‘সব ফাঁস করে দেব’
গত পরশু ব্লুমফন্টেইনে শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে শেষ হয়ে গেছে তাদের এবারের বিশ্বকাপ। কিন্তু ফ্রান্সের ফুটবল-দুর্যোগ এত সহজে শেষ হচ্ছে না। অন্তত তেমন ঘোষণাই দিয়েছেন বিদ্রোহে নেতৃত্ব দিয়ে অধিনায়কত্ব ও দলে জায়গা হারানো প্যাট্রিস এভরা। কোচকে অশ্লীল গালিগালাজ করে দল থেকে বহিষ্কৃত হয়েছিলেন নিকোলাস আনেলকা। আর আনেলকার বহিষ্কারের প্রতিবাদে ধর্মঘট করে মাঠের বাইরে চলে যেতে হয়েছিল এভরাকে। ধর্মঘট অবশ্য এভরা একা করেননি, দলের সবাই মিলেই ধর্মঘটে গিয়েছিলেন। কিন্তু সাজা পেতে হয়েছে এভরাকে।সব মিলিয়ে সপ্তাহখানেক ধরে ফ্রান্স মাঠে ও মাঠের বাইরে যে ন্যক্কারজনক কাজকর্ম করেছে, তার জন্য জাতির কাছে ক্ষমা চেয়েছেন এভরা। মঙ্গলবার দলের শেষ ম্যাচের রাতেই সাংবাদিকদের বলেছেন, ‘আজ রাত, ক্ষমা চাওয়ার রাত। এখন সময়, ফ্রান্সের কোটি কোটি লোকের কাছে তারা যে কষ্ট পেয়েছেন, সে জন্য ক্ষমা চাওয়ার সময়। এই ক্ষমাটা আমি আগের দিনই চাইতাম। কিন্তু কোচ আমাকে বাধা দিয়েছিলেন।’কোচের বিরুদ্ধে, ফেডারেশনের বিরুদ্ধে এভরা-আনেলকাদের এই অবস্থান লোকজনের কাছে তাঁদের ‘খলনায়কে’ পরিণত করেছে। কিন্তু এভরা দাবি করছেন, তাঁরা অন্যায় কিছু করেননি। অবশ্য ন্যায়-অন্যায় কোনো কিছুই এখনই খুলে বলছেন না তিনি। শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে বিদায় নেওয়ার পরে সদ্যসাবেক অধিনায়ক বলছেন, এখন এই শোকের মধ্যে ক্ষততে খোঁচা দিতে চান না তিনি। তবে দু-একদিনের মধ্যেই সবকিছু খুলে বলবেন, ‘আজ আমি বিস্তারিত কিছুই বলব না। এই সপ্তাহেই একটা সংবাদ সম্মেলন করে সব খুলে বলব। ফ্রান্সের জনগণ যে কষ্টটা পেয়েছে, তার প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা আছে। তাদের সব সত্যি জানার অধিকার আছে। এই ভয়াবহ বিপর্যয় কীভাবে হলো, এটা তাদের জানা দরকার। লোকেদের জানা দরকার, আমরা কীভাবে এখানে এসে পৌঁছলাম। কিন্তু আজ আমি এসব কথা বলতে আসিনি। আজ স্রেফ ক্ষমা চাইতে এসেছি। আবারও বলছি, আগের দিন আমাকে ক্ষমা চাইতে বাধা দেওয়া হয়েছিল।’‘বলব না, বলব না’ করেও এভরা বললেন, তাঁকে শেষ ম্যাচে মাঠের বাইরে রাখার কোনো যুক্তিই ছিল না, ‘আজ রাতে (পরশু) আমার মাঠের বাইরে থাকার কোনো যুক্তিযুক্ত কারণ ছিল না। আমি মিথ্যেবাদী নই, আমি সত্যি কথাই বলব। লোকেরা এখনো আনেলকা-সংক্রান্ত পুরো গল্পটা জানে না। আমি সব খুলে বলব। এই সময়ে প্রতি মুহূর্তে কী অভিজ্ঞতার ভেতর দিয়ে গেছি, খুলে বলব। বিশ্বাস করুন, আমি কিছুই লুকাব না।’ফ্রান্সের ফুটবল কি গভীর কোনো খাদেই পড়ে যাচ্ছে তাহলে! এএফপি, ওয়েবসাইট।