্ধু।
নর্দের কারণেই কি বাংলাদেশে আসতে আগ্রহী হলেন?
প্যাসকাল: আগেই আমার এজেন্ট এখানে আসার ব্যাপারে বলেছিল। এরপর সনিও আমাকে বাংলাদেশ সম্পর্কে অনেক কিছু বলেছে। ভাবলাম মন্দ কী, খেলে আসি ঢাকায়।
জানেন তো শেখ রাসেল গতবার ট্রেবল জিতেছিল? নর্দের তাতে বড় ভূমিকা ছিল।
প্যাসকাল: জানি। আমিও এখানে আমার সেরাটাই দেওয়ার চেষ্টা করব।
আপনার সঙ্গে কত দিনের চুক্তি হয়েছে?
প্যাসকাল: আমার সঙ্গে ক্লাবের চুক্তিটা চার মাসের। সত্যি বলতে খেলার জন্য তর সইছে না আমার। আমার ব্যক্তিগত ট্রেনারের পরামর্শমতো নিয়মিত রানিং ও লিফটিং করছি। এই মুহূর্তে কোনো চোট নেই আমার। আমি আসলে মাঠে নামার জন্য উন্মুখ।
শেখ রাসেল-ফেনী সকার ম্যাচটি কেমন দেখলেন?
প্যাসকাল: আমি প্রথমার্ধের খেলা দেখেছি। আমার মনে হয়েছে, এখানে খেলায় গতি একটু কম।
নর্দের সঙ্গে যদি আপনার নিজেকে তুলনা করতে বলা হয়!
প্যাসকাল: সনি তো সনিই। ওর প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা আছে। কিন্তু আমি প্যাসকাল, সনি নই। আমি এখানে এসেছি আমার দলকে সেরা খেলাটা উপহার দিতে, লিগ জেতাতে। আমি কারোর সঙ্গে কারোর তুলনা পছন্দ করি না। আমি এখানে ফুটবল খেলতে এসেছি। যেমনভাবে আমি যুক্তরাষ্ট্র, ইউরোপে খেলেছি। শুধু তা-ই নয়, বলতে পারেন আমি এখানে অভিজ্ঞতা সঞ্চয় করতে এসেছি এবং নিজেকে প্রমাণ করব।
চার বছর আগে এই জানুয়ারি মাসেই হাইতিতে ভয়াবহ ভূমিকম্প হয়েছিল। মনে পড়ে সেটা?
প্যাসকাল: সেদিনের কথা মনে পড়লে এখনো গা শিউরে ওঠে। ওই ভূমিকম্পে আমাদের বাড়িঘর ভেঙেচুরে গিয়েছিল। আমার এক কাজিন মারা যায় ওই দুর্ঘটনায়। আমার জন্য সেটা ছিল সবচেয়ে দুঃখের দিন।
আপনার চুল তো অনেকটা বব মার্লের মতো...
প্যাসকাল: মার্লে আমার প্রিয় গায়ক। তাই ওর মতো চুল রাখার চেষ্টা করি।
আপনার কানের দুলে ‘এম’ অক্ষর লেখা?
প্যাসকাল: আমার নামের আদ্যক্ষর মিলিয়েন। এ জন্য ‘এম’ নামের এই দুলজোড়া পরেছি।