‘সন্ন্যাসী’ উত্তর কোরিয়া
দক্ষিণ আফ্রিকায় এখন ‘হট ফেবারিট’, ‘ফেবারিট’, ‘আন্ডারডগ’ কিংবা ‘মোটামুটি চলে’—এমন অনেক বিশেষণে বিশেষায়িত দলের বিশাল সমারোহ। ক্ষমতার মাপে উত্তর কোরিয়াকেও হয়তো কোনো একটা পাল্লায় ফেলে মেপে ফেলা যায়। কিন্তু সাংবাদিকেরা যেন বুঝে উঠতে পারছেন না, কী বিশেষণ দেবেন দলটাকে! উত্তর কোরিয়া দল যে সাংবাদিকদের এড়িয়ে চলছে। দক্ষিণ আফ্রিকায় পা দিয়ে অনেক লুকোছাপার পর খোদ আর্জেন্টিনাও পর্যন্ত একটা আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে ফেলেছে। কিন্তু উত্তর কোরিয়া দেখা যাচ্ছে এই ব্যাপারে পুরোপুরি উদাসীন। যেন সন্ন্যাসব্রত নিয়েছে দলটি! ‘সন্ন্যাস দল’ বললে সবাই এখন ১৯৬৬ বিশ্বকাপের চমক উত্তর কোরিয়াকেই বুঝে নিচ্ছে!দক্ষিণ আফ্রিকায় পা রাখার পর থেকেই তাদের সন্ন্যাসভাবের উদয়। একদম ‘স্পিকটি নট’! প্রতি মুহূর্তে নিজেদের গুটিয়ে রাখছে লোকচক্ষুর আড়ালে। কী করছে, কী ভাবছে—কেউ কিছু জানছে না! এমনকি গত রোববারের প্রীতি ম্যাচটির পরে ছাড়া ছাড়া তথ্যেই সন্তুষ্ট হতে হয়েছে সাংবাদিকদের। শেষ পর্যন্ত ফিফার এক কর্মকর্তার কাছে ধরনা দিয়েছিলেন সাংবাদিকেরা। তিনি যদি কিছু কথা বের করে এনে দিতে পারেন। তাতেও লাভ হয়নি কিছু।সমাজতান্ত্রিক উত্তর কোরিয়ায় সাংবাদিকদের প্রবেশাধিকার নেই। ফলে দেশটি নিয়ে ধোঁয়াশামাখা একটা ধারণা বহির্বিশ্বের কাছে। ফুটবল দলের ব্যাপারেও একই কথা। সেই ১৯৬৬-এর বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে উঠে যাওয়া, এরপর এটি তাদের দ্বিতীয় বিশ্বকাপ। ফলে তাদের নিয়ে কৌতূহল তো থাকবেই। কিন্তু সেই কৌতূহল মেটাতে যেন বয়েই গেছে তাদের। এবার বিশ্বকাপে আবার দুই কোরিয়াই খেলছে। বৈরী এই দুই দেশ মুখোমুখি হলে না জানি কী একটা প্রলয়ই ঘটে যায়! না, রাজনৈতিক উত্তাপ নাকি মাঠে সংক্রমিত হচ্ছে না। দক্ষিণ কোরিয়ার এক সাংবাদিক জানিয়েছেন, ‘কোরিয়ার জনগণ, বিশেষ করে খেলাপাগল মানুষ কখনোই রাজনীতির ধার ধারে না। খেলার মাঠে তারা সবাইকেই একটা কোরিয়ারই ভাবে।’ তবে পরশু উত্তর কোরিয়া-নাইজেরিয়া প্রীতি ম্যাচে শুধু একজনকে দেখা গিয়েছিল কোরিয়ার পতাকা হাতে। পতাকাটির রং ছিল লাল, সাদা এবং নীল। হ্যাঁ, দক্ষিণ কোরিয়ার পতাকাই ছিল সেটা! এএফপি।