‘সপ্তস্বর্গে’ মেইঞ্জ
হাতছানি দিচ্ছিল ইতিহাস। সেই হাতছানিকে দুই হাত বাড়িয়ে আলিঙ্গন করল মেইঞ্জ। হফেনহেইমকে ৪-২ গোলে হারিয়ে ছুঁয়ে ফেলল বুন্দেসলিগার শুরুর সাত ম্যাচ জয়ের অনন্য কীর্তি। এর আগে এই কীর্তি ছিল আর দুটি ক্লাবেরই। ১৯৯৫-৯৬ মৌসুমে বায়ার্ন মিউনিখ টানা জিতেছিল বুন্দেসলিগার প্রথম সাত ম্যাচ। এরপর ২০০১-০২ মৌসুমে জিতেছিল কাইজারস্লটার্ন।মেইঞ্জের ইতিহাসছোঁয়া এই জয়টি এল নাটকীয়ভাবে। নিজেদের মাঠে ম্যাচের দুই মিনিটেই আল্লাগুইয়ের গোলে এগিয়ে গিয়েছিল মেইঞ্জ। ৪১ মিনিটে সমতা ফেরায় হফেনহেইম। দ্বিতীয়ার্ধের দুই মিনিটে আবার মেইঞ্জকে এগিয়ে দেন সালাই। হল্টবি ব্যবধানটা ৩-১ করেন। ৬৪ মিনিটে সিগার্ডসন হফেনহেইমের পক্ষে ব্যবধান কমিয়ে করেন ৩-২। ৭৩ মিনিটে শুয়েরলের গোলে শেষ পর্যন্ত ৪-২ ব্যবধানে জেতে জার্মানির লিগে চমক দেখানো দলটি।১৬ অক্টোবর হামবুর্গের বিপক্ষে জিতলে লিগের প্রথম আটটি ম্যাচ জেতার নতুন রেকর্ড গড়বে মেইঞ্জ। এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে আবারও ধাক্কা খেল ম্যানচেস্টার ইউনাইটেড। সুযোগ ছিল পয়েন্ট তালিকায় চেলসিকে ধরে ফেলার, কিন্তু ফার্গুসনের দলের সেই স্বপ্ন গুঁড়িয়ে দিল সান্ডারল্যান্ড। গোলশূন্য ড্র করে এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হলো ম্যানইউকে। সাত ম্যাচে ১৩ পয়েন্ট তাদের, ছয় ম্যাচে চেলসির ১৫।ম্যানইউ ড্র করলেও জিতেছে এভারটন, টটেনহাম, উইগান ও স্টক সিটি। এভারটন ২-০ গোলে বার্মিংহামকে, উইগান একই ব্যবধানে ওলভারহাম্পটনকে, টটেনহাম ২-১ গোলে অ্যাস্টন ভিলাকে এবং স্টক সিটি ব্লাকবার্নকে হারিয়েছে ১-০ গোলে। ওয়েস্ট ব্রুম-বোল্টন, ওয়েস্ট হাম-ফুলহাম দুটো ম্যাচই ড্র হয়েছে ১-১ গোলে। এএফপি।