‘সব দোষ ব্যাটসম্যানদের’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের সূচনাটা ভালোমতো করতে পারল না ওয়েস্ট ইন্ডিজ। গতকাল পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচটাই তারা হেরে গেছে ৪ উইকেটে। হতাশাজনক এই হারের দায়ভার ব্যাটসম্যানদের ওপরই চাপিয়েছেন উইন্ডিজ অধিনায়ক ড্যারেন স্যামি। শেবাগ, টেন্ডুলকার, ধোনিরা না থাকলেও ২১৪ রান যে ভারতের মতো দলের বিপক্ষে জেতার জন্য যথেষ্ট নয়, সেটাও স্বীকার করে নিয়েছেন উইন্ডিজ অধিনায়ক।গতকাল ম্যাচ শেষে স্যামি সাংবাদিকদের বলেছেন, ‘আমরা ম্যাচ জেতার মতো যথেষ্ট রান সংগ্রহ করতে পারিনি। বল হাতে আমাদের পারফরমেন্স খুব একটা খারাপ ছিল না। কিন্তু ভারতের মতো দলকে চাপের মুখে ফেলে দেওয়ার মতো লড়িয়ে পুঁজি আমাদের ছিল না। আমাদের আরও বেশ কিছু রান স্কোরবোর্ডে যোগ করতে হতো। কিন্তু আমরা সেটা করতে পারিনি।’ কুইন্স পার্ক ওভালে গতকাল টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ড্যারেন স্যামি। কিন্তু তাঁর সেই সিদ্ধান্তের যৌক্তিকতা ভালোমতো প্রমাণ করতে পারেননি উইন্ডিজ ব্যাটসম্যানরা। তবে সিদ্ধান্তটা যথার্থই ছিল মন্তব্য করে স্যামি বলেছেন, ‘গতকাল উইকেটে অনেক টার্ন ছিল। আমরা চেয়েছিলাম প্রথমে ব্যাটিং করে এর সর্বোচ্চ ফায়দা তুলতে। আমাদের ব্যাটিং পরামর্শক ডেসমন্ড হেইন্স অনেক ভালো কাজ করছেন। এখন আমাদের শুধু সেই পরিকল্পনাগুলো সঠিকভাবে বাস্তবায়ন করতে হবে।’ সিরিজের আগামী ম্যাচগুলোয় উইন্ডিজ ব্যাটসম্যানদের ভালো ব্যাটিং করার আহ্বান জানিয়েছেন তিনি। পিটিআই।