‘সফল হতেই চেলসিতে এসেছি’
পোর্তোর দায়িত্ব নিয়েই ট্রেবল জিতিয়েছেন। এখন তিনি চেলসির কোচ। চেলসির ওয়েবসাইটকে দেওয়া ইউরোপীয় পেশাদার ফুটবলে এই সময়ের সবচেয়ে কমবয়সী কোচ আন্দ্রে ভিলাস-বোয়াসের সাক্ষাৎকার চেলসিতে যখন প্রথম এসেছিলেন, তখনই কি প্রধান কোচ হিসেবে এখানে ফেরার লক্ষ্য ছিল আপনার?ভিলাস-বোয়াস: আমি খুবই সফল একটা কোচিং টিমের অংশ ছিলাম, সেখানে পেশাদারি মনোভাব নিয়েই কাজ করতাম। নিজের কাজটাই করতাম, ব্যক্তিগত ক্যারিয়ার বা লক্ষ্য নিয়ে খুব একটা ভাবতাম না। কিন্তু ইন্টার মিলানে থাকার সময় যখন কোচ হওয়ার প্রস্তাবটি এল (পোর্তোর কাছ থেকে), ভেতর থেকেই এই দায়িত্ব নেওয়ার তাগিদ পেলাম। এমন নয় আমি হোসেকে (মরিনহো) আমার লক্ষ্য পূরণের সিঁড়ি হিসেবে ব্যবহার করেছি। আমি কোচ হয়েছি ঘটনাক্রমে। এখন সাফল্য পাচ্ছি। কিন্তু এটা এমন একটা দায়িত্ব, আপনাকে সব সময়ই সাফল্য পেতে হবে। ক্যারিয়ার এত দ্রুত মোড় পরিবর্তন করেছে—এতে আপনি কি বিস্মিত?ভিলাস-বোয়াস: আমি আসলে এভাবে ভাবতে চাই না। হ্যাঁ, সবকিছু অদ্ভুতভাবে ঘটে গেছে। এতে কোনো সন্দেহ নেই। গত দুই বছরে আমরা এত কিছু অর্জন করেছি, এটা ছিল খুবই সুখের দুটি বছর। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমার এই ধারণার প্রতিফলন হওয়া—ফুটবল ওয়ানম্যান শো নয়। এখানে সবার আইডিয়া এক করে, ভালো খেলোয়াড়দের একসঙ্গে নিয়ে এগোতে হয়। আমি খুবই সৌভাগ্যবান ছিলাম ওই দুই বছরে সেই ধরনের খেলোয়াড়দের পাওয়ায়। পোর্তোতে সবকিছু ভালোমতো হচ্ছিল বলেই কি ভেবেছেন, চেলসির দায়িত্ব নেওয়ার এটাই সঠিক সময়?ভিলাস-বোয়াস: এটাকে আমার জন্য বিরাট এক চ্যালেঞ্জ মনে হয়েছে, যে চ্যালেঞ্জটা আমার নেওয়া উচিত। পোর্তোতে খুবই অসাধারণ একটা বছর কেটেছে। ওদের ছেড়ে যাওয়া আমার জন্য মোটেও সহজ ছিল না। কারণ এটা আমারই ক্লাব, এই ক্লাবের জন্য আমি কত লড়াই-ই না করেছি। পোর্তো আমার নিজের শহরও। তবে চেলসির মতো একটা ক্লাব, ইংলিশ প্রিমিয়ার লিগের মতো একটা লিগ আমার কাছে বড় চ্যালেঞ্জ মনে হয়েছে। ভালো সাফল্য নিয়ে আমি পোর্তো ছাড়তে পেরেছি। এখন আমি নতুন চ্যালেঞ্জের জন্য তৈরি হচ্ছি, তৈরি হচ্ছি চেলসিতেও সফল হওয়ার জন্য। ববি রবসন আজ বেঁচে থাকলে আপনার চেলসির কোচ হওয়ার খবরে তাঁর প্রতিক্রিয়া কী হতো?ভিলাস-বোয়াস: আমার ক্যারিয়ারে ববি খুবই গুরুত্বপূর্ণ এক চরিত্র। তিনিই আমাকে খুবই অল্প বয়সে কোচিং কোর্সগুলো করার পরামর্শ দিয়েছিলেন। পোর্তোর কোচ থাকার সময় তাঁর ট্রেনিং সেশনগুলো আমার জন্য উন্মুক্ত করে দিয়েছিলেন। আমাদের সম্পর্ক খুবই ভালো ছিল। আমি তাঁকে খুবই সম্মান করতাম, পুরো ফুটবল-বিশ্বেই তিনি সম্মানিত ছিলেন। আমার চেলসির কোচ হওয়ার খবরে নিশ্চয়ই খুব খুশি হতেন। শেষবার আপনাকে এখানে আন্দ্রে ভিলাস নামে ডাকা হতো। এখন তো দেখা যাচ্ছে নাম হয়ে গেছে আন্দ্রে ভিলাস-বোয়াস।ভিলাস-বোয়াস: এমনটা পর্তুগালে হয়েই থাকে। আমাদের নামগুলো আসলে অনেক বড় হয়। আমার নাম যেমন শুধু আন্দ্রে ভিলাস-বোয়াস নয়, এর মাঝখানে আরও কয়েকটা নাম আছে। তবে ইংল্যান্ডে সবকিছু সহজ করার চল আছে বলে শুধু নামের প্রথম আর শেষটা ব্যবহার করা হয়। আপনি যা-ই করুন, মরিনহোর সঙ্গে তুলনা হবেই। এটা এড়ানো অসম্ভব। তবে পোর্তোতেও যেহেতু হয়েছে, আপনার জন্য নিশ্চয়ই মানিয়ে নিতে সমস্যা হবে না।ভিলাস-বোয়াস: তুলনা এড়ানো সম্ভব নয়। কারণ সংবাদমাধ্যম এটা খুবই পছন্দ করে। তবে এমন নয় হোসে করেছিলেন বলেই আমি প্রথমে পোর্তোর দায়িত্ব নিলাম, এর পর চেলসির। দুটো ক্লাবই বিশ্বের অন্যতম সেরা। আমি সৌভাগ্যবান, এরা আমার মধ্যে এমন কিছু খুঁজে পেয়েছে, যাতে মনে করেছে, আমি তাদের সাফল্য এনে দিতে পারব। চেলসি আমাকে এনেছে মূলত মানবিক গুণগুলোর জন্য। আমি চেষ্টা করব, ক্লাবে সেই মানবিক গুণগুলো ফিরিয়ে আনতে। যে খেলোয়াড়দের সঙ্গে আপনার আগে থেকে পরিচয় ছিল, তাঁদের সঙ্গে কথা হয়েছে?ভিলাস-বোয়াস: হ্যাঁ, কয়েকজনের সঙ্গে কথা হয়েছে। ওরা পাশে থাকছে এটা একটা স্বস্তিদায়ক অনুভূতি। সবাই দারুণ রোমাঞ্চিত, সামনে এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত। এটা খুবই ইতিবাচক।