‘সব দায় আমার’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগের দিনই নিজেকে খুব কঠিন মানসিকতার মানুষ বলে দাবি করেছিলেন রবার্ট গ্রিন। খেলার বিরতিতেই সতীর্থদের কাছে ক্ষমা চেয়েছিলেন। কিন্তু সেই ‘শক্ত মানুষ’ রবার্ট গ্রিনও কি একটু নুয়ে পড়লেন? এএফপি, ওয়েবসাইট।এবার জাতির উদ্দেশে ক্ষমা চাইলেন যুক্তরাষ্ট্রের বিপক্ষে হাত ফসকে বল বেরিয়ে যাওয়ায় গোল হজম করা গ্রিন, ‘আমি খেলার বিরতিতেই দলের সবাইকে গিয়ে “দুঃখিত” বলেছি। এবার আমি দেশের লাখ লাখ মানুষের কাছে ক্ষমা চাচ্ছি।’স্টিভেন জেরার্ডের গোলে ইংল্যান্ড এগিয়ে যাওয়ার পর গ্রিনের কেলেংকারিতেই ম্যাচ ড্র করতে পেরেছিল যুক্তরাষ্ট্র। গ্রিনের পাশে এসে দাঁড়াতে গিয়ে স্টিভেন জেরার্ড দায় দিয়েছিলেন অ্যাডিডাসের নতুন বল ‘জাবুলানি’কে। কিন্তু খোদ গ্রিন বলছেন দায় তাঁরই, ‘আমি বলকে দোষ দিচ্ছি না। আমার অবশ্যই বলটা থামানো উচিত ছিল। অনেক দূর থেকে শট এসেছিল। আমি এখনো জানি না যে কীভাবে আমি বলটা ছেড়ে দিলাম। এটা অবশ্যই একটা মারাত্মক, ভয়াবহ ভুল। এখন আমাকেই এর প্রতিক্রিয়া সামলাতে হবে।’কিন্তু ক্ষমা চাওয়াতেই ইংলিশ সংবাদমাধ্যম বা সে দেশের সাবেকদের মন ভিজছে না। সাবেক ইংলিশ স্ট্রাইকার অ্যালান শিয়ারার বলছেন, ‘গ্রিনের মতো অনভিজ্ঞ যে কারও জন্য প্রথম বিশ্বকাপটা খুব কঠিন হওয়ার কথা। ও যে খেলবে, সেটা খেলা শুরু হওয়ার ঘণ্টা দুয়েক আগেই মাত্র জানতে পেরেছে। এতেও তো ওর একটু থতমত খেয়ে যাওয়ার কথা। কিন্তু এই ধরনের ভুলের জন্য কোনো যুক্তিই দেওয়া চলে না। এটা ওকে সারা জীবন তাড়িয়ে বেড়াবে। আমি মনে করি, ক্যাপেলোর ওকে পরের ম্যাচে অবশ্যই বাদ দিয়ে দেওয়া উচিত।’গ্রিন অবশ্য পাশে পাচ্ছেন সতীর্থদের। জেরার্ড, জেমসের পর ফ্রাঙ্ক ল্যাম্পার্ডও গ্রিনকে সমর্থন দিয়েছেন। গ্রিনের পাশে দাঁড়িয়েছেন মার্কিন তারকা ল্যান্ডন ডনোভান, এমনকি প্রতিপক্ষ গোলরক্ষক টিম হাওয়ার্ড পর্যন্ত। হাওয়ার্ড বলছেন, ‘রবের (গ্রিনের) যে দুর্ঘটনা ঘটল, তাতে ম্যাচের ফল নিয়ে আমার একটা ভালো-মন্দ মেশানো প্রতিক্রিয়া হচ্ছে। ও একটু সান্ত্বনা পায় এমন কিছু করার বা বলার সুযোগ তো আমার নেই। কিন্তু এই ধরনের ঘটনার পর কাঁধটা আরও চওড়া করতে হয় এবং আমি আশা করি ও খুব দ্রুত ফিরে আসবে।’ গ্রিনকে সহানুভূতি জানিয়েছেন ইতালিয়ান গোলরক্ষক জিয়ানলুইজি বুফনও, ‘আমি গ্রিনের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি। আশা করি, এমন ঘটনা যেন আমার জঘন্যতম দুঃস্বপ্নেও না ঘটে।’সতীর্থ গোলরক্ষক ও সংবাদমাধ্যমের প্রথম পছন্দ ডেভিড জেমস আগেই গ্রিনকে মানসিক সমর্থন দিয়েছেন। কিন্তু একই সঙ্গে ইংল্যান্ডের এই ‘নাম্বার ওয়ান’ বলছেন, তিনি মাঠে নামার জন্য প্রস্তুত আছেন, ‘আমি খেলার জন্য প্রস্তুত, আমি খেলতে চাই। আর আমি বেশ কিছুদিন ধরেই দলে আছি, এটা আমার প্রথম বিশ্বকাপও নয়। আমি জানি, কী আশা করতে হবে। সবকিছুর পরও আমি দলের এক নম্বর। আমি দলে সুযোগ না পেলেও আমি এক নম্বর।’গ্রিনের অবস্থানটা কি তাহলে আরেকটু নড়বড়ে হলো?