‘সব ম্যাচ খেলতে পারলে ভালো লাগত’
দীর্ঘ আইপিএল-অভিযান শেষে দেশে ফিরেছেন কালই। দলের শিরোপা জয়ে উচ্ছ্বসিত। নিজের পারফরম্যান্সে মোটামুটি তৃপ্ত, তবে খানিকটা আক্ষেপের কথাও জানালেন সাকিব আল হাসান সব মিলিয়ে যেমন কাটল...সাকিব আল হাসান: ভালোই...ভালোই কেটেছে। চ্যাম্পিয়ন হতে পেরেই সবচেয়ে ভালো লাগছে। এটাই ছিল আমাদের চূড়ান্ত লক্ষ্য। লক্ষ্য অর্জন করতে পেরে ভালো লেগেছে। নিজের পারফরম্যান্স...সাকিব: মোটামুটি। আর হয়তো দু-একটা ম্যাচে রান বেশি রান করার সুযোগ ছিল। এ ছাড়া খুব বেশি ঘাটতি ছিল বলে মনে হয় না। খুব বেশি ম্যাচ খেলতে না পারা...সাকিব: আমার ইচ্ছা ছিল সব ম্যাচ খেলার। সেটা পারিনি, এটা আমার জন্য একটু হতাশার। সব ম্যাচ খেলতে পারলে ভালো লাগত। হিলফেনহসের বলে স্কুপ শটটা...সাকিব: কয়েকটা বল চেষ্টা করলাম, যা করতে চাইছিলাম, লাগছিল না। পরে ভাবলাম লাগছে না যখন, অন্যকিছু চেষ্টা করি। তাই স্কুপ...। চেন্নাই ১৯০ করার পর জয়ের বিশ্বাস ছিল কি না...সাকিব: ড্রেসিংরুমে ঢুকেই কিন্তু আমি বলছি, আমরা অনায়াসে জিতে যাব। আমি আর তিওয়ারি (মনোজ) পাশাপাশি বসে ছিলাম। দলের ৫০-৬০ হয়ে যাওয়ার পরই আমরা বলছিলাম, শেষে ২০-২৫ রান দরকার হবে। আমরা দুজন উইকেটে থাকব, দুজন জিতিয়ে ফিরব। প্রায় সেটাই হয়েছে, ১৫ রান মতো দরকার ছিল। আমরা জিতিয়ে ফিরেছি। এ রকম আমার কিন্তু বেশ কদিন ধরেই হচ্ছে। ভারতের বিপক্ষে (এশিয়া কাপে) বলেছিলাম, রিয়াদ ভাই (মাহমুদউল্লাহ) চার মেরে খেলা শেষ করবে। সেটাই হয়েছে। শিরোপা জয়ের মুহূর্তটা...সাকিব: কেমন লেগেছে...ভালো তো লাগবেই। আসলে এসব মুহূর্ত তো সব সময় আসে না। দেশে তবু ঠিক আছে, কিন্তু বিদেশের মাটিতে অন্য রকম একটা ব্যাপার। চ্যাম্পিয়ন হওয়ার অনুভূতি...সাকিব: পুরো কলকাতার জন্য যেমন গর্বের ব্যাপার, তেমনি আমরা যারা কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছি তাদের জন্যও গর্বের। আইপিএল এখন নিঃসন্দেহে যেকোনো ঘরোয়া প্রতিযোগিতার মধ্যে সবচেয়ে বড় টুর্নামেন্ট। তো এমন একটা টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়া, ওই দলের অংশ হওয়া অবশ্যই দারুণ ব্যাপার। নিয়মিত খেলতে পারলে দলে সম্পৃক্ততা বাড়ে কি না...সাকিব: তা তো বাড়েই। আসলে নিয়মিত খেলতে পারলে দলে অনেক ভূমিকা রাখা যায়। সবাই অনেক কথা বলে। আর না খেললে এমনিতেই ভালো লাগে না, সবার সঙ্গে কথা আর কী বলব। দলের বাইরে থাকলে এক রকম আর ভেতরে আরেক রকম। শাহরুখ খানের সঙ্গে কথাবার্তা...সাকিব: দেখা হয়েছে, কথা তো টুকটাক হবেই। এই তো, এর পরে আর কী খেলা আছে এসব কথা আর কী...। এশিয়া কাপের খেলা দেখেছে। বলল, ‘ভালো লেগেছে তোমার খেলা, কিন্তু ভারতের সঙ্গে রান করলে তো আর আমার ভালো লাগবে না।’ টি-টোয়েন্টি বিশ্বকাপে আইপিএল অভিজ্ঞতা সাহায্য করবে কি না...সাকিব: সাহায্য তো করবেই, ম্যাচ খেলতে পারা, ম্যাচের মধ্যে থাকা সব সময়ই একটা ভালো ব্যাপার। আইপিএলের পর বিশ্রামের পূর্বপরিকল্পনা...সাকিব: কেবলই তো এলাম। কাল (আজ) থেকে প্রিমিয়ার লিগ খেলি, এরপর বোঝা যাবে। পরিকল্পনা তো ক্রমাগত পরিবর্তন হতে থাকে। আমার আসলে মনটা কেমন, নিজেই বুঝি না। সেকেন্ডে সেকেন্ডে পরিকল্পনা পরিবর্তন করি। এই যেমন, রাত একটার সময় টিকিট বাতিল করেছি কাল। আমার আসলে কাল আসার কথা ছিল। কিন্তু সবাই বলল থেকে যাও, থেকে গেলাম। টেস্ট ক্রিকেটে বিরতি...সাকিব: টেস্ট কী সেটা তো ভুলেই গেলাম! আর চিন্তা করেই বা কী হবে, বরং আরও খারাপ লাগে। যা আসছে সামনে, তা-ই খেলতে থাকি!